শিল্পীর তুলিতে সংসদের ছবি
আমাদের জাতীয় সংসদ ভবন স্থপত্যকর্ম হিসেবে বিশ্বখ্যাত। এবার লুই আই কানের সেই স্থাপত্য রঙে-রেখায় ক্যানভাসে ফুটিয়ে তুলছেন দেশের চিত্রশিল্পীরা। গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে ‘বর্ণে বর্ণিল স্বপ্নে উজ্জ্বল আমাদের জাতীয় সংসদ ভবন’ শিরোনামে দুই দিনের আর্ট ক্যাম্প। জাতীয় সংসদ কর্তৃপক্ষ ও ইনস্টিটিউট অব এশিয়ান ক্রিয়েটিভস (আইএসি) যৌথভাবে এই আর্ট ক্যাম্পের আয়োজন করেছে।সকালে সংসদ ভবনের দক্ষিণ পাশে মানিক মিয়া এভিনিউয়ে আর্ট ক্যাম্পের উদ্বোধন করেন ডেপুটি স্পিকার শওকত আলী। তিনি বলেন, ‘শিল্পকর্মের মাধ্যমে দেশের সৌন্দর্য তুলে ধরা যায় এবং দেশের মর্যাদা বাড়ানো যায়। তবে সেই মর্যাদা সমুন্নত রাখতে গণতান্ত্রিক অগ্রযাত্রাও অব্যাহত রাখা প্রয়োজন। তিনি দেশের চিত্রশিল্পকে বিশ্বদরবারে আরও সুপ্রতিষ্ঠিত করতে সবাইকে পৃষ্ঠপোষকতারও আহ্বান জানান।দুই দিনব্যাপী এই আর্ট ক্যাম্পে দেশের প্রবীণ ও নবীন প্রজন্মের সম্ভাবনাময় ২৩ জন শিল্পী অংশ নেন। শিল্পীদের মধ্যে রয়েছেন সমরজিৎ রায়চৌধুরী, হামিদুজ্জামান খান, আবদুশ শাকুর, আবদুল মান্নান, জামাল আহমেদ, রণজিৎ দাস, লায়লা শারমিন, সুমনা হক, নাজিয়া আন্দালিব প্রমুখ। এই ক্যাম্প প্রতিদিন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে। আইএসির কিউরেটর মিস ইশরাত আখন্দ জানান, শিল্পীদের আঁকা ছবিগুলো নিয়ে পরে একটি প্রদর্শনী করা হবে এবং এরপর স্থায়ীভাবে জাতীয় সংসদ জাদুঘরে দেওয়া হবে।