শিল্পী হচ্ছেন তপ্ত মরুতে শীতল হাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১তম স্বল্প ও মুক্তদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে আলমগীর কবীর স্মারক বক্তব্য দিতে সম্প্রতি ঢাকায় এসেছিলেন দক্ষিণ ভারতের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক সাজী এন করুণ। তাঁর প্রথম কাহিনিচিত্র ‘পিরাভি’ (১৯৮৮) কান চলচ্চিত্র উৎসবসহ আরও অনেক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা লাভ করেছে। প্রথম আলোর জন্য সাক্ষাত্কারটি গ্রহণ করেছেন জাহিদুর রহিম অঞ্জনঅঞ্জন: আপনি কেন সিনেমা করতে আগ্রহী হলেন? সাজী: পুনা ফিল্ম ইনস্টিটিউটে যাওয়ার আগেই আমি মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিলাম। আর দশটা বাবা-মায়ের মতো আমার পরিবারও চাইত আমি ডাক্তার হই। এর মধ্যেই আমার বন্ধুর সঙ্গে পাহাড়ে বেড়াতে গেলাম। কেরালায় আমরা যেখানে থাকতাম, তার থেকে পাহাড় একটু দূরে। পাহাড়ে উঠতে আমাদের বেশ কষ্ট হচ্ছিল। কিন্তু যখন চূড়ায় উঠলাম, তখন আমার অপূর্ব এক অনুভূতি জাগল। এত ওপর থেকে আমি কখনো কোনো দৃশ্য দেখিনি। মনে হলো, এই অভিজ্ঞতা অন্যের সঙ্গে ভাগ করে নিতে পারলে বেশ ভালো হতো। ভাবলাম, সিনেমা তো তাই করে। এই সব সুন্দর মুহূর্ত ক্যামেরায় তুলে সবাইকে দেখায়। ফিরে এসে আমি ফিল্ম ইনস্টিটিউটে ঢুকে পড়লাম।অঞ্জন: আপনি তো ইনস্টিটিউটে সিনেমাটোগ্রাফিতে ভর্তি হলেন? সাজী: হ্যাঁ, আমি ভেবেছিলাম, সিনেমায় দর্শকদের যিনি প্রথমত ছবিগুলো দেখান, তিনি হচ্ছেন ক্যামেরাম্যান। কিন্তু পাস করার কিছু দিন আগে আমি পাসলিনির ছবি দেখলাম, দেখলাম ফেলিনি। আরও পরে তারকোভস্কি। এঁদের ছবি দেখে মনে হলো, সিনেমা কাহিনি, দৃশ্য—এগুলোর বাইরেও আরও কিছু; এর অবস্থান সমগ্রের মধ্যে। এখানেই সম্ভবত সিনেমার জাদু। আমি তখন থেকেই সিনেমা বানানোর কথা ভাবতে শুরু করলাম। অঞ্জন: নিজের ছবি পরিচালনা শুরু করলেন কবে?সাজী: আমার নিজের ছবি শুরু করতে দীর্ঘ ১৫ বছর লেগেছে। এর ভেতরে আমি ক্যামেরাম্যান হিসেবে অনেকের ছবিতে কাজ করেছি। জি. অরবিন্দন তাঁদের মধ্যে সবচেয়ে উল্লেখ করার মতো পরিচালক। তাঁর প্রভাব আমার ওপরে অনেক। আমি থাম্পু ছবিতে ক্যামেরার জন্য জাতীয় পুরস্কার পেয়েছি, তখন আমি বেশ তরুণ। সহজেই মুম্বাই চলে যেতে পারতাম। ওখানে অর্থ, যশ দুটোই আছে। অন্য একটা অসুবিধাও ছিল, আমি কখনোই হিন্দি ভাষাটা ভালো রপ্ত করতে পারিনি। আমি কেরালায়ই কাজ করতে চেয়েছি। নিজের সংস্কৃতির সঙ্গে যোগাযোগ আমার কাছে গুরুত্বপূর্ণ। আর আমি খুব সাদামাটা জীবন যাপন করি। আমার প্রয়োজন স্বল্প। যা-ই হোক, আমি প্রথম ছবি করলাম ৮৭/৮৮ সালে—পিরাভি। আমার প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি। একজন বাবা তাঁর নিখোঁজ সন্তানের জন্য অপেক্ষা করছেন। ছবির একদম শেষে আমরা দেখি, বাবা ভাবছেন তাঁর জ্ঞানের বাইরে কোথাও না কোথাও তাঁর ছেলে বেঁচে আছে, ভালো আছে...।