শিল্পের আলোয় বঙ্গবন্ধু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় গতকাল অনুষ্ঠিত ‘শিল্পের আলোয় বঙ্গবন্ধু’ শীর্ষক একটি দলীয় পরিবেশনা l প্রথম আলো
শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় গতকাল অনুষ্ঠিত ‘শিল্পের আলোয় বঙ্গবন্ধু’ শীর্ষক একটি দলীয় পরিবেশনা l প্রথম আলো

ডিজিটাল পর্দায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তর্জনী উঁচিয়ে দাঁড়িয়ে আছেন। নেপথ্যে তাঁর সেই অননুকরণীয় বজ্রকণ্ঠ। জাতীয় নাট্যশালার সুপরিসর মিলনায়তনজুড়ে তৈরি হলো সেই সাতই মার্চের আবহ। গতকাল বুধবার জাতীয় নাট্যশালায় সাংস্কৃতিক পরিবেশনার প্রেক্ষাপট ছিল এ রকম।

জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে চলছে ‘শিল্পের আলোয় বঙ্গবন্ধু’ শীর্ষক মাসব্যাপী অনুষ্ঠানমালা। সেই ধারাবাহিকতায় দুই দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানের শেষ দিনে গতকাল ছিল নৃত্যগীত, নাটকের কোরিওগ্রাফি, আবৃত্তি ও গান।

বিচিত্র ছিল এ আয়োজন। দেখা গেল নৃত্য ও গীতের ব্যতিক্রম উপস্থাপনা। অনুষ্ঠানে স্নাহা শাহরীনের পরিচালনায় ‘সাড়ে সাত কোটি মানুষের আর একটি নাম’, দীপা খন্দকারের পরিচালনায় ‘দুঃখিনী বাংলা জননী বাংলা’, কবিরুল ইসলামের পরিচালনায় ‘যত দিন রবে পদ্মা মেঘনা’, এম আর ওয়াসেকের পরিচালনায় ‘শোনো একটি মুজিবরের’ এবং র‍্যাসেল এগনেস প্যারিসের পরিচালনায় ‘মুজিব মানে আর কিছু না’ গানের সঙ্গে ছিল নৃত্য পরিবেশনা।

একক গান শোনান আশরাফ উদাস, আলম দেওয়ান, সালমা চৌধুরী, আব্দুর রহিম, নুর মিয়া, কমলিকা চক্রবর্তী, শিবু রায় ও বাউল আব্দুর রাশিক। তাঁরা শোনান ‘সত্য কখনো হারায় না’, ‘একজন বঙ্গবন্ধু একটা বিশাল বুক’, ‘১৫ই আগস্টে প্রাণ কান্দেরে’, ‘বাংলা মায়ের কোল আলো করা’, ‘বঙ্গবন্ধুর লাগিয়া কাঁদি আজও’, ‘বঙ্গবন্ধুর স্মরণে জনগণের প্রাণে’, ‘পনেরই আগস্ট আজি মাগো’ ইত্যাদি গান। কবিতা পাঠ করেন কবি নির্মলেন্দু গুণ, শিমুল মুস্তাফা ও ঝর্ণা সরকার।

অনুষ্ঠানে ‘শেখ মুজিব তুমি বাংলা কবিতার শিরোনাম’ গানের কথায় প্রাঙ্গণেমোর, ‘মুজিব তুমি বিজয়ের গান’ গানের কথায় ভিশন থিয়েটার, ‘স্বাধীনতা শব্দটি কী করে আমাদের হলো’ কবিতার সঙ্গে বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রত্ননাটক মহাস্থান-এর শিল্পীরা, ‘জাতির জনক মিশে আছে অরুণ রবির রাগে’ গানের সঙ্গে বাতিঘর, ‘তুমি বলেছিলে, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম’ শিরোনামে কোরিওগ্রাফি পরিবেশন করে তিরন্দাজ নাট্যদল।

 ‘১৫ আগস্ট ১৯৭৫’-এর পাণ্ডুলিপি পাঠ

মহাকাল নাট্য সম্প্রদায়ের ৪০তম প্রযোজনা নতুন মঞ্চনাটক ১৫ আগস্ট ১৯৭৫। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের নৃশংস হত্যাকাণ্ড নিয়ে নাটকটি রচনা করা হয়েছে। নাটকে নৃশংস এই হত্যাকাণ্ডের নিগূঢ় রহস্য উন্মোচনের চেষ্টা করা হয়েছে। নাটকটি মহড়ার পর্যায়ে রয়েছে। কিন্তু এর আগে গতকাল শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে পাণ্ডুলিপি পাঠ পর্ব উদ্বোধন এবং পর্যালোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গবেষণালব্ধ নাটকটি পাঠ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক আনন জামান। নাটকটির নির্দেশনা দিচ্ছেন ইউসুফ হাসান।