শিল্পী তো শান্তির কথা বলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অঞ্জন দত্ত। ছবি: জিয়া ইসলাম
অঞ্জন দত্ত। ছবি: জিয়া ইসলাম

ধানমন্ডির একটি অতিথিশালায় যখন আমরা অঞ্জন দত্তের মুখোমুখি, তখন মনবাকসো নামের একটি চলচ্চিত্রের চিত্রনাট্য পড়ছিলেন তিনি...

কত কথাই না রটেছে অঞ্জন দত্তকে নিয়ে! তার একটি—তিনি বিশ্বপ্রেমিক। রূপা গাঙ্গুলি, মুনমুন সেন, চুর্ণি, মমতা শংকর—সবার সঙ্গেই নাকি তাঁর প্রেম! এটা নিছক রটনা নাকি সত্যিই প্রেম তাঁর কাছে ডাল-ভাত—এটাই জানতে চাওয়া হলো প্রথমে।

—এগুলো গুজব! লোকে তো মনে করে ‘বেলা বোস’ বলে আমার প্রেমিকা ছিল, ‘ম্যারি অ্যান’ও আমার প্রেমিকা!—এটুকু বলে হাসলেন অঞ্জন দত্ত।—অভিনয় করতে এসেছি যখন, তখন কিন্তু স্বাভাবিক বন্ধুত্ব হয়েছে। এখনো মুনমুন, রূপা, আমার স্ত্রী—দল বেঁধে মিশে থাকি। আমি আসলে স্কুল থেকেই এত প্রেম করেছি—১৪ বছর বয়সে আমার প্রথম প্রেমে পড়া—প্রেম করতে করতে করতে করতে যখন সিনেমায় এলাম, তখন আমি ক্লান্ত। বিয়ে করে ফেললাম, তারপর সেইভাবে আর কারোর সঙ্গে প্রেমের সম্পর্ক ঘটেনি। অভিনয় করতে গেছি, গুজব ছড়িয়েছে। আমি যদি এখনো রূপাকে বলি, রূপা কষ্টেসৃষ্টে একটা ছবি করছি, পয়সা দিতে পারব না, পার্টটা করে দে, রূপা এককথায় করে দেবে। মুনমুনও এককথায় করে দেবে। এটা বন্ধুত্বের কারণেই সম্ভব।

গত শনিবার বিকেলে যখন ধানমন্ডির একটি অতিথিশালায় অঞ্জন দত্তের মুখোমুখি, তখন মনবাকসো নামের একটি চলচ্চিত্রের চিত্রনাট্য পড়ছিলেন তিনি। বাংলাদেশের এই ছবিটি পরিচালনা করছেন, অভিনয়ও করছেন তাতে।
গান দিয়ে চিনেছি আমরা তাঁকে। কিন্তু চলচ্চিত্রের সঙ্গেই সখ্য অঞ্জন দত্তের। অভিনয়শিল্পী অঞ্জন দত্তকে কি ঠিকভাবে কাজে লাগানো হয়েছে?
‘না। আমাকে ঠিকভাবে এক্সপ্লোর করা হয়নি। যখন শুরু করেছিলাম, মুষ্টিমেয় কজন—মৃণাল সেন, অপর্ণা সেন, বুদ্ধদেব দাশগুপ্ত, নবেন্দু চ্যাটার্জি, গৌতম ঘোষ—এ রকম পাঁচ-ছজন পরিচালক ছাড়া আমাকে সেভাবে ব্যবহার করেননি কেউ। আমি যে ধরনের ছবিতে অভিনয় করেছি, তা ছিল আর্ট সিনেমা, বিদেশে গেছে, প্রচুর পুরস্কার পেয়েছে। দেশের অল্প দর্শক দেখেছে। আশির দশকে মূলধারার টালিউড ইন্ডাস্ট্রিতে অভিনয় করা হয়নি। আমার ইচ্ছেও ছিল না। নাচ গান মারামারি—বাবা কেন চাকর...এভাবে ছবির সঙ্গে যুক্ত হতে চাইনি। বং কানেকশন-এর পর থেকে সিনেমাটা যখন পাল্টাল, আমি ডিরেকশনে এলাম। নিজেও পাল্টাতে আরম্ভ করলাম। কলকাতায় অন্য রকম সিনেমা হতে আরম্ভ করল—যে সিনেমা বাণিজ্যিকভাবেও শহর থেকে টাকা তুলতে আরম্ভ করল। আমাদের ছবি এখন চলে, টেলিভিশনে বিক্রি হয়, দর্শক হলে এসে দেখে। আর্ট সিনেমা বলে বিদেশি উৎসবের জন্য আর অপেক্ষা করতে হয় না।’
নীল দত্ত কি গানটা আপনার চেয়ে ভালো বোঝে?
ও আমার চেয়ে বেশি কমার্শিয়াল। আমি কিন্তু সিনেমার মিউজিক করতে পারব না। সিনেমা হচ্ছে কমার্শিয়াল আর্ট। বিভিন্ন ধরনের গান, বিভিন্ন সিকোয়েন্সের গান, ফোক, রবীন্দ্রনাথের গান, পপ, রক, ক্ল্যাসিকাল, বাউল, ফিউশন, জ্যাজ—এত আমি জানি না। আমি একটা বিশেষ ধরনের গায়ক-গীতিকারের জায়গা থেকে গান করতে এসেছি। মিউজিকের রেঞ্জটা আমার নেই। আমার গান একটা ধরনের গান। দেখবেন, আমার গান অন্য কেউ গাইলে ভালো লাগবে না। কবীর সুমনের গান অন্য কেউ গাইলে ভালো লাগবে না। জেমস, আইয়ুব বাচ্চুর গান অন্য কেউ গাইলে ভালো লাগবে না। আমাদের নিজেদের একটা সিগনেচার আছে। নীল অনেক বেশি মিউজিক ডিরেক্টর। আমার চেয়ে বেশি জেনেছে, পড়েছে। এখনকার ছবির মূল সমস্যা কোথায়?
সিনেমার জন্য ভালো চিত্রনাট্য দরকার। ঋতুপর্ণ ভালো চিত্রনাট্য লিখতে পারতেন। আমরা পরিচালকেরাই চিত্রনাট্য লিখছি। ভালো চিত্রনাট্য লেখার লোক কম।
গান কেমন হচ্ছে এখন?
গানের মানটা কিন্তু নেমে গেছে। আমি কিন্তু রূপম ইসলামের কাছ থেকে অনেক বেশি আশা করি। চন্দ্রবিন্দুর কাছ থেকে আশা করি। সুমনের কাছ থেকে যা পেয়েছি, এদের কাছ থেকেও আমার চাহিদা সে রকম। ওরা মেটাতে পারছে কি না জানি না। রূপঙ্কর, সোমলতা খুব ভালো গায়। গান লেখার মানটাও কমে গেছে। যদি নব্বইয়ের দশকে ‘পেটকাটি চাদিয়াল’, ‘জানলার কাছে বাতাস ধাক্কা দিচ্ছে’, কিংবা নব্বইয়ের শেষের দিকে ‘জাতিস্মর’ লেখা হয়ে থাকে, তাহলে আমার প্রশ্ন, তারপরে কি লেখা হয়েছে? আমরা ২০১৪-এর কথা কি বলছি? বিশ্বায়ন, করপোরেট, ফেসবুক—গানে কি তার প্রভাব পড়ছে? এগুলোর ফলে তৈরি অস্থিরতা, অনিশ্চয়তা, একাকিত্বর প্রভাব কি গানে এসে পড়ছে?
শিল্পী কীভাবে এই সমস্যা সামাল দেবে?
দেখুন, শিল্পী সব সময়ই তার ব্যক্তিস্বাতন্ত্রের জায়গা থেকে লিখবে, গাইবে। সময় যে রকমই থাকুক না কেন। সত্যিকারের শিল্পী কিন্তু অনেক কথা বলবে। যারা বাংলা রক গাইছে, তারা কি গাজার কথা বলছে? অথচ আমরা তো হিরোশিমা নিয়ে কথা বলেছি। শিল্পী তো শান্তির কথা বলবে, পৃথিবীর কষ্টের কথা বলবে। নাকি ‘তোমার চোখে আমার আলো’ (রকের মতো কণ্ঠে গেয়ে দেখালেন) বলে চেঁচাব? নাকি আমি মানুষের কথা বলব? আমি জানি, সবাই ব্যক্তিকেন্দ্রিকই হয়ে গেছে। সেই জগতে দাঁড়িয়েই বব ডিলান, ৮০ বছর হয়ে গেছে যাঁর, এখনো গান লিখছেন, ‘উইদিন বক্সেস দেয়ার আর নো এক্সেস’। প্রত্যেকে বাক্সের মধ্যে ঢুকে পড়েছি, বেরোবার রাস্তা নেই। এখনো বলে যাচ্ছেন। আমাদেরও তো বলে যেতে হবে। সময়ের কথা, প্রেমের কথা।
সমস্যাটা কোনখানে তবে?
আসলে ব্যতিক্রমটাকে যদি সরিয়ে দেওয়া হয়, তাহলেই সমস্যা। বিশ্বায়ন তো সিস্টেমেটিকালি ব্যতিক্রমটাকে সরিয়ে দিচ্ছে। সবাই বারিস্তায় খাবে, সবাই এক হয়ে যাবে। বারিস্তায় যাবে, বিরিয়ানিটাও ছাড়বে না, মাছের ঝোলও চাই—সেটা কিন্তু এখন হবে না। সব ব্র্যান্ড এক করে দেওয়া হবে। কিন্তু আমার মনে হয়, ব্যতিক্রমটা থাকতে হবে। ব্যতিক্রম হলো বাঘের মতো, বিপন্ন প্রজাতি। তাদের বাঁচিয়ে রাখতে হয়। ভাঁড়ের চায়ের দোকানটাকে রাখতে হবে। সবটাই শপিং মল হলে হবে না।