শিল্পীর অবসর বলেকিছু নেই
কিছু অনুভূতি, কিছু মতামত থাকে যা সময়মতো সঠিকভাবে প্রকাশ না করাটা রীতিমতো অন্যায় বলে মনে হয়। বলছিলাম আসিফের কথা—তার বিদায়ের কথা। একবার না, দুবার পত্রিকায় বিবৃতি দিয়ে সে তার সিদ্ধান্তের কফিনে শেষ পেরেকটা মারল। সঙ্গে এও বলল যে দু-একজন ছাড়া তেমন কেউ তার বিদায় নেওয়াতে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি, কারণ শিল্পীরা একটু আত্মকেন্দ্রিক। এটা হয়তো আসিফের ব্যক্তিগত পর্যবেক্ষণ বা অনেকাংশে সত্যিই। অন্যদের কথা জানি না, আমি ব্যক্তিগতভাবে আসিফের এই স্বেচ্ছা অব্যাহতিতে ব্যথিত, স্তম্ভিত, দুঃখিত ও বিরক্ত। আমাদের সৌভাগ্য যে বাংলা গানে যেমন সংগীতের অসংখ্য শাখা-প্রশাখাযুক্ত সমৃদ্ধ ভান্ডার আজ পেয়েছি, তেমনই আমরা অনেক স্বর্ণকণ্ঠও পেয়েছি। আবদুল আলীমের মতো হীরকোজ্জ্বল কণ্ঠ আমাদের নিজস্ব, ভাবতেই ভালো লাগে। আব্বাসউদ্দীন, নীনা হামিদ, ফেরদৌসী রহমান, সৈয়দ আব্দুল হাদি, সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, বশীর আহমেদ, আবদুল জব্বার, মাহমুদুননবী, ফিরোজা বেগম, সোহরাব হোসেন, আঞ্জুমান আরা, কাদেরী কিবরিয়া, সাদি মহম্মদ, রেজওয়ানা চৌধুরী বন্যা, মিতা হক, কুমার বিশ্বজিৎ, তপন চৌধুরী, সুবীর নন্দী, এন্ড্রুকিশোর, খালিদ হাসান মিলু, সামিনা চৌধুরী—এ রকম কণ্ঠ এক শতকে বারবার আসবে না। তাঁরা আমাদের সম্পদ। কথা সেটা নয়। কথা হলো, যাঁদের আমরা জীবদ্দশায় পাইনি, তাঁরা তো রয়েছেনই, যাঁদের পেয়েছি তাঁদের পেয়েও আমরা ধন্য। কিন্তু যাঁরা জীবদ্দশায় কণ্ঠে সুর পরিপূর্ণ থাকতে অবসর নিয়েছেন বা দেশান্তরী হয়েছেন, তাঁদের আমি কখনোই ভুলে থাকতে পারি না। যেমন কাদেরী কিবরিয়া, নীনা হামিদ, তপন চৌধুরী, রথীন্দ্রনাথ রায়—তাঁদের অবসর নেওয়া বা দেশত্যাগ করার কোনো অর্থই আমি বুঝি না। কেউ বিশ্বাস করুক বা না করুক, আমার কাছের জন জানে, নীনা হামিদের গান শুনে আমি এখনো কাঁদি। তাঁকে আমি সামনাসামনি কখনো দেখিনি, কিন্তু তাঁর কণ্ঠ আমার কলব ছুঁয়ে যায়। আবার আমি খুব শান্তি পাই যে ফেরদৌসী আপার নিঃশ্বাস কোনো না কোনোভাবে আমাকে ছুঁয়ে যায়। আমি জানি না, যাঁরা এই অঙ্গন ছেড়ে যে যেখানে আছেন, তাঁরা কেমন আছেন—এপারে কী ওপারে।আর আসিফ আমার অসম্ভব স্নেহের। মায়াকাড়া, প্রাণচঞ্চল এই গায়ক ঠিক সেই সময়েই এই অদ্ভুত কথাটি বলল। এত বড় একটা পৃথিবী, যার সবকিছুই একটু একটু ক্ষয়ে যাওয়া শুরু হয়েছে, সেখানে আসিফ একা কী করে সংগীতাঙ্গনের পরিবেশ ঠিক করবে আর এর জন্য তাকে প্রতিবাদের এই ভাষা বেছে নিতে হবে কেন? মনে আছে, আসিফ যখন গান শুরু করে, তখন ওর কণ্ঠটা একটু অনমনীয় ও একরোখা ছিল। ধীরে ধীরে তা কারুকার্যময় অভিজ্ঞতাসম্পন্ন নমনীয় ও অসম্ভব রোমান্টিক কণ্ঠে পরিণত হচ্ছিল। আর ওর উপস্থিতি? এক ঝোড়ো হাওয়ার মতো। সে কিনা এই মধ্য-ত্রিশে বলে বিদায়। শিল্পীর অবসর বলে কিছু নেই—নেই জন্মান্তর, নেই পেশা বদল। শিল্পী শিল্পীই এবং আমি মনে করি আসিফ অবশ্যই জাতশিল্পী। আসিফ, তুমি তোমার সিদ্ধান্ত পাল্টাও, ফিরে এসো। তোমার যা প্রতিবাদ, সবাই মিলে করব। আমরা তোমাকে ভালোবাসি।