দেশ টিভিতে আজ ‘ক্লোজআপ কল-এর গান’ অনুষ্ঠানে গান করবে মাইলস। তিন ঘণ্টার এই অনুষ্ঠানটি স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে। পরিচালনা করেছেন আলমগীর হোসেন। আজকের অনুষ্ঠান নিয়ে কথা হলো মাইলস ব্যান্ডের হামিন আহমেদের সঙ্গে।শাফিন আহমেদ চলে যাওয়ার পর টিভিতে কোনো লাইভ শো করেছেন?না, এবারই প্রথম করছি। আজকের অনুষ্ঠানে নিজেদের গানই বেশি করব। আর দর্শকদের অনুরোধ তো থাকবেই। তবে বাইরের শিল্পী এবং ব্যান্ডের গানও করব। এই যেমন পিংক ফ্লয়েড, ব্রায়ান অ্যাডামস, গানস এন রোজেস, ইগলস, ডিপ পার্পল, সান্টানা, এক্সট্রিম। কারণ, আমরা তো বাংলা গানের পাশাপাশি মঞ্চে ইংরেজি গানও করি। আমাদের দর্শক-শ্রোতারাও দুই ধরনের গানই শুনতে চান।নতুন কোনো গান করার ইচ্ছা আছে?হ্যাঁ। একটা গান করব, ‘প্রিয়তমা মেঘ’। ভালোবাসা দিবস উপলক্ষে রেডিও ফুর্তিতে গানটির রেডিও রিলিজ হয়েছিল। নতুন অ্যালবামের কাজও আমরা এগিয়ে নিচ্ছি। ছয়টি গান পুরোপুরি তৈরি হয়েছে। আরও ছয়-সাতটি গান করার ইচ্ছা আছে। ওগুলোর প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। এর মধ্য থেকে অ্যালবামের জন্য ১০টি গান নির্বাচন করব। মাইলসের ভক্তরা অ্যালবামটি কবে হাতে পাবে?পুরো অ্যালবামের কাজ শেষ করেই তারপর সময়টা বলতে চাইছি। এখন বেজ গিটার কে বাজাচ্ছেন? এরই মধ্যে শাফিনের জায়গায় বেজ গিটারিস্ট হিসেবে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সুমন রহমান। এর আগে সুমন পেপার রাইম ও জন্মভূমি ব্যান্ডের সঙ্গে ছিলেন। ফুয়াদের সঙ্গে কাজ করেছেন। সুমন বেশ অভিজ্ঞ। মেধাসম্পদ অধিকার নিয়ে আপনারা মামলা করেছেন। তার কী খবর?গত বুধবার মামলার একটি শুনানি হয়েছে। পরবর্তী শুনানির তারিখ ২৩ মে। এই মামলাটি শুধু মাইলস কিংবা জেমসের নয়, এর দিকে এখন তাকিয়ে আছে বাংলাদেশের শিল্পীরা। কারণ, আমরা মনে করি, এর মধ্য দিয়ে শিল্পীদের অধিকার প্রতিষ্ঠিত হবে। আর কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান শিল্পীকে তাঁদের অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না। শিল্পীরা তাঁদের উপযুক্ত সম্মান পাবেন।