শিল্পী সমিতির নির্বাচন নিয়ে আইনজীবী যা বললেন
শিল্পী সমিতির নির্বাচন নিয়ে বাদীপক্ষের আইনজীবী বলেছেন, ক্ষমতা হস্তান্তর করতে না পারলে শপথ গ্রহণ অনুষ্ঠান করার তো কোনো প্রশ্নই আসে না। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কাজটি করা মানেই আদালত অবমাননা। আজ শুক্রবার বিকেলে প্রথম আলোকে এমনটাই জানালেন আইনজীবী আমিনুর রহমান।
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে গতকাল বৃহস্পতিবার আদালতের নিষেধাজ্ঞা জারি হয়। এ বিষয়টি জানার পর রাতে নির্বাচন কমিশনার মনতাজুর রহমান আকবর প্রথম আলোকে জানিয়েছিলেন, বিজ্ঞ আদালতের প্রতি সম্মান জানিয়ে শুক্রবার শপথ গ্রহণ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। কিন্তু আজ শুক্রবার বিকেলে মত পাল্টান তিনি। সাংবাদিকদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে বলে জানান। তিনি বলেন, ‘আদালত ক্ষমতা হস্তান্তর করতে নিষেধ করেছেন, কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠানের ব্যাপারে কোনো আপত্তি জানিয়েছেন বলে মনে হয় না। তাই আমরা শপথগ্রহণ অনুষ্ঠান করে দিয়ে আমাদের দায় শেষ করতে চাই।’
এবার নির্বাচনের ভোট গণনায় ব্যাপক গরমিল, ভোটের দিন এফডিসিতে বহিরাগতদের উপস্থিতি, এরপর আপিল বোর্ডের সদস্যদের কাছে লিখিত অভিযোগ করার পরও কার্যকর কোনো উদ্যোগ না নেওয়ায় বাদী হয়ে আদালতে অভিযোগ করেন রমিজ উদ্দিন নামের একজন চলচ্চিত্র প্রযোজক ও অভিনেতা। বাদীপক্ষের আইনজীবী ছিলেন কাজী মোহাম্মদ নজিবুল্লাহ হিরু ও আমিনুর রহমান।
ঢাকার দ্বিতীয় সহকারী জজ আদালতের বিচারক তথ্য–উপাত্ত যাচাই করে নির্বচানে বিষয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্বাচিত ১ থেকে ৪ নম্বর বিবাদীদের ৫ থেকে ২৫ নম্বর বিবাদীদের প্রতি ক্ষমতা হস্তান্তর না করার জন্য অন্তর্বর্তীকালীন অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন।
১ থেকে ৪ নম্বর বিবাদীদের মধ্যে আছেন নির্বাচন কমিশনার মনতাজুর রহমান আকবর, এফডিসির ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ, আপিল বোর্ডের চেয়ারম্যান নাসির উদ্দিন দিলু ও চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শাকিব খান। আর ৫ থেকে ২৫ নম্বর বিবাদীদের মধ্যে আছেন মিশা সওদাগর, জায়েদ খানসহ এবারের নির্বাচনে বিজয়ী অন্য সদস্যরা।