শিল্পী সমিতির নতুন কমিটির শপথ
গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই এফডিসি জমজমাট হয়ে ওঠে। বেলা ১১টায় ছিল চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণের অনুষ্ঠান। সকাল থেকে পরিচালক সমিতি, প্রযোজক-পরিবেশক সমিতি, এডিটর গিল্ডসের কর্মকর্তারা এফডিসির জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে সমবেত হন। নির্বাচন কমিশনের চেয়ারম্যান আকন্দ সানোয়ার মুর্শেদ প্রথমে শপথবাক্য পাঠ করান নবনির্বাচিত সভাপতি শাকিব খানকে। এরপর শাকিব খান তাঁর কার্যকরী পরিষদকে শপথবাক্য পাঠ করান। এ সময় শপথ নেন আনোয়ারা, মৌসুমী, মিশা সওদাগর, ডনসহ নির্বাচিত অন্য কর্মকর্তারা। দেশের বাইরে থাকায় ফেরদৌস উপস্থিত থাকতে পারেননি এই অনুষ্ঠানে। নির্বাচিত অন্যদের মধ্যে বাপ্পারাজ, রিয়াজ এবং আরমানও ছিলেন অনুপস্থিত। পরে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মিশা সওদাগর জানান, তাঁরা পরে সভাপতির কাছে শপথ নেবেন। শপথ অনুষ্ঠান শেষে চলচ্চিত্রসংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতারা শাকিব খানকে শুভেচ্ছা জানান। চলচ্চিত্র শিল্পী সমিতির বিদায়ী সভাপতি মিজু আহমেদ নতুন সভাপতি শাকিব খানকে সভাপতির আসনে বসান।গতকাল থেকেই শুরু হয়েছে নতুন কমিটির কর্মব্যস্ততা। জানা গেছে, কাল রাতেই তাঁরা তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সেখানে তথ্যমন্ত্রীর সঙ্গে চলচ্চিত্রের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে করেন।