
পৃথিবীজুড়ে অসুন্দরের বিপক্ষে সুন্দরের পক্ষে শিল্পীরা প্রতিনিয়ত যুদ্ধে লিপ্ত। এ যুদ্ধে শরিক শিল্পী মাসুদা আহমেদ সাথী। যিনি ক্যানভাসে রঙিন স্বপ্ন আঁকেন। সেখানে বুনে দেন বর্ণিল জীবনের টুকরো টুকরো গল্প। ক্যানভাসের সঙ্গেই যাঁর গভীর প্রেম ও প্রীতির বন্ধন। এ শিল্পীই এখন যুদ্ধ করছেন ঘাতক ব্যাধি ক্যানসারের সঙ্গে। জীবনযুদ্ধে হারতে রাজি নন এই নবীন চিত্রকর, তাঁর সংগ্রামে সঙ্গী হয়েছেন দেশের অর্ধশতাধিক নবীন-প্রবীণ শিল্পী। বাড়িয়ে দিয়েছেন সহমর্মিতার হাত। শিল্পের শক্তি দিয়েই এই নবীন প্রাণকে বাঁচাতে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। ঢাকার ধানমন্ডির দৃক গ্যালারিতে ‘ছন্দিত বর্ণের নিভৃত কথন’ শীর্ষক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীর শিল্পকর্মের বিক্রয়লব্ধ অর্থ ব্যয় করা হবে সাথীর চিকিৎসার্থে।
গতকাল শুক্রবার বিকেলে এ প্রদর্শনীর উদ্বোধন হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রখ্যাত শিল্পী অধ্যাপক সমরজিৎ রায়চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন খ্যাতিমান দুই শিল্পী মনিরুল ইসলাম ও সৈয়দ আবুল বারক আলভী। এ সময় উপস্থিত ছিলেন মাসুদা আহমেদ।
জলরং, তেলরং, মিশ্র মাধ্যম, অ্যাক্রিলিক ও ছাপচিত্রের সমন্বয় ঘটেছে এই শিল্প আয়োজনে। মূর্ত ও বিমূর্ত আঙ্গিকে বিষয় হিসেবে উঠে এসেছে মানুষ, প্রকৃতি ও জীবনের গল্পকথা। মাসুদা আহমেদ সাথীর আঁকা কয়েকটি ছবিতে উদ্ভাসিত হয়েছে নিসর্গের নান্দনিকতা।
প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীরা হলেন সমরজিৎ রায়চৌধুরী, মনিরুল ইসলাম, রফিকুন নবী, সৈয়দ আবুল বারক আলভী, আবদুল মান্নান, কালিদাস কর্মকার, আবদুস সাত্তার, চন্দ্রশেখর দে, নাজলী লায়লা মনসুর, রণজিৎ দাস, আইভি জামান, জামাল আহমেদ, ঢালী আল মামুন, নাসরীন বেগম, রোকেয়া সুলতানা, নিসার হোসেন, শেখ আফজাল, শিশির ভট্টাচার্য্য, জাহিদ মুস্তাফা, নাসিমা খানম, উত্তম গুহ, মোহাম্মদ ইকবাল প্রমুখ।
নয় দিনব্যাপী এ প্রদর্শনী চলবে ১২ মার্চ পর্যন্ত।