শিল্পী ১২০ জন আর অ্যালবাম ১১টি
শুদ্ধ বাণী ও সুরের নজরুলসংগীতের সঙ্গে শ্রোতাদের পরিচয় করিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে নজরুল ইনস্টিটিউট। এ পর্যায়ে ১১টি অডিও সিডির অ্যালবাম প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। এগুলোতে কণ্ঠ দিচ্ছেন নজরুলের গানের সঙ্গে জড়িত ১২০ জন শিল্পী। শিল্পীদের গানগুলোর প্রশিক্ষণ দিয়েছেন এবং পুরো কাজের তত্ত্বাবধান করছেন সুধীন দাশ। তিনি বললেন, ‘এই কাজের বড় বিশেষত্ব হলো, এখানে নজরুলের নিজের সুর করা গানগুলোই রাখা হয়েছে। নজরুলের কিছু গান তো আরও অনেকে সুর করেছিলেন। নজরুলের নিজের সুরের যে আলাদা একটা ধারা আছে, সেটাই এ আয়োজনের মধ্য দিয়ে সবার কাছে তুলে ধরা হচ্ছে।’তিনি আরও বলেন, ‘এই আয়োজনে কণ্ঠ দিয়েছেন নতুন-পুরোনো, ঢাকা ও ঢাকার বাইরের ১২০ জন শিল্পী। সবাইকে সুযোগ দেওয়াই আমাদের উদ্দেশ্য।’ সংগীত পরিচালনা করছেন সুজেয় শ্যাম।নজরুল ইনস্টিটিউটের উপপরিচালক রেজাউদ্দিন স্টালিন জানান, আগামী ২৪ ও ২৫ জুন ঢাকায় আন্তর্জাতিক নজরুল সম্মেলনের আয়োজন করা হচ্ছে। ওই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ১১টি সিডির এই অ্যালবাম তুলে দেওয়া হবে। এরপর শ্রোতারা তা সংগ্রহ করতে পারবেন।