শিল্পীর তুলিতে নানা রূপে নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকৃতিলগ্ন নারীদের বিভিন্ন মুহূর্ত ও আঙ্গিকের দৃশ্য রংতুলিতে ফুটিয়ে তুলেছেন শিল্পীরা। এমন অর্ধশতাধিক ছবি নিয়ে ‘উইমেন ইন নেচার’ নামের প্রদর্শনী শুরু হয়েছে ধানমন্ডির গ্যালারি দৃকে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ প্রদর্শনী উদ্বোধন করেন সাংসদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক শিল্পী মাহমুদুল হক এবং আবুল বারক আলভী।প্রদর্শনীর শিল্পীরা হলেন: রওজাতুল জান্নাত, কামরুন নাহার, আফরোজা আনজুম ও মাফরুহা বেগম। তাঁরা এঁকেছেন নারীদের বিভিন্ন মুহূর্ত। কেউ উৎসবমুখর, কেউ কর্মে নিয়োজিত, কেউ গৃহিণী, কেউ সংগ্রামী, কেউ প্রতিবাদী। নানা ভঙ্গিমায় উপস্থাপন করা হয়েছে তাঁদের—দণ্ডায়মান, উপবিষ্ট, এলোকেশ, সন্তান কোলে নিয়ে, ঐতিহ্যবাহী সাজে সজ্জিত প্রভৃতি। শিল্পীরা মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন জলরং, তেলরং ও অ্যাক্রিলিক। বিশ্ব নারী দিবস উপলক্ষে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। অতিথিরা বলেন, বিশ্ব নারী দিবসের প্রাসঙ্গিক বিষয়ের চিত্রকর্ম নিয়ে এমন একটি প্রদর্শনীর আয়োজন অভিনন্দনযোগ্য। প্রদর্শনীতে একাধিক শিল্পীর চিত্রকর্ম স্থান পাওয়ায় বৈচিত্র্যের সমাহার ঘটেছে। ফলে এ প্রদর্শনী দর্শকদের অন্য রকম আনন্দ দেবে। প্রদর্শনী চলবে ২৩ মার্চ পর্যন্ত।