শিল্পীদের সঙ্গে মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে গতকাল সোমবার আয়োজিত মতবিনিময় সভায় অংশগ্রহণকারী শিল্পীরা। ছবি: প্রথম আলো
শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে গতকাল সোমবার আয়োজিত মতবিনিময় সভায় অংশগ্রহণকারী শিল্পীরা। ছবি: প্রথম আলো

‘২০১২ সালে শিল্পকলা একাডেমির পক্ষ থেকে দুবাই গিয়েছিলাম, কিন্তু আমাদের কোনো দলনেতা ছিল না। দুবাইয়ের সাউন্ড সিস্টেম ভালো না থাকায় আমাদের সমস্যায় পড়তে হয়। মূলত সম্পূর্ণ প্রস্তুতি নিয়েই দেশের বাইরে যাওয়া উচিত।’ বিশিষ্ট নৃত্যশিল্পী শর্মিলা বন্দ্যোপাধ্যায় এমন মন্তব্য করেছেন।

গতকাল সোমবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির আয়োজনে বিদেশে বাংলাদেশ সাংস্কৃতিক দলে অংশগ্রহণকারী শিল্পীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন।

জাতীয় নাট্যশালার সেমিনার হলে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন শিল্পী সুবীর নন্দী, শাহীন সামাদ, সফি মণ্ডল, সমির বাউল, আবু বকর সিদ্দিক, রুমানা ইসলাম খান, দিনাত জাহান, মৌটুসী ইসলাম, মহিউজ্জামান চৌধুরী, শারমীন সাথী ইসলাম, কবিরুল ইসলাম, শামীম আরা নীপা, তামান্না রহমান, মুনমুন আহমেদ, বেলায়েত হোসেন, ওয়ার্দা রিহাব, সামিনা হোসেন, ইউসুফ খানসহ শতাধিক শিল্পী।

আলোচনায় শিল্পী সুবীর নন্দী বলেন, ‘অনুষ্ঠানে লাইট ও সাউন্ড অনেক বেশি জরুরি হয়ে ওঠে। দেশের বাইরের অনুষ্ঠানে আমাদের দেশের অভিজ্ঞ লাইট ও সাউন্ড ইঞ্জিনিয়ার নিয়ে যাওয়া উচিত। নতুবা দেশের বাইরে গিয়ে সমস্যায় পড়তে হয়। বর্তমানে আমাদের দেশে অনেক ভালো লাইট ও সাউন্ড ইঞ্জিনিয়ার আছেন। তাঁদের দলে অন্তর্ভুক্ত করলে ভালো হবে।’

মুনমুন আহমেদ বলেন, ‘বাইরে গেলে আমাদের উচিত ভালোভাবে মহড়া করে মঞ্চে ওঠা।’

তামান্না রহমান বলেন, ‘১৯৮১ সালে প্রথম যখন বিদেশে গিয়েছিলাম, তখন একজন টেকনিক্যাল ডিরেক্টর ছিলেন, কিন্তু বর্তমানে থাকে না। ২০১৩ সালে যখন গেলাম, তখন আমরা অনেক কিছুই পাইনি। নিজের দেশকে তুলে ধরার জন্য একজন উপস্থাপক অনেক বেশি গুরুত্বপূর্ণ।’

শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, ‘বেশ কিছু অভিজ্ঞতা আমরা অর্জন করেছি। প্রধানমন্ত্রীর নির্দেশনায় খুব তাড়াতাড়ি আমাদের দেশে একটি অপেরা হাউস হবে। আমরা সংস্কৃতিতে আরও সমৃদ্ধ হব। ভবিষ্যতে আমাদের আরও অনেক টিম বিদেশে যাবে এবং বিদেশিরাও আমাদের দেশে আসবে। এভাবে আমরা অনেক অভিজ্ঞতা অর্জন করব।’