শিল্পীদের মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলন পরিণত হয়েছিল নবীন শিল্পীদের মিলনমেলায় l ছবি: প্রথম আলো
সংবাদ সম্মেলন পরিণত হয়েছিল নবীন শিল্পীদের মিলনমেলায় l ছবি: প্রথম আলো

ব্যানারে ‘সংবাদ সম্মেলন’ লেখা থাকলেও শুধু তাতেই সীমাবদ্ধ থাকেনি আয়োজনটি। সেটি পরিণত হয়েছিল নবীন-প্রবীণ কণ্ঠশিল্পী, সুরকার, গীতিকার ও প্রযোজকদের মিলনমেলায়। সংবাদকর্মীরা কথা বলার কিংবা প্রশ্ন করার সুযোগ না পেলেও সংগীতশিল্পীরা মন খুলে বলেছেন প্রথমবারের মতো আয়োজিত ‘গান মেলা’ নিয়ে তাঁদের পরিকল্পনার কথা। পাইরেসির খপ্পরসহ প্রযুক্তিগত নানা জটিলতায় ধ্বংসপ্রায় দেশের অডিও সংগীতশিল্পকে পুনরুদ্ধারের আহ্বান জানিয়েছেন তাঁরা।
আগামী বৃহস্পতিবার থেকে শিল্পকলা একাডেমীর উন্মুক্ত প্রাঙ্গণে শুরু হচ্ছে গান মেলা—২৯ মার্চ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জেনেছেন পাঠক। ১৮ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠেয় মেলায় প্রতিদিন বিকেল পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত গান নিয়ে আলোচনা হবে। আলোচনা শেষে প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে সাতটা পর্যন্ত দেশের বিভিন্ন এলাকা থেকে শিল্পীদের নতুন অ্যালবামের মোড়ক উন্মোচন করা হবে। আর গান মেলার বিশেষ আকর্ষণ হিসেবে প্রতিদিন সন্ধ্যা সাতটার পর অনুষ্ঠিত হবে জনপ্রিয় শিল্পীদের সংগীত পরিবেশনা। এ মেলার আয়োজন করছে মিউজিক ইন্ডাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এমআইবি)। রাজধানীর সোনারগাঁও রোডের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন এমআইবির মহাসচিব শেখ শাহেদ আলী। মেলার কর্মসূচির বিষয় নিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি হাসান মতিউর রহমান। এরপর বক্তব্য দেন মেলার সমন্বয়কারী সাজেদ ফাতেমী। সংগঠনের সভাপতি এ কে এম আরিফুর রহমানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সুরকার ও সংগীত পরিচালক শেখ সাদী খান ও বাসুদেব, গীতিকার শহীদুল্লাহ ফরায়জী ও জুলফিকার রাসেল, সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ, জানে আলম, ফাতেমা-তুজ-জোহরা, কণ্ঠশিল্পী বিপ্লব, আসিফ আকবর, রন্টি দাস, চম্পা বণিক, কাজী শুভ, পুতুল প্রমুখ।