শিল্পাচার্য জয়নুল আবেদিনের হাত দিয়েই বাংলাদেশের চিত্রকলায় আধুনিক যুগের শুরু। আধুনিক কিন্তু লোকজ বিষয়কে ছবির বিষয়বস্তু করেছেন। কামরুল হাসানের ছবিতে নারী ছিল প্রধান বিষয়। এস এম সুলতানের ছবিতে মাটি ও মানুষ, বিশেষ করে কৃষিজীবী মানুষের যে অবিচ্ছেদ্য সম্পর্ক তা জানিয়ে দেয় ‘মানুষই মহান’।
গতকাল মঙ্গলবার বিকেলে এশিয়াটিক সোসাইটি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নগর গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম তাঁর বক্তব্যে বলছিলেন এসব কথা। বক্তব্যের বিষয় ছিল ‘বাংলাদেশের আধুনিক চিত্রকলায় মানুষ’।
নজরুল ইসলাম একজন প্রকৌশলী হলেও তাঁর অনুরাগ চিত্রকলায়। জয়নুল আবেদিন, কামরুল হাসান থেকে শুরু করে এই সময়ের নবীন শিল্পীদের কাছাকাছি থেকে তাঁদের কাজ তিনি দেখেছেন। তাই মৌলভি শামসুদ্দিন আহমদ স্মারক বক্তৃতার বক্তা তিনি। শিল্পানুরাগী শামসুদ্দিন আহমদ ভারতীয় মুদ্রা ও খোদাই লিপি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন।
নজরুল ইসলাম বলেন, সফিউদ্দিন আহমেদের প্রিয় বিষয় প্রকৃতি হলেও গ্রামীণ ও শহুরে নিম্নবিত্তের ছবি তিনি এঁকেছেন। হামিদুর রহমান, আমিনুল ইসলামের ছবিতে সংগ্রামী মানুষ এসেছে; আবার আবদুর রাজ্জাক, কাজী আবদুল বাসেত, মুর্তজা বশীর এঁকেছেন গৃহবাসী মানুষের নিস্তরঙ্গ জীবনের ছবি। কাইয়ুম চৌধুরী মুক্তিযুদ্ধের পটভূমিতে এঁকেছেন নরনারীর ছবি। বিমূর্ত ধারার শিল্পী মোহাম্মদ কিবরিয়া পঞ্চাশের দশকে এঁকেছিলেন কিছু মানুষকেন্দ্রিক ছবি। সাহসী মুক্তিযোদ্ধার ছবি মানেই যেন প্যারিসপ্রবাসী শিল্পী শাহাবুদ্দিনের ছবি। স্পেনপ্রবাসী শহীদ কবির তরুণ বয়সে বাউলের ছবি আঁকতেন, এখন আঁকছেন গ্রামীণ ও শহুরে নিম্নবর্গের মানুষ।
সূচনা বক্তৃতার পর বিভিন্ন শিল্পীর আঁকা ছবি প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয়।