
‘খেয়াল পোকা’ জিনিসটা কী?
আমার নতুন অ্যালবামের নাম। আমার গান যেমন হয়ে থাকে, নতুন এই অ্যালবামের গানগুলোও ঠিক তেমনই। আমি নিশ্চিত, এখান থেকে তিন-চারটি গান শ্রোতারা দারুণভাবে গ্রহণ করবেন।
অ্যালবামের ‘খেয়াল পোকা’ নামে কোনো গান আছে?
মনে হলো তাই নাম দিয়েছি খেয়াল পোকা।
অ্যালবাম আসার আগেই এই অ্যালবামের গান রবি মিউজিক রেডিওতে শোনা গেছে।
সময়ের সঙ্গে যাওয়ার দরকার, সময়ের সঙ্গেই যাচ্ছি। আমার গানগুলো বের হওয়া দরকার, একটা উপায় খুঁজছিলাম। এর মধ্যে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি যোগাযোগ করেছে। গানগুলো তারা পছন্দ করেছে। রবি গ্রাহকেরা ৪৮৭৮৭৭ নম্বরে ডায়াল করলেই গানগুলো শুনতে পাবেন। তবে ভালোবাসা দিবসের আগেই জি-সিরিজ থেকে তৈরি সিডি বাজারে আসবে।
এই অ্যালবামে জ্যেষ্ঠ শিল্পীদের পাশাপাশি নতুন ছেলেমেয়েরাও গান করেছে। কেমন হয়েছে?
অ্যালবামে বেশির ভাগই গানই গেয়েছেন নতুন শিল্পীরা। সবাই ভালো গেয়েছেন। তবে নতুনদের মধ্যে নন্দিতা, শামীম ও ইভা তো দারুণ গেয়েছে।
ডিজিটাল প্ল্যাটফর্মে এত পরে যুক্ত হলেন কেন?
আমি তো আসতেই চাইনি। ইউটিউব প্রজন্মের জন্যই আমাকে আসতে হয়েছে।
গান এখন শুধু শোনার মাঝে থেমে নেই, ভিডিওটাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
সেটা তো আমিও বুঝি। আমার ইচ্ছে আছে মিউজিক ভিডিওর দিকে যাওয়ার। ইতিমধ্যে দুটি গানের মিউজিক ভিডিও নিয়ে পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। ভালোবাসা দিবসে সেগুলো টিভিতে দেখা যাবে।
গান লেখা আর সুর করার সময় কোন দিকটি বিবেচনা করেন?
সৃষ্টির সময় আমার কোনো কিছুই মাথায় থাকে না। কোনো টার্গেট নিয়ে কিছু সৃষ্টিও হয় না। হঠাৎ মাথার মধ্যে কিছু একটা এলেই তা ধরে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।
অনেকে বলেন, আপনি নাকি শিল্পীকে মাথায় রেখে গান তৈরি করেন।
শিল্পীদের অনেকের গান আমার কাছে থাকে। কোনো গান তৈরির সময় যদি মনে করি, এই গানটি অমুক শিল্পীকে দিয়ে গাওয়ানো উচিত, তখন তাঁর সঙ্গে কথা বলি। কোনো শিল্পীকে মাথায় রেখে গান করি না।
গান আপনাকে কষ্ট দিয়েছে কখনো...
অনেক কষ্ট পেয়েছি। একটা কষ্টের কথা বলতে চাই। আমার বাসার কাছে খুলনা আজম খান কমার্স কলেজে গাইতে এসেছিলেন ওই সময়ের একজন জনপ্রিয় গায়ক। ভিড়ের কারণে অনেক চেষ্টা করেও সেই কনসার্ট দেখতে পারিনি। জেদ চেপে বসে। রাগের বসে বলেও ফেলি, একদিন বড় শিল্পীরা আমার পেছনে ঘুরবে। এ নিয়ে বন্ধুরা আমাকে প্রায়ই খ্যাপাত। একটা সময় ওই শিল্পী আমার কথা-সুরে অ্যালবাম প্রকাশ করতে আগ্রহ প্রকাশ করেছিলেন। কিন্তু ব্যস্ততার কারণে তাঁর সঙ্গে আর অ্যালবামের কাজ করা সম্ভব হয়নি।
সাক্ষাৎকার: মনজুর কাদের