শিল্পীর বাসনা ছিল জীবনানন্দ, নজরুল ও রবীন্দ্রনাথের কবিতা থেকে ছবি আঁকবেন। সেগুলো নিয়ে করবেন একটি স্বতন্ত্র গ্যালারি। ষাট দশকের চিত্রশিল্পী মবিনুল আজিমের সেই স্বপ্ন পূরণ হয়নি। মৃত্যুর প্রায় ৪০ বছর পর তাঁর কর্মজীবন নিয়ে গতকাল সোমবার প্রকাশিত হয়েছে একটি স্মারকগ্রন্থ। সন্ধ্যায় ধানমন্ডির বেঙ্গল ক্যাফেতে বইটির মোড়ক উন্মোচনের অনুষ্ঠানে শিল্পীর সহধর্মিণী মমতা আজিমের সংগ্রহে থাকা তাঁর কিছু চিত্রকর্ম প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী। বেঙ্গল পাবলিকেশনসের নির্বাহী পরিচালক আবুল হাসনাত বইটির বিষয়বস্তু ও সংকলন প্রক্রিয়া তুলে ধরেন। শিল্পীর জীবন, কর্ম, সে-সম্বন্ধীয় ছবি ও পত্রিকা সংরক্ষণ এক অনুকরণীয় দৃষ্টান্ত বলে উল্লেখ করেন তাঁরা। মমতা আজিম প্রথম আলোকে বলেন, ‘একা একা এই কাজগুলো করতে ভীষণ বেগ পেতে হয়েছে আমাকে। তিনি (মবিনুল আজিম) আমাকে আলিয়ঁস ফ্রঁসেজে ভর্তি করিয়েছিলেন, শিখিয়েছিলেন ছবি আঁকার প্রাথমিক অনেক কিছু। তাঁর স্মৃতি রক্ষায় আরও কিছু করার সাধ আছে আমার। সবাই সাহায্য করলেই কেবল সেটি সম্ভব হবে।’
মবিনুল আজিম: কালারস অ্যান্ড ড্রিমস বইটি প্রকাশ করেছে বেঙ্গল পাবলিকেশনস। প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বক্তব্য দেন মমতা আজিম, শিল্পী সৈয়দ জাহাঙ্গীর, বাংলাদেশ টেলিভিশনের সাবেক প্রধান চিত্রগ্রাহক গোলাম মোস্তফা। জীবিত থাকাকালে প্রায়বিস্মৃত এই শিল্পীর বিভিন্ন দেশে ১৭টি একক ও ৫৪টি যৌথ চিত্র প্রদর্শনী হয়েছিল।