শিল্পী রামানন্দকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ দেশের শিল্পানুরাগীরা রামানন্দ বন্দ্যোপাধ্যায়ের চিত্রকর্ম দেখার সুযোগ পাননি। তবে তাঁর করা বইয়ের প্রচ্ছদ দেখে মুগ্ধ হননি, এমন মানুষ পাওয়া দুষ্কর। রামকিঙ্কর বেইজ ও রামানন্দ বসুর মতো শিল্পীর সান্নিধ্য তাঁর কাজে অন্য এক মাত্রা যুক্ত করেছে। তাঁর মতো শিল্পীকে সংবর্ধনা দেওয়ার এবং তাঁর একক চিত্র প্রদর্শনী করার সুযোগ পেয়ে আয়োজকরাই সম্মানিত হয়েছেন। ভারতীয় শিল্পী রামানন্দ বন্দ্যোপাধ্যায়ের সংবর্ধনা প্রদান ও একক চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এ ভাবেই নিজেদের অনুভূতির কথা উচ্চারণ করলেন আয়োজকরা। গতকাল বিকেলে ঢাকা আর্ট সেন্টার নিজস্ব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী। বিশেষ অতিথি ছিলেন শিল্পী সৈয়দ জাহাঙ্গীর ও সমরজিৎ রায় চৌধুরী। সভাপতিত্ব এবং শিল্পীকে উত্তরীয় পরিয়ে দেন সেন্টারের ট্রাস্টি বোর্ডের সভাপতি নাট্যজন রামেন্দু মজুমদার। মানপত্র পাঠ করেন নিরু শামসুন নাহার। অনুষ্ঠান পরিচালনা করেন শিল্পী নিসার হোসেন। অনুষ্ঠানে শিল্পীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের পক্ষে ডিন মতলুব আলী, কবিতা পরিষদের পক্ষে রবিউল হোসাইন, শিল্পবিষয়ক পত্রিকা শিল্পরূপ-এর পক্ষে মোখলেছুর রহমানসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তি ফুল দিয়ে শুভেচ্ছা জানান।প্রতিক্রিয়া ব্যক্ত করে শিল্পী রামানন্দ বলেন, ‘সংবর্ধনা পেয়ে আমার ভালো লাগছে। তবে তার চেয়ে বেশি ভালো লাগছে, আমার কাজ এখানকার শিল্পানুরাগীদের আনন্দ দিচ্ছে, এটা জানতে পেরে।’ নতুন শিল্পীদের উদ্দেশে তিনি বলেন, ‘চর্চার কোনো বিকল্প নেই। তবে চর্চার সময় মনে রাখতে হবে, ছবি আঁকার কাজটা যতটা না হাত করে, তার চেয়ে বেশি করে মন। শিল্পে কোনো যুদ্ধ নেই, জয় নেই। আছে শুধু এগিয়ে চলা—এ সত্যটাও মনে রাখতে হবে।’ সম্মাননার আনুষ্ঠানিকতা শেষে ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান অতিথি। রামানন্দ বন্দ্যোপাধ্যায়ের চিত্রকর্মে নগর আছে, নিসর্গ আছে, আরও আছে ফুল, পাখি, নারী ও শিশু। তবে নারী একটি বিশেষ স্থান দখল করে আছে। প্রদর্শনীতে আছে উপবিষ্ট নারী, শায়িত নারী, দণ্ডায়মান নারী, উৎ সবমুখর নারী, কর্মমুখর নারী, সন্তান স্নেহরত নারী—এমনি আরও নানা ভঙ্গিমার নারী। প্রদর্শনী শেষ হবে ২৭ ফেব্রুয়ারি। গ্যালারি খোলা থাকবে প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত।