শিল্পীরা শুটিংয়ের সময় মুঠোফোন ব্যবহার করতে পারবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন থেকে অভিনয়শিল্পীরা আর শুটিংয়ের সময় মুঠোফোন ব্যবহার করতে পারবেন না। পাশাপাশি শিল্পীকে অবশ্যই নির্ধারিত সময়ের আগে শুটিংয়ের স্থানে পৌঁছতে হবে। চিত্রনাট্য থেকে শুরু করে আনুষঙ্গিক সব ব্যাপারে আগে থেকেই প্রস্তুতি নিয়ে আসার জন্য একটি নতুন নীতিমালাও তৈরি হচ্ছে। আগামী রোববার বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সেমিনার কক্ষে এ ব্যাপারে একটি ত্রিপক্ষীয় চুক্তিনামা স্বাক্ষর করা হবে বলে জানিয়েছেন টেলিভিশন প্রডিউসারস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাট্যব্যক্তিত্ব তারেক আনাম খান। আগামী ১ জুলাই থেকে চুক্তিটি কার্যকর হবে।তিনি জানান, টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ পর্যায়ে শৃঙ্খলা ও পেশাদারি মনোভাব তৈরির জন্য এ ধরনের নিয়মকানুন প্রণয়ন করা হচ্ছে। অনুষ্ঠান প্রযোজক, পরিচালক ও শিল্পীর ভূমিকা এবং নিয়মনীতি নির্ধারণ, আচরণবিধি প্রণয়ন এবং তা মেনে চলার ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছে টেলিভিশন প্রডিউসারস অ্যাসোসিয়েশন, ডিরেক্টরস গিল্ড ও অভিনয়শিল্পী সংঘ।অভিনয়শিল্পী, নির্মাতা ও প্রযোজকদের একাধিক সূত্রে জানা গেছে, টিভি অনুষ্ঠান নির্মাণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ৫০টি বিষয়ের ব্যাপারে তিনটি সংগঠনই একমত হয়েছে। এসবই থাকছে ত্রিপক্ষীয় চুক্তিনামায়। যৌথ চুক্তি স্বাক্ষরের পরপরই তা বই আকারে প্রকাশ করা হবে। প্রত্যেক প্রযোজক, পরিচালক ও শিল্পীকে তা সংগ্রহ করতে হবে এবং মেনে চলতে হবে। ত্রিপক্ষীয় চুক্তিনামায় খুব বেশি গুরুত্ব দেওয়া হয়েছে আর্থিক দিক এবং কাজের সময়কে। এখন থেকে পরিচালক, শিল্পী ও অন্যদের আর্থিক দিকটি যথাযথভাবে সম্পাদন করবেন প্রযোজক। কাজের সময় নির্ধারণ করা হয়েছে ১২ ঘণ্টা। নির্দিষ্ট সময়ের পর কাউকে দিয়ে কাজ করাতে হলে, তার জন্য রয়েছে আলাদা নির্দেশনা।