শিল্পী সমিতির ওপর আদালতের নিষেধাজ্ঞা বহাল

চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটির ক্ষমতা হস্তান্তর নিয়ে বিবাদীপক্ষের করা আবেদন নামঞ্জুর করেছেন ঢাকার দ্বিতীয় সহকারী জজ আদালত। এতে বাদী রমিজ উদ্দিনের করা আবেদনই বহাল থাকছে। আজ বৃহস্পতিবার ঢাকার দ্বিতীয় সহকারী জজ আদালত এ রায় দেন। সন্ধ্যায় বাদীপক্ষের আইনজীবী আমিনুর রহমান খান প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচনে ভোট গণনায় ব্যাপক গরমিল, ভোটের দিন এফডিসিতে বহিরাগত ব্যক্তিদের উপস্থিতি, এরপর আপিল বোর্ডের সদস্যদের কাছে লিখিত অভিযোগ করার পরও কার্যকর কোনো উদ্যোগ না নেওয়ায় বাদী হয়ে ১১ মে রমিজ উদ্দিন নামের একজন চলচ্চিত্র প্রযোজক ও অভিনেতা আদালতে অভিযোগ করেন।
রমিজ উদ্দিনের অভিযোগের পরিপ্রেক্ষিতে নতুন কমিটির কাছে ক্ষমতা হস্তান্তরে যে নিষেধাজ্ঞা হয়েছিল, ১৫ মে বিবাদীপক্ষের মনতাজুর রহমান আকবর, সুব্রত ও জ্যাকি আলমগীর তা বাতিলের আবেদন জানান। আদালত শুনানি শেষে বাদীপক্ষের রায় বহাল রাখেন।
শিল্পী সমিতির নির্বাচনে বিবাদীপক্ষের মনতাজুর রহমান আকবর প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। সুব্রত ও জ্যাকি আলমগীর যথাক্রমে সাংগঠনিক সম্পাদক এবং দপ্তর ও প্রচার সম্পাদক নির্বাচিত হন।
আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও ১৩ মে নতুন কমিটির অর্ধেকের বেশি সদস্য তাড়াহুড়োর মধ্যে শপথ গ্রহণ অনুষ্ঠান করেন। বিএফডিসির জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনের সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে অগ্রজ চিত্রনায়ক ফারুক উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম, নৃত্য পরিচালক সমিতির সভাপতি মাসুম বাবুল, তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রশীদ ও নির্বাচনে আপিল বোর্ডের সদস্যের দায়িত্ব পালনকারী খোরশেদ আলম খসরু, শামসুল আলম প্রমুখ।