শিল্পীদের ‘না’ এবং ‘হ্যাঁ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের শিল্পীরা বিভিন্ন সময় কঠিন কঠিন কিছু সিদ্ধান্ত নিয়ে থাকেন। সেই সিদ্ধান্তগুলো তাঁরা খবরের কাগজে পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেন। সিদ্ধান্তগুলো হলো, আমি আর গান গাইব না, অভিনয় করব না, কাউকে অপছন্দ হলে তাঁর সঙ্গে আর কাজ করব না, ইত্যাদি ইত্যাদি। এ নিয়ে তাঁরা তাঁদের নেওয়া সিদ্ধান্তের পক্ষে বিভিন্ন যুক্তিও তুলে ধরেন। কিন্তু কিছুদিন পরেই দেখা যায়, তাঁরা তাদের সিদ্ধান্তগুলোতে অটল থাকতে পারেন না। একজন শিল্পী কখন কাজ করবেন আর কখন করবেন না, সেটা একেবারেই তাঁর নিজের সিদ্ধান্ত। সবচেয়ে বড় কথা, শিল্পীরা তাঁর শেষ জীবন পর্যন্ত কাজ করে যাবেন—এই তো চাওয়া। প্রশ্নটা আনুষ্ঠানিক ঘোষণা নিয়ে। কেন তাঁরা ঘটা করে এমন ঘোষণা দেন? এবারের আয়োজনে আমরা সে প্রশ্নটাই করেছি কয়েকজন তারকা শিল্পীকে। লুটতরাজ ছবিতে ‘অনন্ত প্রেম তুমি দাও আমাকে’ গানটি গেয়ে আইয়ুব বাচ্চু বাংলা সিনেমায় নিজেকে অপরিহার্য শিল্পী হিসেবে গড়ে তোলেন। এরপর বাচ্চুর গান মানেই সেই সিনেমা ব্যবসাসফল। আম্মাজান ছবি ছিল তার জ্বলন্ত প্রমাণ। কিন্তু হঠা ৎ করেই আইয়ুব বাচ্চু ঘোষণা করলেন, তিনি আর সিনেমায় গান গাইবেন না। এ নিয়ে অনেক দেনদরবার। বাচ্চু নিজের সিদ্ধান্তে অটল থাকলেন। আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিলেন, তিনি আর বাংলা সিনেমায় গান করবেন না। অথচ বছর দুই পরেই পি এ কাজলের অন্তরে আছো তুমি ছবিতে বাচ্চু গান করলেন। তাহলে এই ঘোষণা দেওয়ার মানে কী? এ ব্যাপারে আইয়ুব বাচ্চুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি আসলে একটা অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করতেই হঠা ৎ করে সিনেমায় গান গাওয়া বন্ধ করেছিলাম। আমার গাওয়া গানগুলো জনপ্রিয় হচ্ছিল, তাই অনেক অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ক্যাসেটের মোড়কে আমার ছবি দিয়ে ‘বেস্ট অব বাচ্চু’ নামে বাজারে অ্যালবাম ছাড়ছিলেন। এটা বন্ধ করার জন্যই আমি সিনেমায় গান গাইব না বলে সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি খুবই দুঃখিত যে এ জন্য দর্শকেরা অনেক দিন সিনেমায় আমার গান পাননি। কিন্তু দর্শক-শ্রোতারা এটাও মানবেন যে একটা অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর অধিকার আমার আছে। আবার যখন অন্তরে আছো তুমি ছবির নির্মাতা আমার শর্ত মেনে নিলেন এবং বললেন, সিনেমার নায়ক-নায়িকার ছবি দিয়ে অডিও অ্যালবাম বাজারে আসবে, তখন আমি অন্তরে আছো তুমি ছবিতে গান করেছি।’ শাকিব খান-অপু বিশ্বাস জুটির ছবিগুলো ভালোভাবেই ব্যবসাসফল হচ্ছে। একদিন শাকিব খান তাঁর বাসায় সাংবাদিকদের ডাকলেন। অপুর বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ তুললেন। রাতারাতি কয়েকটি ছবি ছেড়ে দেওয়ারও ঘোষণা করলেন। মাত্র ২৪ ঘণ্টা শাকিব তাঁর এই সিদ্ধান্তে অটল থাকার পর নিজেই বললেন, তিনি মস্ত ভুল করতে যাচ্ছিলেন। খবরের কাগজগুলো যখন শাকিব-অপু জুটি ভাঙল কেন—এই প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছিল, তখন জানা গেল, শাকিব আবার অপুর সঙ্গে কাজ করছেন এবং নতুন তিনটি ছবি তিনি অপুর সঙ্গেই করছেন। তবে মিছেমিছি সাংবাদিকদের সামনে এমন ঘোষণা কেন? শাকিব বলেন, ‘আসলে তখন আমার সিদ্ধান্তটা ভুল ছিল। আমাকে ভুল তথ্য দেওয়া হয়েছিল। আমি জানি, হুট করে গণমাধ্যমের কাছে এমনভাবে বলা ঠিক হয়নি। তবে ভুল থেকেই মানুষ অনেক কিছু শিখতে পারে। কথাগুলো বলেছিলাম আবেগের বশবর্তী হয়ে। তবে ব্যাপারটাকে খুব বেশি দূর গড়াতে দিইনি। আমরা আবার এখন একসঙ্গে কাজ করছি।’ জনপ্রিয়তার তুঙ্গে কণ্ঠশিল্পী আসিফ। রাজনীতিতে সক্রিয়ভাবেই জড়ালেন। হঠা ৎ করেই আসিফ ঘোষণা দিয়ে বসলেন, তিনি আর গান করবেন না। কতজনের মিনতি—আসিফ, তুমি তোমার কথা ফিরিয়ে নাও। শিল্পী কনকচাঁপা তো রীতিমতো আসিফের উদ্দেশে প্রথম আলোতেই ফিরে আসার জন্য লিখলেন। অডিও প্রযোজনা প্রতিষ্ঠানের মালিকেরা পর্যন্ত আসিফকে বোঝাতে গেলেন, কিন্তু আসিফ জানিয়ে দিলেন, আর তিনি গান গাইবেন না। কিছুদিন এভাবেই কাটালেন তিনি। এরপর হঠা ৎ শোনা গেল, আসিফ কুমিল্লায় গান করেছেন। তারপর আসিফকে দেখা গেল বর্ষার উ ৎ সবে গান করতে। এরপর আসিফকে দেখা গেল টেলিভিশনে সরাসরি গান করতে। কেন আসিফ গান ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করলেন, তারপর আবার কী মনে করে গানের জগতে ফিরে এলেন?আসিফ বলেন, ‘চেয়েছিলাম নতুনদের উঠে আসার সুযোগ দিতে। গানের জগতে কিছু অনিশ্চয়তা চলছিল। এসব আমার ভালো লাগছিল না। তাই গান ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেছিলাম। কিন্তু প্রথম থেকেই জ্যেষ্ঠ শিল্পীদের প্রচণ্ড চাপ ছিল। তার পরও আমি সবাইকে মুখের ওপর না করে দিয়েছি। কিন্তু ভক্তদের না করতে পারিনি। তাই টেলিভিশনে সরাসরি গানের অনুষ্ঠানে অংশ নিয়েছিলাম। তবে সে জন্য আমি কোনো সম্মানী নিইনি। এখন আবার আমি গানে ফিরে আসার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছি। কারণ হচ্ছে, এখানে নিয়মশৃঙ্খলা নেই। হিন্দি গানের প্রভাব পড়েছে। এসব থেকে বাংলা গানের উত্তরণ ঘটাতেই আমি ফিরে আসব। জানুয়ারিতে এ ব্যাপারে আমি একটি সংবাদ সম্মেলনে বিস্তারিত বলব।’ ২০০৭ সালে মৌসুমী সংবাদপত্রে সাক্ষা ৎ কার দিয়ে বললেন, তিনি চলচ্চিত্র থেকে বিদায় নিচ্ছেন। বলেছেন, তিনি অন্য এক জীবনের সন্ধান পেয়েছেন। অভিনয় করতে করতে তিনি বাচ্চাদের সময় দিতে পারছেন না। তাই তিনি অভিনয়কে বিদায় জানাচ্ছেন।মৌসুমীর কথা শুনে আঁতকে ওঠেন নির্মাতারা। মৌসুমীকে সবাই বোঝালেন। তাঁর স্বামী ওমর সানী বললেন, ‘আমি চাই মৌসুমী এই সিদ্ধান্ত থেকে সরে আসুক।’ কিন্তু মৌসুমীর একই কথা। অভিনয় আর নয়। তবে তিনি বলেছিলেন, পরিচালনার কাজটা করবেন। কিন্তু কী মনে করে মৌসুমী আবার ফিরে এলেন। গাজী মাজহারুল আনোয়ারের ছবি দিয়ে মৌসুমীকে আবার দেখা গেল। এরপর চাষী নজরুল ইসলামের দুই পুরুষ ছবিতে মৌসুমী অভিনয় করলেন। করলেন দেবদাস। মৌসুমী এখন বছরে কয়েকটি ছবির কাজ করছেন। তাহলে মৌসুমী কেন এমনটা বলেছিলেন? ‘সেই সময়টাতে আমি অভিনয় ছাড়ার যে সিদ্ধান্ত নিয়েছিলাম, সেটি ছিল ওই সময়ের জন্য উপযুক্ত সিদ্ধান্ত। ভালো করে খেয়াল করলে দেখবেন, আমি ক্যারিয়ারের তুঙ্গে থেকেই সিনেমা ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেছিলাম। এও বলেছিলাম, যদি খুব উল্লেখযোগ্য কাজ পাই, যদি ভালো লাগে, তাহলে সেটা করতে পারি। আমি এখন যে অল্পস্বল্প কাজ করছি, সেটা তারই ধারাবাহিকতায়। ’ টিভি চ্যানেলগুলোতে এখন সরাসরি গানের অনুষ্ঠান বেশ উপভোগ্য একটি অনুষ্ঠান। সব শিল্পীকেই কমবেশি দেখা যায় সরাসরি গানের অনুষ্ঠানে। সুবীর নন্দী একদিন জানিয়ে দিলেন, তিনি আর এ ধরনের অনুষ্ঠানে অংশ নেবেন না। তাঁর উদ্ধৃতি দিয়ে পত্রপত্রিকায় ছাপানো সংবাদে জানা গেল, এ ধরনের গানের অনুষ্ঠান নিয়ে তাঁর অনেক আপত্তি রয়েছে। তিনি বলেছেন, সরাসরি গানের অনুষ্ঠানে আর যাবেন না।তবে কিছুদিনের মধ্যেই সুবীর নন্দীকে দেখা গেল, তিনি আবার টেলিভিশনে সরাসরি গানের অনুষ্ঠানে গান করছেন। তাহলে কেন বললেন সরাসরি গানের অনুষ্ঠানে যাবেন না? এ বিষয়ে সুবীর নন্দীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর বাসা থেকে জানানো হয়, তিনি দেশের বাইরে আছেন। তাই তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।বিয়ে নিয়ে নানা রকম সমালোচনায় যখন প্রশ্নবিদ্ধ হচ্ছিলেন পূর্ণিমা, ঠিক তখনই জানিয়ে দিলেন, ভালোবেসেই তিনি ফাহাদকে বিয়ে করতে যাচ্ছেন। তিনি আরও বললেন, বিয়ের পর তিনি শুধু সংসার নিয়ে ব্যস্ত থাকতে চান। তাই তিনি আর অভিনয় করবেন না। নির্মাণাধীন ছবিগুলোর কাজ শেষ করা হলো ঝটপট। ধুমধাম করেই বিয়ে হলো। তবে তিনি আবার সিনেমার জগতে ফিরে এলেন। একটার পর একটা ছবি হাতে নিলেন। সংসার ও অভিনয়—দুটোই একসঙ্গে চলছে।পূর্ণিমা বলেন, ‘বিয়ের সময় আমার মনে হয়েছিল, আমাদের দেশে একটা রেওয়াজ প্রচলিত আছে যে বিয়ের পরে নাকি আর ভক্তদের কাছে মূল্য থাকে না। তাই নিজে থেকেই অভিনয় থেকে সরে থাকতে চেয়েছিলাম। কিন্তু বিয়ের পরে দেখলাম, নির্মাতারা আমাকে নিতে আগ্রহ দেখাচ্ছেন। আর ফাহাদও আসলে বলেনি যে তুমি কাজ করতে পারবে না। ও আমাকে সহযোগিতা করেছে বলেই আমি নিয়মিত কাজ করতে পারছি।’