শিল্পী ফিরোজা বেগমকে পার্থে সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি নজরুলসংগীতের কিংবদন্তি শিল্পী ফিরোজা বেগমকে আজীবন সম্মাননা দিলেন অস্ট্রেলিয়ার পার্থের বাংলা ভাষাভাষীরা। দিন গোনার পালা শেষ হয়ে অবশেষে এল সেই মাহেন্দ্রক্ষণ। জন কার্টিন হলে সমবেত দর্শকদের মধ্যে উপস্থিত হলেন ফিরোজা বেগম এবং তাঁর দুই ছেলে মাইলস তারকা হামিন আহমেদ ও শাফিন আহমেদ। আজম শান্তনুর সঞ্চালনায় শুরুতেই স্বাগত বক্তব্য দিলেন বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার (বাওয়া) সভাপতির পক্ষে অধ্যাপক সৈয়দ মফিজুল ইসলাম। শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে স্থানীয় শিল্পীরা নজরুলসংগীত পরিবেশন করেন। এতে অংশ নেন অমিত, সাথী, স্বর্ণা, রাইসা, সোহেল, নজরুল এবং পৃথ্বিজিৎ। এরপর শিল্পীর জীবনের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।সম্মাননা প্রদান পর্বে ফিরোজা বেগমের হাতে পদক তুলে দেন সৈয়দ মফিজুল ইসলাম। উত্তরীয় পরিয়ে দেন বাওয়ার সাধারণ সম্পাদক নাজমুস সাদাত এবং অস্ট্রেলিয়ার আদিবাসীদের অঙ্কিত একটি চিত্র হস্তান্তর করেন আয়োজক কমিটির সমন্বয়কারী ডা. আতাউর রহমান খান। সমাগত দর্শক এ সময় দাঁড়িয়ে শিল্পীকে সম্মান প্রদশন করেন। শিল্পী তাঁর অনুভূতি প্রকাশের সময় নিজের জীবনের বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনার স্মৃতিচারণা করেন। বিশেষভাবে উঠে আসে পাকিস্তান সামরিক জান্তার রক্তচক্ষু উপেক্ষা করে তৎকালীন ইসলামাবাদ বেতারের উদ্বোধনী অনুষ্ঠানে নজরুলগীতি গাওয়ার বিষয়টি। অনুষ্ঠানে শিল্পী দুটি নজরুলগীতি গেয়ে শোনান। ‘আমার যাবার সময় হলো, দাও বিদায়’ গানটি সবাইকে আবেগাপ্লুত করে তোলে। বিরতির পর মঞ্চে আসেন মাইলস ভ্রাতৃদ্বয়, হামিন এবং সাফিন। তাঁরা গেয়ে শোনান মাইলসের সব জনপ্রিয় গান।