মণিপুরি নাচের শিল্পী, গবেষক ও শিক্ষক পদ্মশ্রী দর্শনা জাবেরি সম্প্রতি ভারত থেকে এসেছিলেন বাংলাদেশে। আনন্দের পক্ষ থেকে তাঁরই সাক্ষাৎকার নিয়েছেন নৃত্যশিল্পী তামান্না রহমানদিদি, আপনি প্রথমবারের মতো ঢাকায় এলেন। এ সম্পর্কে কিছু বলুন—দর্শনা জাবেরি: আমি অনেক দিন ধরে শুনছিলাম, বাংলাদেশের মেয়েরা মণিপুরি নাচের চর্চা করে যাচ্ছে। তুমি নিজেও তো এ নিয়ে নিয়মিত কাজ করছ। ৫০ বছর ধরে পৃথিবীর ৪০টি দেশ ঘুরেছি। এবার বাংলাদেশে এলাম। আমার তালিকায় প্রথমবারের মতো বাংলাদেশের নাম যুক্ত হবে। এবার ঢাকায় মণিপুরি নাচের ওপর সেমিনার ও ওয়ার্কশপে আমি অংশ নিচ্ছি। বাংলাদেশের তরুণ ছেলে ও মেয়েরা মণিপুরি নাচের প্রতি আগ্রহ দেখাচ্ছে বলে আমার ভালো লাগছে।বাংলাদেশের কর্মশালায় ছেলেমেয়েদের কী কী বিষয় শেখাচ্ছেন?দর্শনা জাবেরি: আমার গুরু বিপিন সিংহ আমাকে এখানে এনেছেন। গুরু ছেলেমেয়েদের শিক্ষার জন্য পদ্ধতিগত একটি শিক্ষাসূচি প্রস্তুত করেছেন। সেটা থেকে শেখাব। আমাদের গুরুরা বিভিন্নভাবে মণিপুরিদের জীবন ও সংস্কৃতির সঙ্গে মিশে তাদের কথা রেকর্ড করে এটা প্রস্তুত করেছেন। আমার ইচ্ছা, মণিপুরি নাচের সঙ্গে যা যা সম্পৃক্ত, সেগুলো তাদের শেখাব।আপনারা কখন এবং কীভাবে বিপিন সিংহের সঙ্গে মণিপুরি নাচ নিয়ে কাজ শুরু করলেন?দর্শনা জাবেরি: ভারতের স্বাধীনতার আগেই মহাত্মা গান্ধী তরুণ প্রজন্মকে প্রেরণা দিয়েছেন সাংস্কৃতিক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সব ধরনের ললিতকলাকে সামনের দিকে এগিয়ে নিতে প্রেরণা দিয়েছেন। তিনি যখন মুম্বাইতে গিয়েছেন, তখন থেকেই সেই সমাজের ভালো পরিবারের মেয়েরা নাচ-গানের প্রতি আগ্রহ দেখিয়েছে, যেটা আগে ছিল না। আমাদের গুরু সে সময় মুম্বাইতে গিয়েছিলেন। তাঁর মধ্যে ছিল অসাধারণ সৃজনশীলতা। মণিপুরি নাচ নিয়ে যাঁরা কাজ করেন, তাঁদের মধ্যে গুরুজিকেই আমাদের যোগ্য গুরু মনে হয়েছে।নাচের প্রতি আমাদের চার বোনের আগ্রহ ও নাচ দেখে গুরুজি ভেবেছেন, আমরা পারব তাঁর সুযোগ্য শিষ্য হতে।কতবার আপনি মণিপুরে গিয়েছেন?দর্শনা জাবেরি: আমি বহুবার গিয়েছি। আমার বড় দুই বোন ঊনপঞ্চাশের দিকে গিয়েছে। তারা ছয় মাস করে থাকত, তালিম নিত। গুরুজি আমাদের নিয়ে তাদের সঙ্গে কাজ শিখিয়েছেন। মণিপুরে গিয়ে ওখানকার তিনজন গুরুর কাছ থেকে নাচের কৌশলগুলো শিখেছি। আমরা মণিপুরে গিয়ে ওদের স্টাইলটি শিখেছি।মণিপুরি নাচ শিখতে গেলে এর যে ঐতিহ্যগত দিক রয়েছে, তা শেখা খুব দরকার?দর্শনা জাবেরি: হ্যাঁ, হ্যাঁ, এটা খুবই দরকার। মণিপুরি নাচের বিভিন্ন তাল রয়েছে, যা শিখতে পারলে অনেক ভালোভাবে নাচ করা সম্ভব।মণিপুরিদের জীবন ও ধর্মের সঙ্গে নাচ ও গানের একটা বিশেষ সম্পর্ক রয়েছে...দর্শনা জাবেরি: মণিপুুরিরা তাদের সৃষ্টির উপাসনা করেছে নাচ-গানের মধ্য দিয়ে। জাতিগতভাবে মণিপুরিরা অনেক নান্দনিক বোধসম্পন্ন। সমগ্র উত্তর-পূর্ব এশিয়া থেকে মণিপুর পর্যন্ত যেন একই সুতায় গাঁথা। মঙ্গোলীয়দের মতো মণিপুরিদের পোশাকে রয়েছে নান্দনিক রূপ।