
অনেকের অনেক রকমের কৌতূহল। কেউ জানতে চাইলেন, খাদ্য যেমন দূষিত হয়, খবরও কি তেমন দূষিত হয়? কেউ প্রশ্ন তুললেন, শিল্পী কতটা স্বাধীনভাবে কাজ করতে পেরেছেন। শিল্পকলার নানা দিক নিয়ে প্রশ্ন আর খোলামেলা উত্তরে সন্ধ্যাটি জমে উঠেছিল।
গতকাল বুধবার জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শন কক্ষে শিল্পী ও দর্শকদের এই মনখোলা প্রশ্নোত্তর পর্বের আয়োজন ছিল ‘খবরখাদ্য’ প্রদর্শনীর অংশ হিসেবে। প্রথম আলোর ১৫ বছর পূর্তি উপলক্ষে শিল্পী ওয়াকিলুর রহমানের ‘খবরখাদ্য’ দৃশ্যশিল্প প্রদর্শনী শুরু হয়েছে ৯ নভেম্বর। প্রদর্শনীর অংশ হিসেবে এর আগে ঢাকা ও চট্টগ্রামের ১২ জন শিল্পী পারফরম্যান্স আর্ট করেছেন। গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত হয় শিল্পী-সংলাপ।
শুরুতেই ‘পথ হারাবে না বাংলাদেশ’ নামে পারফরম্যান্স আর্ট করেন শিল্পী সাবিরা শাহীনুর। এরপর প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফের সঞ্চালনায় শুরু হয় শিল্পানুরাগী ও শিল্পীদের প্রশ্নোত্তরের পালা। এতে অংশ নেন শিল্পী ওয়াকিলুর রহমান এবং পারফরম্যান্স আর্টে অংশ নেওয়া শিল্পী প্রিমা নাজিয়া আন্দালিব, ইয়াসমিন জাহান, সুমনা আক্তার, সাবিরা শাহীনুর, কেহকাশা সাবাহ্, সালেহ্ মাহমুদ, নিলয় হোসেন ও স্বাধীন কামরুজ্জামান।
আলোচনার সূত্রপাত করে সাজ্জাদ শরিফ বলেন, প্রথম আলোর ১০ বছর পূর্তি উপলক্ষে ২০০৯ সালে ওয়াকিলুর রহমান ও ঢালি আল মামুনের ‘কাগজের ছায়া’ নামে একটি প্রদর্শনী হয়েছিল, এরই ধারাবাহিকতায় এবার এই প্রদর্শনী হচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দূষিত বা বিশুদ্ধ খবর বলে কিছু নেই। বিভিন্ন পত্রিকা বা গণমাধ্যম তাদের নিজস্ব নীতিমালা, ভাবাদর্শ ও দৃষ্টিভঙ্গি থেকে নানা ঘটনা নানাভাবে দেখায়। শিল্প-সমালোচক মঈনুদ্দিন খালেদ প্রদর্শনীর বিভিন্ন দিক তুলে ধরে বলেন, এই প্রদর্শনীতে সংবাদ ও শিল্পের একটি নতুন ধারাভাষ্য সৃষ্টি হয়েছে। তবে প্রতিকৃতির অংশে নারীর প্রতিকৃতি কম ব্যবহার করা হয়েছে।
ওয়াকিলুর রহমান জানান, প্রথম আলোর আর্কাইভস থেকে উপকরণগুলো নিলেও কাজ করেছেন সম্পূর্ণ স্বাধীনভাবে। বই, লেখনী, শিরোনাম এসব নিয়ে বহু দিন থেকেই তিনি ধারাবাহিক কাজ করে আসছেন। এই প্রদর্শনীতে সেই অভিজ্ঞতাই কাজে লাগিয়েছেন। প্রতিদিন মানুষের কাছে অজস্র খবর আসে, ছবি আসে। তার অনেকগুলো স্মৃতি থেকে হারিয়ে যায়। আবার নতুন নতুন খবর আসে। এই স্মৃতি-বিস্মৃতির এই প্রক্রিয়াটিকে ধরার একটি প্রয়াস ছিল এতে। ছবি বাছাইয়ের ক্ষেত্রেও কোনো বিশেষ লক্ষ্য ছিল না। প্রথম আলোর ১৫ বছরের আর্কাইভস থেকে প্রতিকৃতিগুলো প্রায় ৮০০ প্রতিকৃতি দৈবচয়নের ভিত্তিতে নেওয়া হয়েছে। তাতে বিখ্যাত, কুখ্যাত, অখ্যাত অনেকে আছেন। আসলে তিনি নিজ থেকে কোনো মত বা সিদ্ধান্ত দিতে চাননি। তিনি চেয়েছেন দর্শকের মনে প্রশ্ন জাগাতে। খবরখাদ্য প্রদর্শনী শেষ হবে কাল শুক্রবার।
১৫ শিল্পীর শিল্পকর্ম প্রদর্শনী
গুলশানে বেঙ্গল আর্ট লাউঞ্জে চলছে যুক্তরাজ্য এবং বাংলাদেশের ১৫ জন শিল্পীর শিল্পকর্ম প্রদর্শনী। প্রদর্শনীর আয়োজন করেছে ব্রিটিশ কাউন্সিল ও বেঙ্গল আর্ট লাউঞ্জ। প্রদর্শনীতে ১৫ জন শিল্পীর মোট শিল্পকর্মের সংখ্যা ৩৫টি। প্রদর্শনী আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত চলবে।