শিল্পী হওয়া অনেক কঠিন: পপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাদিকা পারভীন পপি
সাদিকা পারভীন পপি

তিনবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনয়শিল্পী সাদিকা পারভীন পপি এখন নিজেকে নিয়ে ব্যস্ত। জানালেন, ছবির কাজ তিনি বরাবরই কম করেন। সর্বশেষ জাকির হোসেনের ‘চার অক্ষরের ভালোবাসা’ ছবির শুটিং করেছেন তিনি। গত বছরের মাঝামাঝি সময়ে ছবিটির শুটিং শুরু হয়। এরপর আর নতুন কোনো ছবির কাজ শুরু করেননি তিনি। পপি মনে করেন, গাইতে গাইতে গায়েন হওয়া যায় কিন্তু শিল্পী হওয়া অনেক কঠিন। আমাদের চলচ্চিত্রশিল্পে সবাই স্বাধীনভাবে কাজ করতে পারে না বলেও মনে করেন পপি।  
পপি জানিয়েছেন, ‘গত বছরের মাঝামাঝি সময় থেকে দেশের রাজনৈতিক অবস্থা মোটেও কাজ করার উপযোগী ছিল না। সব ক্ষেত্রেই একটা অজানা অনিশ্চয়তা দেখা দিয়েছিল। সবকিছু কাটিয়ে এখন আবার নির্মাতারা ছবির কাজ নিয়ে একটু নড়েচড়ে বসছেন। এরই মধ্যে নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। তবে, মাঝের কিছুটা সময় নিজেকে নিয়ে ব্যস্ত ছিলাম। পারিবারিক বিভিন্ন কাজ-কর্ম সেরেছি।’
পপি আরও বলেন, ‘আমি পরিবারের বড় সন্তান। তাই পেশাগত কাজের পাশাপাশি পরিবারের বিভিন্ন বিষয়ে আমার সিদ্ধান্তটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দেখা দেয়। আর তাই চলচ্চিত্রের কাজের অবসরে পরিবারের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে সময় দিতে হয়। মাঝে দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে চলচ্চিত্রের কাজ বন্ধ থাকায় পারিবারিক অনেক কাজ গুছিয়েছি। সামনে আবার চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ব।’
কালাম কায়সার পরিচালিত ‘কারাগার’ (২০০৩) ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে পপি প্রথম চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এরপর নার্গিস আকতারের ‘মেঘের কোলে রোদ’ (২০০৮) এবং অহিদুজ্জামান ডায়মন্ডের ‘গঙ্গাযাত্রা’ (২০০৯) ছবিতে অভিনয়ের জন্যও জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন তিনি।

পুরস্কারের আশায় কাজ করেন কি না জানতে চাইলে পপি বলেন, ‘আমি কখনোই পুরস্কারের আশায় কাজ করিনি। আমি মনে করি, আমার প্রতিটি কাজই ছিল নির্মাতার চাহিদামতো। তিনি যেভাবে চাইবেন আমি ঠিক সেভাবে নিজেকে উপস্থাপন করব। ‘‘গঙ্গাযাত্রা’’ ছবিটির সুধামণি চরিত্রটি আমাকে এতটাই আবেগতাড়িত করেছিল যে, কাজ করার সময় মনে হচ্ছিল আমিই যেন সুধামণি। তা ছাড়া ডায়মন্ড ভাই কাজের ক্ষেত্রে আমাকে শতভাগ স্বাধীনতা দিয়েছিলেন। তাঁর নির্দেশনায় নিজের মতো করে কাজ করেছিলাম বলেই স্বীকৃতি মিলেছে বলে মনে করি আমি।’

চলচ্চিত্রশিল্পের প্রতিবন্ধকতা সম্পর্কে জানতে চাইলে পপি বলেন, ‘আমাদের চলচ্চিত্রশিল্পে কাজ করাটাই একটা প্রতিবন্ধকতা। চাইলেও সবাই স্বাধীনভাবে কাজ করতে পারে না। হয় শিল্পীর প্রতিশ্রুতির ব্যত্যয় কিংবা প্রযোজকের কৃপণতা, নয় তো নির্মাতার অদূরদর্শিতা। কোনো না কোনো বাধা থাকবেই। হাতেগোনা কয়েকজন নির্মাতাই আছেন যাঁরা শিল্পীদের নিয়ন্ত্রণে রাখতে পারেন।’

পপি এও বলেন, ‘আমরা যদি হলিউড কিংবা বলিউডের দিকে তাকাই তাহলে দেখব একজন নির্মাতার প্রতি কতটা প্রতিশ্রুতিবদ্ধ একেকজন শিল্পী। আমাদের এখানে কি তা আছে? কেন নেই? এর মূল কারণ নির্মাতার অদূরদর্শিতা। এ ছাড়া ভালো গল্পের অভাব ও টেকনিক্যাল সাপোর্টও সেভাবে নেই। কাজ করতে হলে আগে জানতে হবে। গাইতে গাইতে গায়েন হওয়া যায় কিন্তু শিল্পী হওয়া অনেক কঠিন। ঠিক তেমনি কেবল হাতে-কলমে প্রশিক্ষণ থাকলেই হয় না, সঙ্গে প্রাতিষ্ঠানিক শিক্ষা থাকাটাও জরুরি।’