
ঢাকার চলচ্চিত্র এখন নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ভালো সিনেমার যেমন অভাব, তেমনি দিন দিন সিনেমা হলের সংখ্যাও কমে যাচ্ছে। একদিকে বড় বড় প্রযোজনা প্রতিষ্ঠান ব্যবসা গুটিয়ে নিচ্ছে, অন্যদিকে নামীদামি পরিচালকেরাও ছবি নির্মাণে উৎসাহ হারিয়ে ফেলছেন। এসব সমস্যার সঙ্গে ঢাকার চলচ্চিত্রে এখন নতুন করে যোগ হয়েছে অভিনয়শিল্পীর সংকট।
নায়ক-নায়িকার সংকট তো আছেই। সঙ্গে পারিবারিক, সামাজিক সেন্টিমেন্টের ছবি বানাতে গেলে দাদা-দাদি, নানা-নানি, মা-বাবা, ভাইবোন-ভাবিসহ পরিবারের নানা চরিত্রের জন্য যেসব অভিনয়শিল্পীর দরকার, সেই ধরনের শিল্পী এখন নেই বললেই চলে।

শাকিবনির্ভর চলচ্চিত্রপাড়া
চলচ্চিত্র-সংশ্লিষ্টদের অনেকেই মনে করছেন, এখন পর্যন্ত ঢাকার চলচ্চিত্র যতটুকু টিকে আছে, তা শুধুই শাকিব খাননির্ভর। তবে তাঁর ছবিও যে হুমড়ি খেয়ে দর্শক দেখছেন, তা-ও নয়। বছরের বিশেষ দিনের জন্য নির্মাণ করা বড় বাজেটের শাকিব খানের হাতেগোনা দুয়েকটি ছবি দর্শকগ্রহণযোগ্যতা পাচ্ছে।
কিন্তু পেছনে ফিরে তাকালে সত্তর দশকের শেষের দিক থেকে শুরু করে নব্বইয়ের দশক ছাড়িয়েও ঢাকাই চলচ্চিত্রে একসঙ্গে একাধিক জনপ্রিয় অভিনয়শিল্পীর কাজের ইতিহাস রয়েছে।
সোনালি সময়
আশির দশকজুড়ে একাধিক নায়ক-নায়িকা দাপিয়ে অভিনয় করেছেন। ওই সময়টাতে নায়কদের মধ্যে রাজ্জাক, ফারুক, সোহেল রানা, বুলবুল আহমেদ, জসিম, আলমগীর, উজ্জ্বল, ওয়াসিম এবং নায়িকাদের মধ্যে কবরী, শাবানা, ববিতা, সুচরিতা, অঞ্জনা, রোজিনা, অলিভিয়া, অঞ্জু ঘোষদের কথা বলা যায়। সেই সময় প্রযোজকেরা গল্পের সঙ্গে মানিয়ে তাঁদের পছন্দের নায়ক-নায়িকা সহজেই বাছাই করে ছবি নির্মাণের সুযোগ পেয়েছেন। পরবর্তীকালে আসেন জাফর ইকবাল, ইলিয়াস কাঞ্জন, রুবেল, চম্পা, দিতিরা। নব্বইয়ের দশকের পরবর্তীকালে এসেও মান্না, মৌসুমী, পপি, শাবনূর, পূর্ণিমা, শাবনাজ, সোনিয়া, ফেরদৌস, রিয়াজ, শাকিল খান, অমিত হাসান, আমিন খান, সালমান শাহ, ফারদিন, নাঈমদের পেয়েছে ঢাকার চলচ্চিত্র।
এখন যে অবস্থা
আর এখন? পরিচালক বদিউল আলম খোকন বলেন, ‘এখনো বেশ কয়েকজন নায়ক-নায়িকা একসঙ্গে কাজ করছেন। তারপরও এ সময়ে সিনেমা যতটুকু চলছে, তা শুধুই একজন নায়কের—শাকিব খানের ছবি। বাকি নায়কদের ছবি দর্শক সেভাবে নিচ্ছেন না। আর নায়িকার কথা তো বাদই দিলাম।’
তাঁর কথায় আরও উঠে আসে, শুধু নায়ক-নায়িকা নয়, মা-বাবার চরিত্রে অভিনয়ের জন্য যে শিল্পী দরকার, তা-ও পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়ে পরিচালকেরা শুধুই এক জোড়া নায়ক-নায়িকানির্ভর গল্পের ছবি নির্মাণ করছেন। ফলে নতুন নতুন শিল্পী তৈরির সুযোগও থাকছে না।
নতুন মুখ নেই
১৯৮৪ সাল থেকে এফডিসিতে নতুন মুখের সন্ধান-প্রক্রিয়া শুরু হয়। এই প্রক্রিয়াতে আসা সুব্রত, সোহেল চৌধুরী, দোয়েল, দিতি, মান্নাসহ অনেক শিল্পীই দর্শকগ্রহণযোগ্যতা পেয়েছিলেন। ১৯৯০ সালের পরপর নতুন মুখের শিল্পী আবিষ্কারের প্রক্রিয়াটি বন্ধ হয়ে যায়। আর তার প্রভাব পড়ে ২০০৫ সালের পরে এসে। পরিচালকদের অনেকেই বলছেন, ওই সময় থেকেই মূলত শিল্পী-সংকটে পড়েছে ঢাকার চলচ্চিত্র। কারণ হিসেবে চলচ্চিত্রসংশ্লিষ্ট কেউ কেউ মনে করছেন, ভালো পরিচালকের অনুপস্থিতি, বড় বড় প্রযোজনা প্রতিষ্ঠান এগিয়ে না আসাই ছবিতে বড় বাজেটের ঘাটতি, গল্পেরও অভাব। ফলে ভালো মানের ছবি তৈরি হচ্ছে না। বেরিয়ে আসছে না নতুন নতুন শিল্পী।
ঝুঁকি না নিলে শিল্পী তৈরি হয় না
মৌসুমী, শাকিব খানদের মতো তারকারা যাঁর হাত ধরে চলচ্চিত্রে আলো জ্বালিয়েছেন, তিনি সোহানুর রহমান সোহান। এই পরিচালক বলেন, ‘ঢাকার চলচ্চিত্র তো এখন অন্ধকারে নিমজ্জিত। দর্শক জয় করে এগিয়ে যাবেন এমন অভিনয়শিল্পীর বড়ই অভাব।’
কেন?
তাঁর ভাষ্য, শিল্পী তৈরি করতে হলে ঝুঁকি নিতে হবে। একসময় ঝুঁকি নিয়েই নতুনদের দিয়ে অনেক পরিচালকই কাজ করেছেন। সেই নতুনেরাই একপর্যায়ে জনপ্রিয় তারকা হয়েছেন। কিন্তু এখন তো কেউই ঝুঁকি নিচ্ছেন না।
তবে তিনি স্বীকার করেন, দুয়েকজন যে নতুনদের নিয়ে ঝুঁকি নিচ্ছেন না, ঠিক তা নয়। বলেন, ‘কিন্তু তাঁদের তো কোনোরকম অনুশীলন, প্রশিক্ষণ ছাড়াই ক্যামেরার সামনে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। ফলে অচিরেই ঝরে যাচ্ছেন তাঁরা।’
সোহানের মতে, নতুনদের প্রস্তুত করে ক্যামেরার সামনে দাঁড় করানো হলে কাজের মান বাড়বে, দর্শকগ্রহণযোগ্যতা পাবেন তাঁরা। তখনই শিল্পীর সংকট কাটবে।’
এদিকে, শিল্পী-সংকট কাটিয়ে উঠতে আবারও এফডিসিতে নতুন মুখের সন্ধান-প্রক্রিয়া শুরু করতে হবে বলে মত দিয়েছেন অভিনেতা, পরিচালকদের কেউ কেউ।
পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘মাঝে নতুন মুখের সন্ধান কার্যক্রমটি পুনরায় শুরুর উদ্যোগ নিয়েছিলাম আমরা। কিন্তু এতে প্রচুর অর্থের প্রযোজন। স্পনসরের অভাবে উদ্যোগটি থেমে গিয়েছিল সে সময়। তবে আবার শুরু করার চেষ্টা করছি।’
নতুন মুখের সন্ধান-প্রক্রিয়া শুরুর পাশাপাশি সরকারকেও এগিয়ে আসতে হবে এবং ঢাকার ছবি বিদেশি ছবির সঙ্গে বিনিময়ের মধ্য দিয়েও শিল্পী-সংকট কাটতে সহায়ক হতে পারে বলে মনে করেন প্রযোজনা প্রতিষ্ঠান মধুমিতা মুভিজের কর্ণধার নওশাদ আহমেদ। তিনি বলেন, ‘ভারতের সঙ্গে ছবিবিনিময় খুলে দিতে হবে। এতে করে ভালো ছবি তৈরির প্রতিযোগিতা বাড়বে। নতুন নতুন শিল্পীও তৈরি হবে।’ শিল্পী-সংকট দূর করতে বড় বড় প্রযোজনা প্রতিষ্ঠানও ভূমিকা রাখতে পারে বলে মনে করেন এই প্রযোজক। বলেন, ‘বড় বড় প্রযোজনা প্রতিষ্ঠান ভালো বাজেট নিয়ে এগিয়ে এলে ভালো ছবি তৈরি হবে। নতুন শিল্পী তৈরির তাগিদও বাড়বে।’
শিল্পীর সংকট নিয়ে একসময়কার জনপ্রিয় নায়িকা রোজিনার কথা একটু অন্য রকম। তিনি বলেন, ‘সবকিছুর ঊর্ধ্বে এই জায়গাটার প্রতি এই অঙ্গনের মানুষদের শ্রদ্ধা, ভালোবাসা ও আন্তরিকতা ফিরিয়ে আনতে হবে আবার। তাহলেই আমাদের চলচ্চিত্রের সমস্যার অনেকটাই সমাধান হবে।’ তবে এই অভিনেত্রী মনে করেন, ভালো নির্মাতা না এলে ভালো অভিনয়শিল্পীর অভাব রয়েই যাবে। একসময়কার নন্দিত নির্মাতা নারায়ণ ঘোষ মিতা, আলমগীর কুমকুম, দিলীপ বিশ্বাস, ইবনে মিজান, খান আতাদের নাম বিশেষভাবে উল্লেখ করে রোজিনা বলেন, ‘তাঁদের মতো গুণী নির্মাতা ছিলেন বলেই সেই সময় একসঙ্গে একাধিক জনপ্রিয় অভিনয়শিল্পী তৈরি হয়েছিল।’