শিল্পী দম্পতির যৌথ প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বসাহিত্য কেন্দ্র প্রদর্শনী কক্ষে সাজানো শিল্পী দম্পতি সামিনা নাফিজ ও আফজালুর রহিমের শিল্পকর্ম
বিশ্বসাহিত্য কেন্দ্র প্রদর্শনী কক্ষে সাজানো শিল্পী দম্পতি সামিনা নাফিজ ও আফজালুর রহিমের শিল্পকর্ম

বিশ্বসাহিত্য কেন্দ্রের চিত্রশালায় চলছে শিল্পী দম্পতি সামিনা নাফিজ ও আফজালুর রহিমের যৌথ শিল্পকর্ম প্রদর্শনী। লোকজ শিল্পীদের সৃজনশীল কাজের স্মরণে নিবেদিত এ প্রদর্শনীর শিরোনাম ‘ইন রিমেমবারেন্স অব দ্য ফোক আর্টিস্টস অ্যান্ড দেয়ার ক্রিয়েশন্স’। প্রদর্শনীতে দুই শিল্পীর আঁকা চিত্রকর্ম ছাড়াও রয়েছে টেরাকোটা, স্থাপনাশিল্পসহ বিচিত্র বিষয়।
গত শুক্রবার প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী শামীম সুব্রানা, অধ্যাপক মিজানুর রহিম ও চন্দ্র শেখর সাহা। বক্তব্য দেন শিল্পী নাসিম আহ্মেদ নাদভী। উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি আবদুল্লাহ আবু সায়ীদ।
প্রদর্শনী কক্ষের চারপাশে ছড়ানো আফজালুর রহিমের টেরাকোটা। শিল্পীর তৈরি ‘নৌকা’ শিরোনামের পোড়ামাটির শিল্পকর্মটিতে দেখা যায় পাশাপাশি বয়ে চলা কয়েকটি নৌকার সামনের অংশ। নদীতে উত্তাল ঢেউ। শিল্পীর তৈরি ‘কান্তজীর’ শিরোনামের শিল্পকর্মে কাঠের বোর্ডে বাঁধাইকৃত ফ্রেমের ভেতর থেকে দেখা যাচ্ছে বিশাল এক হাতি। হাতির ওপর সওয়ার হয়েছেন কয়েকজন। নজর কাড়ে এ কাজটি। শুধু টেরাকোটা নয়, আফজালুর রহিম জামদানি শাড়ির ওপর নিরীক্ষামূলক স্থাপনাশিল্পও উপস্থাপন করেছেন প্রদর্শনীতে। চরকা, মাকু ও নানা বর্ণের সুতার সঙ্গে জামদানি শাড়ির দৃষ্টিনন্দন সমন্বয় ঘটেছে স্থাপনাশিল্পটিতে।
শিল্পী সামিনা নাফিজের আঁকা তেলরং মাধ্যমের চিত্রকর্মগুলোতে দেশজ সংস্কৃতির নানা অনুষঙ্গ ফুটে উঠেছে। ‘পল্লীস্মৃতি’ শিরোনামের সিরিজ ছবি এঁকেছেন এই শিল্পী। তাঁর চিত্রকর্মগুলোতে নানাভাবে রয়েছে নকশাবহুল জামদানি শাড়ির পাড়। একটি ছবিতে দৃশ্যমান হয়েছে গাঢ় নীল জমিনের জামদানি শাড়ি। আর শাড়িটির ওপর ফুটিয়ে তুলেছেন লোকজ অনুষঙ্গবাহী ফুলতোলা রঙিন সুতার হাতপাখা। ঠিক তার পাশেই ঠাঁই পেয়েছে ফুলদানি। তাতে শোভা পাচ্ছে সবুজ পাতার সঙ্গে হলদে রঙের উজ্জ্বল ফুল। শিল্পী লোককলার নানা অনুষঙ্গের ব্যবহারে রাঙিয়েছেন আপন চিত্রপট।
চার দিনের এ প্রদর্শনী শুরু হয়েছে ৩ জুলাই। আজ শেষ দিন। দুপুর ১২টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকবে প্রদর্শনীকক্ষ।