শিল্পী হওয়ার স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেডফোন কানে লাগিয়ে পুরো পৃথিবী থেকে আলাদা হয়ে যায় মেয়েটি। গানের মধ্যে ডুব দেওয়ার সময় তখন। সব ভুলে সুর আর কথার জগতে ঢুকে পড়া। স্টুডিওতে থাকার সময়টা তাই তাঁর কাছে সেরা সময়।এভাবেই গান করেন কণা। ‘ডিরেক্টরস অ্যাক্টর’ শব্দটি তাঁর বেলায়—‘মিউজিক ডিরেক্টরস সিঙ্গার’।‘পরিচালকের কথাই আমার কাছে শেষ কথা। তিনি যা বলেন, যা চান, তা-ই করতে চেষ্টা করি। অনেক নতুন সংগীত পরিচালকের সঙ্গেও কাজ করতে হয়। তাঁদেরও আমি একইভাবে সম্মান করি।’ বলেন কণা।এ বছর ঈদের আগে মুক্তি পাচ্ছে কণার নতুন একক অ্যালবাম। জিঙ্গেল, স্টেজ শো, স্টুডিও কনসার্ট, চলচ্চিত্রের গান—সব মিলে দারুণ ব্যস্ত তিনি। মুঠোফোন ও ইলেকট্রনিক্স পণ্যের অনেক জিঙ্গেল করেছেন কণা। অনেক বিজ্ঞাপনে কণ্ঠও দিয়েছেন। সে জন্যই কি তৃতীয় অ্যালবাম বাজারে আসতে একটু বেশি সময় নিচ্ছে? ‘আমি চাই আমার কাজগুলো নিখুঁত হোক। অনেকেই বলেছেন, “তুমি মিউজিক ভিডিওতে এত সময় ও অর্থ দিলে কেন?” আমার একই জবাব, শ্রোতাদের ভালোবাসা ধরে রাখতে হলে তাঁদের জন্য পরিশ্রম করতে হবে।’ বলেন কণা।‘মেরিল-প্রথম আলো ২০১০’ পুরস্কারে সেরা কণ্ঠশিল্পী নারী বিভাগে মনোনীত হয়েছিলেন কণা। তবে ওই বিভাগে পুরস্কার পাননি তিনি। ‘পুরস্কারের আশায় গান করি না। কিন্তু মনোনয়ন পাওয়ার পর পুরস্কারের আশা তো করবই। সেদিন নাম ঘোষণার আগে দর্শকেরা সবাই আমার নাম বলছিলেন। এ জন্য খুব ভালো লেগেছে। ভুলে গেছি পুরস্কার না পাওয়ার দুঃখ। এখন না হোক, সামনে কোনো একদিন নিশ্চয়ই পাব।’ বলেন কণা।হাবিবের সঙ্গে একটা দ্বৈত গান করার জন্য অনেক দিনের অপেক্ষা ছিল কণার। এবার তা শেষ। সেই কারণেই বোধহয় ‘প্রজাপতি’ গানটার অন্য রকম গুরুত্ব তাঁর কাছে। ‘“প্রজাপতি” গানটা আমার জীবনের টার্নিং পয়েন্ট।’ বলেন তিনি।আইয়ুব বাচ্চু, শওকত আলী ইমন, বাপ্পা মজুমদার, ইবরার টিপু, ইমন সাহা, ফুয়াদ, অর্ণব, হূদয় খানসহ অনেক পরিচালকের সঙ্গেই কাজ করেছেন কণা। ‘এ জন্য নিজেকে অনেক সৌভাগ্যবান মনে হয়। যখন যাঁর সঙ্গে কাজ করি, তাঁর স্টাইলটা বোঝার চেষ্টা করি। এভাবেই হয়তো “ভার্সেটাইল” হয়ে ওঠা যায়।’ আপাতত কণার জীবনে গানের বাইরে আর কিছুর জায়গা নেই। জীবনের শেষ দিন পর্যন্ত গান করার স্বপ্ন দেখেন তিনি। ‘নীলুফার ইয়াসমিনকে দেখেছি, তখন তাঁর কেমোথেরাপি চলছিল। সেই সময়ও গান করছেন তিনি। আমি এমন শিল্পীদের অনুসরণ করি। রুনা লায়লা আমার আইকন। তাঁর মতো হতে চাই। জানি, আমার গান তাঁর মতো হয় না । কিন্তু একদিন তাঁর মতো শিল্পী হতে পারব—এই স্বপ্ন দেখি।’