শিল্পে উপনিবেশের জীবন্ত কঙ্কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসে উদ্বোধনের পর শনিবার সন্ধ্যায় শিল্পী ঢালী আল মামুনের শিল্পকর্ম দেখছেন অতিথিরা l ছবি: প্রথম আলো
বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসে উদ্বোধনের পর শনিবার সন্ধ্যায় শিল্পী ঢালী আল মামুনের শিল্পকর্ম দেখছেন অতিথিরা l ছবি: প্রথম আলো

তরকারির মসলা দিয়ে তৈরি করা হয়েছে একটি চেয়ারের অর্ধাংশ। বাকি অর্ধেক যেন নীল নয়, নীলচাষিদের হাড় দিয়ে বানানো। ঢালী আল মামুনের তৈরি ‘লাট সাহেবের চেয়ার’ শিল্পকর্মটির দিকে খানিকক্ষণ তাকিয়ে থাকলে এর পেছনের ইতিহাস মনে পড়ে যাবে। এই চেয়ার থেকেই দেওয়ানি হস্তান্তর হয়েছিল উপনিবেশ স্থাপনের জন্য উপমহাদেশে অনুপ্রবেশকারী লর্ড ক্লাইভের হাতে। পরে ক্লাইভ হন এর দখলদার। উপনিবেশ স্থাপনের পর নীলচাষিদের যে দশা, সে তো ইতিহাসে লেখা আছে।
বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসে গত শনিবার শুরু হয়েছে শিল্পী ঢালী আল মামুনের একক শিল্পকর্ম প্রদর্শনী ‘টাইম, কো-ইনসিডেন্স অ্যান্ড হিস্ট্রি’। ঔপনিবেশিক আমলের সেই নিষ্পেষণ এখনো কীভাবে চলমান, শিল্পস্থাপনায় মামুন সেসব দৃশ্যায়ন করেছেন। আপাতদৃষ্টে দর্শক হয়তো দেখছেন মেঝেতে পড়ে থাকা প্রাগৈতিহাসিক প্রাণীর একটি শিরদাঁড়ার অংশ। আবার শিরদাঁড়ার শেষাংশে নারীর চুল তাকে বিভ্রান্ত করবে। স্থাপনাটির উল্টো দিকের দেয়ালে তৈরি পোশাকশিল্পের নারী শ্রমিকের একটি চুলের ব্যান্ড সেই বিভ্রান্তি দূর করে বলবে, প্রাগৈতিহাসিক উপনিবেশের কঙ্কাল এখনো জীবন্ত। কিংবা শ্বেতশুভ্র ফুলকে শিল্পী হাড়ে গেঁথে তৈরি করেছেন মালা। সেই ফুল থেকে ঝরছে মধু নয়, পোড়া তেল।
শিল্পীর স্থাপনাগুলো চোখ মেলে শুধু দেখারই নয়, শিল্পের সঙ্গে মানুষের জিনগতভাবে পাওয়া অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি করে দেয়। কেননা, প্রদর্শনীর আলো, বয়নবিন্যাস এবং অবয়বের মধ্য দিয়ে জটিল ও নাটকীয় অভিজ্ঞতার রূপক নির্মাণ করেছেন তিনি। এর ভেতর দিয়ে এ অঞ্চলের ইতিহাস ও অতীত স্মৃতির দিকে দর্শককে ঠেলে দিয়েছেন। অপরিণামদর্শী, বিবেচনাশূন্য এবং লোলুপ নগরায়ণ ও শিল্পায়ন কীভাবে সবুজ পৃথিবীকে ধূসর করে তুলছে, তা মামুন তুলে এনেছেন শিল্পসৃজনে।
লিড ও চা দিয়ে ২০১৪ সালে আঁকা শিল্পীর চারটি চিত্রকর্মও এই প্রদর্শনীতে স্থান পেয়েছে। ঢালী আল মামুন জানান, নয়াদিল্লির ইন্ডিয়া আর্ট ফেয়ারে ২৮ থেকে ৩১ জানুয়ারি প্রদর্শিত হবে ‘লাট সাহেবের চেয়ার’ শিল্পকর্মটি। শিল্পীর কাছে জানতে চাই, চেয়ার দুটি বানিয়ে কেটে আলাদা করা হয়েছে কি না। তিনি মুচকি হাসেন শুধু। ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে আগামী ১৯ মার্চ পর্যন্ত চলবে এ প্রদর্শনী। সময় প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা।