শিল্পের অশেষ আলোয় উদ্ভাসিত সফিউদ্দীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শালবনের মাঝখান দিয়ে পায়ে চলা সরু পথ। সেই পথ দিয়ে চলেছে পথিক। সামনে দূরে গ্রামের রেখা। ছোট ছোট ঘরবাড়ি। তার পেছনে দুমকার রুক্ষ প্রান্তর। আজ থেকে পাক্কা ৭০ বছর আগের ছবি। কলকাতা সরকারি আর্ট স্কুলের প্রতিভাবান ছাত্র সফিউদ্দীন আহমেদের এটিই প্রথম উড এনগ্রেভিং। ১৯৪০ সালের ৫ দশমিক ৬ বাই ৮ দশমিক ৬ সেন্টিমিটারের ছোট্ট এই কাজটির মধ্য দিয়ে ছাপচিত্রকলায় এক অসাধারণ প্রতিভার উন্মেষের জানান দিয়েছিলেন তিনি।তার পরের কাহিনি তো অবিচল নিষ্ঠা, নিরলস শ্রম আর অনন্য সৃজনশীলতা দিয়ে দিনে দিনে এ দেশের ছাপচিত্রকলার পথিকৃত হয়ে ওঠার উজ্জ্বল ইতিহাস। বিদগ্ধজনেরা সফিউদ্দীন আহমেদের অবদানের মূল্যায়ন করতে গিয়ে বলেছেন, আমাদের দেশের ছাপচিত্রকলার তিনি ‘মুকুটহীন সম্রাট’।সেই শিল্পগুরু সফিউদ্দীন আহমেদের সারা জীবনের কাজের প্রদর্শনী ‘শিল্পের অশেষ আলো’ শুরু হলো গতকাল ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে। দুটি পর্বে হবে এ প্রদর্শনী। প্রথম পর্বে শুধু ছাপচিত্র। বিকেলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রদর্শনীর উদ্বোধন করলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী ও শিল্পগুরুর সুযোগ্য ছাত্র শিল্পী কাইয়ুম চৌধুরী। ছিলেন শিল্পগুরুর স্ত্রী আঞ্জুমান আরা আহমেদও।প্রদর্শনী চলবে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত। এর পরদিন শুরু হবে রেখাচিত্র, জলরং ও তেলরঙের কাজ নিয়ে দ্বিতীয় প্রদর্শনী, যা চলবে ২৩ ডিসেম্বর অবধি। এই প্রদর্শনী ছাড়াও সফিউদ্দীন আহমেদের জীবন ও কর্ম নিয়ে ৪০০ পাতার একটি বইও প্রকাশের উদ্যোগ নিয়েছে বেঙ্গল শিল্পালয়। আগামী জানুয়ারিতে বইটি প্রকাশিত হবে বলে জানানো হয় উদ্বোধনী অনুষ্ঠানে।বয়স হয়েছে তাঁর ৮৮ বছর। বেশ কয়েক বছর থেকেই শয্যাশায়ী। সে কারণে প্রদর্শনীতে উপস্থিত হতে পারেননি তিনি। অবশ্য আজীবনই তিনি প্রচারের পাদপ্রদীপ থেকে নিজেকে আড়ালে রেখেছেন সযতনে। মগ্ন থেকেছেন সৃষ্টিতে। উদ্বোধনী অনুষ্ঠানে সে কথাই বলছিলেন আলোচকেরা। কাইয়ুম চৌধুরী তাঁর শিক্ষকের সাহচর্যের স্মৃতিচারণা করলেন। বললেন, দেশে এটি তাঁর মাত্র দ্বিতীয় এবং সব মিলিয়ে তৃতীয় প্রদর্শনী হচ্ছে। এ থেকেই বোঝা যায়, কতটা নিভৃতচারী তিনি। বাহবা কুড়ানোর কোনো আগ্রহই ছিল না তাঁর মধ্যে। এই প্রদর্শনীর বহু ছবি এবারই প্রথম আসবে জনসমক্ষে। কাইয়ুম চৌধুরী বললেন, প্রদর্শনীটি সে কারণে চারুশিল্পীদের জন্য শিক্ষণীয়ও বটে।