শিল্পীসম্মানী ও অনুষ্ঠান ক্রয় উৎসে কর প্রত্যাহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল শিল্পমাধ্যম টিকিয়ে রাখতে আসন্ন বাজেটে অনুষ্ঠান ক্রয় এবং শিল্পীসম্মানীর ক্ষেত্রে ১০ শতাংশ উৎসে কর প্রত্যাহার করার জন্য বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের কাছে জোর আবেদন জানিয়েছেন সংস্কৃতিসেবীরা। তাঁদের দাবি, প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর ওপর অনুষ্ঠান বিক্রয়ের ক্ষেত্রে এই ১০ শতাংশ উৎসে কর কর্তনের ফলে অনুষ্ঠানের বিক্রয়মূল্য যে পর্যায়ে নেমে এসেছে, তাতে সৃজনশীল অনুষ্ঠান নির্মাণপ্রতিষ্ঠানগুলো নিরুৎসাহিত হচ্ছে। এতে সৃজনশীল এই শিল্প খাত ভয়াবহ হুমকির মুখে পড়েছে।গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন অ্যাসোসিয়েশনের সভাপতি মামুনুর রশীদ। বক্তব্য দেন গ্রুপ থিয়েটার ফেডারেশন এবং ডিরেক্টরস গিল্ডের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ, অ্যাক্টরস ইক্যুইটির সাধারণ সম্পাদক তুষার খান, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক ঝুনা চৌধুরী এবং অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক শাকুর মজিদ।সম্মেলনে বলা হয়, সরকারি ও বেসরকারি টেলিভিশন কেন্দ্রের জন্য প্রযোজনা প্রতিষ্ঠানগুলো যেসব অনুষ্ঠান নির্মাণ করছে, আজ তা একটি বৃহৎ শিল্পে পরিণত হয়েছে। বাংলাদেশ টেলিভিশনসহ প্রায় ২০টি টেলিভিশন কেন্দ্রের জন্য ব্যক্তি উদ্যোগে অনুষ্ঠান নির্মাণ এখন প্রাতিষ্ঠানিক পর্যায়ে রূপ নিয়েছে। টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার্স অ্যাসোসিয়েশনের সদস্যভুক্ত ১৬৫টি প্রযোজনা প্রতিষ্ঠান ছাড়াও ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে আরও কয়েক শ প্রতিষ্ঠান প্রতিনিয়ত অনুষ্ঠান নির্মাণ করে আসছে। কিন্তু বিশ্ববাজার অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে কাঁচামাল, শিল্পী ও কলাকুশলীদের পারিতোষিকের মূল্য দিন দিন যতই বাড়ছে, সঙ্গে সঙ্গে অনুষ্ঠানের বিক্রয়মূল্য ততই কমে এসেছে। ১০ বছর আগে একটি অনুষ্ঠান যে মূল্যে বিক্রি হতো, বর্তমানে তা অর্ধেকের বেশি কমে এসেছে, কিন্তু এর উৎপাদন খরচ বেড়েছে প্রায় দ্বিগুণ। এই পরিস্থিতিতে উৎসে কর প্রত্যাহার না করলে এই শিল্প হুমকির সম্মুখীন হবে।