অঞ্জন: আপনি তো বড় দৈর্ঘ্যের কাহিনিনির্ভর ছবি করেছেন, আবার বেশ কিছু প্রমাণ্য চলচ্চিত্রও নির্মাণ করেছেন—আপনার কাছে পার্থক্যটা কেমন? সাজী: বৃহত্ অর্থে তেমন কোনো পার্থক্য নেই। সিনেমার কাহিনী সাহিত্যের কাহিনীর মতো নয়। আমার বেশির ভাগ ছবিই আমার নিজস্ব কাহিনি নিয়ে করা। আমার কাছে ছবির ব্যাপারটা অনেকটা লোক-গল্পগাথার মতো। কাহিনির বাইরেও অভিনেতার অভিব্যক্তি, আচরণ, সংগীত, সংলাপ, গোটা পরিবেশ—সবকিছু মিলিয়েই পুরো একটা বিষয়। কাহিনিচিত্র আমার কাছে খানিকটা ওই রকম।অঞ্জন: আর প্রমাণ্য ছবি? সাজী: আমি যে কটা প্রমাণ্য ছবি করেছি, তার তিনটিই কোনো না কোনো শিল্পীর ওপর। একটা জি. অরবিন্দনের ওপর, আরেকটা প্রখ্যাত চিত্রশিল্পী কে. জি. সুব্রমনিয়মকে নিয়ে। অন্যটার বিষয় একজন অন্ধ সূচিশিল্পী। আমি আসলে একজন শিল্পী হিসেবে অন্য শিল্পীর জগত্টাকে বুঝতে চেষ্টা করেছি, এর বেশি কিছু নয়। অঞ্জন: শিল্পী হিসেবে আপনি কি আপনার ছবিতে কিছু বলতে চেয়েছেন? সাজী: হয়তো। প্রত্যেক শিল্পীরই কিছু না কিছু বলার থাকে, দেখানোর থাকে। আমি আমার গল্পের চরিত্রগুলোর ভেতরে ঢুকতে চেয়েছি, আমি তাদের অন্তরের মহত্ দিকগুলো দর্শকের সামনে তুলে ধরতে চেয়েছি। প্রত্যেক মানুষই কিছু না কিছু সদ্গুণের অধিকারী। কিন্তু এগুলো দ্রুত হারিয়ে যাচ্ছে। আমি সেই ভালো মানুষকে দর্শকের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চেয়েছি। এতে দর্শকের নিজেরও ভালো লাগার অনুভূতি হয়। সমাজের জন্য শিল্পীর প্রয়োজন আছে। শিল্পী হচ্ছেন তপ্ত মরুতে একটু শীতল হাওয়ার মতো, যা আমাদের প্রশান্তির অনুভূতি দেয়।অঞ্জন: এই কদিন ঢাকায় কেমন লাগল? সাজী: আমি সব সময় ঢাকায় আসতে চেয়েছি। ঢাকা অনেক ঐতিহ্যবাহী শহর। আমার ছবির কাজ নিয়ে আমি এখন ভীষণ ব্যস্ত, কিন্তু ঢাকা থেকে নিমন্ত্রণ পেয়েই আমি সাড়া দিয়েছি। বাংলাদেশের প্রকৃতি বিশেষ করে নদী আমাকে মুগ্ধ করেছে। এ দেশের মানুষ অনেক উষ্ণহূদয় এবং অনুভূতিশীল। ঢাকা সাংস্কৃতিকভাবে এ অঞ্চলের জন্য অনেক তাৎপর্যপূর্ণ শহর। আমার মনে হয়, সেদিক দিয়ে কলকাতার চেয়ে ঢাকা এখন গুরুত্বপূর্ণ শহর। আমি বারবার এখানে ফিরে আসতে চাই।