শিল্পীদের কণ্ঠে বিশ্বকাপের গান
বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে তৈরি হয়েছে অনেক গান। দেশের জনপ্রিয় শিল্পী ও ব্যান্ড থেকে শুরু করে নতুন শিল্পীরাও কণ্ঠ দিয়েছেন তাতে। তেমনি কয়েকজন শিল্পীর সঙ্গে কথা হলো তাঁদের বিশ্বকাপ ক্রিকেটের গান নিয়ে।আইয়ুব বাচ্চুবিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে তৈরি হয়েছে রক গানের অ্যালবাম গর্জে ওঠো বাংলাদেশ। রেডিও টুডের তত্ত্বাবধানে তৈরি অ্যালবামটি প্রযোজনা করেছেন এই প্রতিষ্ঠানের বিপণন বিভাগের প্রধান সাইফি। এর পৃষ্ঠপোষক গ্রামীণফোন। এই অ্যালবামে আছে এলআরবির জনপ্রিয় গান ‘বাংলাদেশ’। নিজেদের তবু অ্যালবামের এই গানটি এবার নতুন করে গেয়েছে এলআরবি। ব্যান্ডটির প্রধান আইয়ুব বাচ্চু বলেন, ‘সব কনসার্টেই আমরা বাংলাদেশ গানটি করি। এবার এই গানটি গর্জে ওঠো বাংলাদেশ অ্যালবামের জন্য নির্বাচন করা হলো। এরই মধ্যে আমরা গানটিতে নতুন করে কণ্ঠ দিয়েছি।’কুমার বিশ্বজিৎ‘বিশ্বকাপ ক্রিকেট নিয়ে অনেক গান হচ্ছে। দেখছি। হয়তো আরও হবে। শ্রোতাদের কাছে যে গানটা ভালো লাগবে, সেটাই গুরুত্বপূর্ণ।’ বিশ্বকাপ ক্রিকেট নিয়ে এবারের গানগুলো সম্পর্কে এভাবেই নিজের অভিমত জানালেন কুমার বিশ্বজিৎ। তিনি নিজেও একটি গান করেছেন। শিরোনাম ‘এখনই সময় যেখানে বিজয়’। লিখেছেন কবির বকুল আর সুর করেছেন শওকত আলী ইমন।বিশ্বজিৎ আরও বলেন, ‘নিজের দেশে এত বড় আয়োজন হচ্ছে, এটা তো গর্বের ব্যাপার। আর এখানে বাংলাদেশ খেলছে। আমি চাই বাংলাদেশ অন্তত কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলুক।’বিপ্লবপ্রমিথিউস ব্যান্ড এবার একটিই গান করেছে। গানটির পৃষ্ঠপোষক স্বদেশ প্রপার্টিজ। ‘গর্জে ওঠো বাংলাদেশ’ শিরোনামের গানটি লিখেছেন জামাল মল্লিক, সুর করেছেন বিপ্লব। গানটিতে কণ্ঠ দিয়েছেন বিপ্লব। বললেন, ‘কয়েক দিন ধরে নিজের মধ্যে এক অন্য রকম অনভূতি কাজ করছে। অনেক দিন পর দলমত-নির্বিশেষে সবাই যেন এক জায়গায় চলে এসেছে। আবারও প্রমাণিত হলো, একমাত্র ক্রিকেটই পারে এমন ঐক্য গড়ে তুলতে।’মেহরীনবিশ্বকাপ ক্রিকেটে অংশ নেওয়া বাংলাদেশ দলের থিম সং ‘কাপ কিন্তু একটাই’। গানটি গেয়েছেন মেহরীন। গানটি তৈরির ব্যাপারে মুখ্য ভূমিকা রেখেছে বিজ্ঞাপনী প্রতিষ্ঠান গ্রে। এটি তৈরি হয়েছে বেক্সিমকোর উদ্যোগে। গানটি লিখেছেন শামীম, সুর করেছেন সন্ধি। গানটির দৈর্ঘ্য মাত্র আড়াই মিনিট। মেহরীন বলেন, ‘এই কাজটা আমার জন্য খুব স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। খুব ভালো একটা গান তৈরির চেষ্টা করেছি।’আরফিন রুমীবাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে উৎসাহ দিতে গান তৈরি করেছে দুরবিন। গানের কথা হলো: ‘জ্বলে ওঠো বাংলাদেশ, গর্জে ওঠো বাংলাদেশ, স্বপ্ন নিয়ে বিশ্বকাপের সামনে এগিয়ে যাও’। লিখেছেন রবিউল ইসলাম আর সুর ও সংগীত আয়োজন করেছেন আরফিন রুমী। গানটি এখন চ্যানেল আইতে নিয়মিত প্রচারিত হচ্ছে। রুমী বললেন, ‘আমি নিজেও একসময় ক্রিকেট খেলতাম। তাই ক্রিকেট নিয়ে গান করতে গিয়ে অন্য রকম অনুভূতি কাজ করেছে আমার মধ্যে। গানটির কথা, সুর, সংগীত আয়োজন—সবকিছুতে ক্রিকেট উৎসবের আমেজ রয়েছে।’