শিল্পী সমিতির নির্বাচনে তারকাদের প্যানেল সভাপতি পদে শাকিব খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে তারকাশিল্পীরা অংশ নিচ্ছেন। এই প্যানেলে থাকছেন শাকিব খান, ফেরদৌস, মৌসুমী, ওমর সানি, আমিন খান, পূর্ণিমা, পপি, মিশা সওদাগরসহ আরও কয়েকজন জনপ্রিয় শিল্পী।জানা গেছে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য দুটি প্যানেল করা হচ্ছে। তারকাশিল্পীদের প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শাকিব খান। আর সাধারণ সম্পাদক পদে আছেন মিশা সওদাগর।এর আগে রাজ্জাক ও মান্না শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকের মতো পদে অংশ নিয়ে জিতেছিলেন। কিন্তু সালমান শাহ, রিয়াজ, ফেরদৌস, শাবনূর, মৌসুমী, পপি, পূর্ণিমা যখন সেরা তারকা ছিলেন, তখন কেউই এমন গুরুত্বপূর্ণ পদে নির্বাচন করেননি।শাকিব জানান, সহকর্মীরা তাঁকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য অনুরোধ করেছেন। তিনি সব দিক বিবেচনা করে নির্বাচনে অংশ নিতে রাজি হয়েছেন।শাকিব এরই মধ্যে একটি শক্তিশালী প্যানেল গড়ার জন্য কাজ শুরু করেছেন। শাকিব বললেন, ‘গত কয়েক বছর চলচ্চিত্রশিল্পে আমার যে ভূমিকা পালন করা উচিত ছিল, তা পারিনি। বিভিন্ন স্থানে সমিতির যে প্রতিনিধিত্ব থাকা উচিত ছিল, সেখানেও আমরা দেখেছি সমিতির প্রতিনিধি অনুপস্থিত। সব মিলিয়ে চলচ্চিত্র এখন কঠিন সময় পার করছে। তাই সমিতির দায়িত্ব নিয়ে শিল্পীদের অধিকার রক্ষা করার পাশাপাশি চলচ্চিত্রের জন্য ভালো কিছু করতে চাই।’সমিতির নেতৃত্ব দিতে গেলে ছবির কাজের সমস্যা হবে কি না জানতে চাইলে শাকিব বললেন, ‘মোটেও না। আমার কাজটা চলচ্চিত্র নিয়ে। আর এখন চলচ্চিত্রের কাজের জন্য সমিতির দায়িত্ব নিতে চাই। আশা করি, আমরা সফল হব।’এদিকে একটি সূত্র জানিয়েছে, শাকিব ও মিশার প্রতিদ্বন্দ্বী প্যানেল হিসেবে নির্বাচনে অংশ নেবে মিজু আহমেদ ও রুবেলের সমন্বয়ে গঠিত প্যানেল।