জিল্লুর রহমান সিদ্দিকী বললেন, এই প্রদর্শনী দেশের শুধু নয়, উপমহাদেশের চারুকলার একটি উল্লেখযোগ্য প্রদর্শনীর মর্যাদা পাবে। প্রধান অতিথি আবুল মাল আবদুল মুহিত বিশেষ গুরুত্ব দিলেন শিল্পীর ব্যক্তিজীবনের ওপর। বললেন, সফিউদ্দীন আহমেদের মতো সজ্জন, বিনয়ী ও নিপাট ভদ্রলোক সমাজে বিরল। নিজের পরিশীলিত জীবনাচরণের মতো তাঁর শিল্পকর্মও সুরুচিসম্পন্ন। অনুষ্ঠানে তাঁর আরোগ্য কামনা করেন সবাই।চলতি প্রদর্শনীতে ১৯৪০ থেকে ২০০২ সাল পর্যন্ত করা উড এনগ্রেভিং, ড্রাইপয়েন্ট, এচিংসহ ছাপচিত্রের নানা মাধ্যমের কাজ রয়েছে। প্রদর্শনীর বিশেষ একটি বৈশিষ্ট্য হলো, ছাপচিত্রে একটি ছবি সম্পন্ন হতে যে ধাপে ধাপে কাজ করতে হয়, সে ব্যাপারটি তুলে ধরা হয়েছে। ছাপচিত্র প্রদর্শনীতে সাধারণত শেষ ধাপের চূড়ান্ত ছাপটিই স্থান পায়। এখানে বিভিন্ন ধাপের ছবি তুলে ধরায় সাধারণ দর্শক এ মাধ্যমের কাজের ধারাপরম্পরা সম্পর্কে যেমন ধারণা পাবে, তেমনি শিল্পী তাঁর কাজের প্রতি কতটা যত্নবান ছিলেন, তাও বুঝতে পারবে।প্রথম পর্যায়ে রয়েছে উড এনগ্রেভিংয়ে সাদা-কালো কাজগুলো। এতে আছে কলকাতা আর্ট স্কুলের প্রাঙ্গণ, শান্তিনিকেতন ও দুমকার প্রকৃতি, সেখানকার সাঁওতালদের জীবনযাত্রার বিভিন্ন ছবি। এরপর আছে ড্রাইপয়েন্টে করা দুমকার শালবনের দৃশ্য। পরবর্তী সময়ে ক্রমেই বদলেছে তাঁর কাজের আঙ্গিক ও বিষয়। এচিংয়ের কাজগুলোতে আছে মাছ, নৌকা, জাল, গুণটানা ও বন্যার দৃশ্য। রেখার নান্দনিকতা, রঙের সুসমন্বয়, অঙ্কনের অনায়াস নৈপুণ্য এবং পরিমিতিবোধে ঋদ্ধ একেকটি কাজ। শিল্পীর ভাবনা ও বিষয়ের বাঁকবদল স্পষ্ট এ প্রদর্শনীতে। নিসর্গ, জনজীবন বা সমাজ বাস্তবতাকে তিনি উপস্থাপন করেছেন শিল্পের দাবি মিটিয়েই। ষাটের দশকে আইয়ুবের শাসনের বিরুদ্ধে বিক্ষুব্ধ বাঙালির প্রতীক হয়ে এসেছে ক্রুদ্ধ মাছ। একাত্তরের স্বজন হারানোর বেদনা প্রকাশিত হয়েছে যূথবদ্ধ চোখের অশ্রুধারায়।সফিউদ্দীন আহমেদের জন্ম ১৯২২ সালে কলকাতায়। ১৯৪২ সালে তিনি তখনকার কলকাতা সরকারি আর্ট স্কুল থেকে স্নাতক হয়ে সেখানেই শিক্ষকতা শুরু করেন।দেশ ভাগের পর ঢাকায় চলে আসেন সফিউদ্দীন আহমেদ। শিল্পাচার্য জয়নুল আবেদিনের সঙ্গে ঢাকায় আর্ট কলেজ (আজকের চারুকলা ইনস্টিটিউট) প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন। বাংলাদেশের চারুকলাচর্চা বিকাশের এই অন্যতম পথিকৃত ১৯৫৮ সালে যুক্তরাজ্যের সেন্ট্রাল আর্টস অ্যান্ড ক্র্যাফটস থেকে ছাপচিত্রে ডিপ্লোমা লাভ করেন।ইউরোপে ছাপচিত্রের করণকৌশল ও সূক্ষ্মাতিসূক্ষ্ম বিষয় আয়ত্ত করেছিলেন এই শিল্পী। পরে তাঁকে নিজের সৌন্দর্যচেতনা ও রুচিতে জারিত করে এ দেশের প্রেক্ষাপটে তুলে ধরেছেন। খ্যাতি বা অর্থের জন্য ব্যাকুলতা ছিল না তাঁর। সৃজনসম্ভারকে আগলে রেখেছেন পরম মমতায়। শিল্পগুরুর সেই সঞ্চয় বলতে গেলে একরকম অমূল্য গুপ্তধনের মতোই ছিল এতকাল। এবার সেই গোপনীয়তা উন্মোচিত হলো। সে কারণেই এ প্রদর্শনী দেখা হবে এক অপার আনন্দের ব্যাপার।