শিল্পীর ঠোঁটের সঙ্গে কথা ও সুরের কোনো মিল নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিবিসাব টেলিছবির দৃশ্যে রোজিনা
বিবিসাব টেলিছবির দৃশ্যে রোজিনা

এবারের আলোচনা আমরা শুরু করব দুটি চ্যানেলে সরাসরি প্রচারিত গানের অনুষ্ঠান দিয়ে। ৩০ মার্চ রাত ১১টায় ফারিহার উপস্থাপনায় এনটিভিতে সরাসরি প্রচারিত হয় গানের অনুষ্ঠান ‘মিউজিক এন রিদম’। এবারে শিল্পী ছিলেন পার্থিব ব্যান্ডের গায়ক রুমন। একটানা দুই ঘণ্টা তিনি বিভিন্ন শিল্পীর জনপ্রিয় গান করেছেন। ভূপেন হাজারিকার ‘মেঘ থম থম করে’ থেকে শুরু করে লাকী আখান্দের ‘এই নীলমণি হার এই স্বর্ণালী দিনে’ সবই বেশ মানিয়ে গেছে তাঁর কণ্ঠে। মাঝে মাঝে নিজের গান এবং বেশ কয়েকটি ইংরেজি গানও করেছেন। ব্যান্ডের গান যাঁরা করেন, তাঁরা অনেকেই স্বচ্ছন্দে আধুনিক বা লোকসংগীত বা রবীন্দ্র-নজরুলসংগীত গাইতে পারেন না। কিন্তু রুমন সবগুলো গানই করেছেন স্বচ্ছন্দে ও সানন্দে। উপস্থাপিকা ফারিহার সঙ্গে তাঁর চমৎকার তাল-মিল অনুষ্ঠানটিকে করে তুলেছিল আকর্ষণীয়।
৩১ মার্চ বেলা ৩টায় দেশ টিভিতে সরাসরি প্রচারিত হয় আরেকটি গানের অনুষ্ঠান ‘প্রিয়জনের গান’। শিল্পী ছিলেন সম্রাট ও সিঁথি সাহা। দুজনই মূলত আধুনিক গান করেন। কিন্তু এ অনুষ্ঠানে তাঁরা সব ধরনের গানই পরিবেশনের চেষ্টা করেছেন। কিশোর কুমার, লাকী আখান্দ, নজরুল—সবই ঠাঁই পেয়েছে তাঁদের পছন্দের তালিকায়। তবে সম্রাটের দুর্বলতা লক্ষ করা গেছে কিশোর কুমারের গান গাওয়ার সময়। কিছু কিছু গান দুজনই পরিবেশন করেছেন কণ্ঠ চেপে। আর সিঁথির চোখ-মুখের ভঙ্গি মাঝে মাঝেই খুব অস্বাভাবিক ও বিকৃত হয়েছে। এটি বিশেষভাবে ধরা পড়েছে ক্লোজ শটগুলোতে। আর দ্বৈত কণ্ঠে অনুষ্ঠানের শেষ গান ‘যে প্রেম স্বর্গ থেকে এসে’-এর পরিবেশনায় দুজনের তাল-মিলের দারুণ অভাব ছিল।
গানের দুর্বলতার চেয়েও বেশি বিরক্তিকর মনে হয়েছে দেশ টিভির সম্প্রচার ত্রুটি। শিল্পীর ঠোঁটের সঙ্গে কথা ও সুরের কোনো মিল নেই। দেশ টিভির এই সম্প্রচার রোগটি এখনো সারল না কেন জানি না। বিষয়টি নিয়ে আমরা আগেও লিখেছি। আশা করি চ্যানেল কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে অনুধাবন করবে।
৩১ মার্চ সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে মাছরাঙা টিভিতে প্রচারিত হলো সাপ্তাহিক নাটক ফিরে আসা। নাটকটি রচনা করেছেন শরিফউদ্দিন ও পরিচালনা করেছেন রোমানা রোমান। নাটকে সজল ও মম প্রেম করে বিয়ে করেন। মমর চাকরির ওপর নির্ভর করে শুরু হয় দাম্পত্য জীবন। মম ব্যস্ত আর সজল বেকার ও অলস। এর মাঝে হঠাৎ সজলের সঙ্গে এসে জোটে তাঁর পুরোনো বান্ধবী। গড়ে ওঠে ঘনিষ্ঠতা। সেই মেয়েটিকে নিয়ে সজলকে চার্জ করেন মম। কথা-কাটাকাটি অতঃপর তাঁদের মাঝে হয় বিচ্ছেদ। এর পরের দৃশ্যেই দেখা যায়, অনেক দিন পর তাঁদের দুজনার পথের মাঝে দেখা হয়েছে। সজল অপরিচিতের মতো দূরে দাঁড়িয়ে জানান, তিনি আজ ব্যবসা করে সফল। আর ওই মেয়েটি তাঁর বান্ধবীই ছিলেন। তাঁর আবার অন্যত্র বিয়ে হয়েছে। মম সজলকে সরি বলেন। আর এভাবেই শেষ হয় নাটকের গল্প।
নাটকটির পটভূমি বর্তমান সমাজ বাস্তবতাকে ধারণ করেছে বলা যায়, কিন্তু কাহিনির বুননটি শক্তিশালী হয়নি। এত সহজেই মমর সন্দেহ, বিবাহবিচ্ছেদ, তারপর সজলের সাফল্য, আবার মমর ক্ষমা চাওয়া ইত্যাদি বিষয় গল্পটিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে ব্যর্থ হয়েছে। আবার নাটকের নাম ফিরে আসা, কিন্তু শেষ দৃশ্যে সজল ও মমর সাক্ষাতের মধ্য দিয়ে ফিরে আসাটাও ঠিক স্পষ্ট হয়নি।
৩০ মার্চ রাত ১১টায় এটিএন বাংলায় প্রচারিত হলো আবদুল্লাহ আল মামুনের রচনা ও তারিক মুহাম্মদ হাসানের পরিচালনায় টেলিছবি বিবিসাব। নাম ভূমিকায় অভিনয় করেছেন চিত্রনায়িকা রোজিনা। রিকশার গ্যারেজের মালিক রোজিনা শহীদ মুক্তিযোদ্ধার স্ত্রী। স্থানীয় কমিশনার শহিদুল ইসলাম সাচ্চু সমাজসেবক। তিনি দখল করে নিতে চান বিবিসাবের গ্যারেজ। কমিশনারের ছেলে হানা দেয় বিবিসাবের আশ্রিত রিকশাচালক ইনতেখাব দিনারের ঘরে, গায়ে হাত দেয় দিনারের স্ত্রীর। রিকশাচালকেরা একজোট হয়ে ক্ষোভে ফেটে পড়েন। তারপর বিবিসাবের নেতৃত্বে সবাই মিলে ঘিরে ফেলে রাজাকার সাচ্চুকে। জেলে দেয় তাঁর ছেলেকে। এভাবেই শেষ হয় টেলিছবির গল্প।
ছবিটি এককথায় বললে, মঞ্চনাটকের মতো মনে হয়েছে। সংলাপ, দৃশ্যায়ন—সব। কাহিনি ও চিত্রনাট্য কিছুটা বাস্তবধর্মী হলেও উপস্থাপনা মোটেও বাস্তবধর্মী হয়নি। আর ছবির কেন্দ্রীয় চরিত্র, বিবিসাব চরিত্রে রোজিনার অভিনয় গ্রহণযোগ্য হলেও তাঁর চরিত্রায়ণ ও পোশাক-আশাক বাস্তবসম্মত হয়নি। শহীদ মুক্তিযোদ্ধার স্ত্রী, সংগ্রামী নারী, কোনোটাই ফুটে ওঠেনি তাঁর চরিত্রায়ণে ও পোশাকে।