বাইরে থেকে যারা আসে, যেমন বাঙালি বা অহমিয়া; মণিপুরিরা তাদের সাদরে গ্রহণ করে এবং তারা তাদের সংস্কৃতি সহজে আত্মস্থ করতে পারে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আজ মণিপুরিরা তাদের নাচকে এখানে নিয়ে আসতে পেরেছে।ভারত সরকারের কাছ থেকে কেমন সাহায্য পেয়েছেন?দর্শনা জাবেরি: আমি বলব, মণিপুরি সংস্কৃতি মৌখিক পরম্পরায় এসেছে। যারা আজীবন এই সাধনায় নিমগ্ন রয়েছে, তাদের কাছ থেকে তথ্য ও উপাত্ত আমরা সংগ্রহ করে সংরক্ষণ করেছি। মণিপুরি সংস্কৃতির কোনো কিছুর লৈখিক রূপ ছিল না। যা কিছু হয়েছে, তা তারা মুখস্থ করে রেখেছিল। এসব সংগ্রহ করতে গিয়ে সারা রাত কাজ করেছেন অনেকে। অনেক গুরু মারা গেছেন। কিন্তু তাঁদের রেকর্ডগুলো আমাদের কাছে আছে। আমরা মণিপুরিদের মন্দির থেকে তাদের নাচ মঞ্চে আনতে পেরেছি। মণিপুরিরা আমাদের বিদেশি বলে। অন্য রাজ্যের মানুষ হয়ে মণিপুরে গিয়ে তাদের কাছ থেকে কিছু জানা বা শেখা ছিল খুব কষ্টের। আমরা মণিপুরের গুরুদের বোঝানোর চেষ্টা করেছি, কীভাবে একটি ঐতিহ্যকে সাধারণ দর্শকদের কাছে পৌঁছে দেওয়া যায়। ওরা আমাদের কাজগুলোর অনেক সমালোচনা করত। ওরা বলত, আমরা ওদের নাচ নিয়ে ব্যবসা করছি। মনে করত, এভাবে ওদের সংস্কৃতির অসম্মান করা হচ্ছে। আমাদের গুরুজি মণিপুরি নাচের একেকটি শাস্ত্রীয় উপাদান আলাদা করে মঞ্চে প্রদর্শন করেছেন। ১৯৬০ সালের দিকে সরকার নিজ খরচে বিভিন্ন প্রদেশে আমাদের পারফর্ম করতে পাঠিয়েছে। এখন ভারতে যেকোনো ধরনের কাজ হলে সরকার অনুমোদন দিচ্ছে। এ বিষয়ে বর্তমানে ফেলোশিপ রয়েছে, কোনো প্রতিষ্ঠান কাজ করতে চাইলে সরকার অনুমোদন দিচ্ছে। আমাদের তিনটি প্রতিষ্ঠান রয়েছে। কলকাতা ও মণিপুরে এসব প্রতিষ্ঠান কাজ করছে। এখান থেকে বিভিন্ন প্রকাশনা ও গবেষণাধর্মী বহু কাজ হচ্ছে।মণিপুরি নাচ নিয়ে আর কী ধরনের কাজ হচ্ছে?দর্শনা জাবেরি: মণিপুরে নাচের কলেজ রয়েছে এবং মণিপুরের বিশ্ববিদ্যালয়গুলোতে নাচের বিভাগ খোলা হয়েছে। এ ছাড়া সরকার বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে সাহায্য-সহযোগিতা করে আসছে। ১৯২৬ সাল থেকে শান্তিনিকেতনে মণিপুরি নাচ শেখানো হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুর যা শুরু করেছিলেন।আপনি কি মনে করেন, বর্তমান সময়ে প্রাতিষ্ঠানিকভাবে এই নাচটির চর্চা হওয়া জরুরি?দর্শনা জাবেরি: হ্যাঁ, খুব জরুরি। আমি শুনে খুশি হয়েছি যে বাংলাদেশে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এমন একটি বিভাগ খোলা হয়েছে।ব্যক্তি-উদ্যোগে অনেক সীমাবদ্ধতা রয়েছে, সে ক্ষেত্রে আমাদের দেশের সরকার কীভাবে অগ্রণী ভূমিকা পালন করতে পারে?দর্শনা জাবেরি: শিক্ষা কারিকুলামে এটা অন্তর্ভুক্ত হতে পারে। যারা জানে না, তারা যেন জানতে পারে, সে ব্যবস্থা করা দরকার। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এগিয়ে আসতে পারে এ বিভাগ নিয়ে কাজ করার জন্য। একাডেমিক শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো অর্থ। মানুষের ব্যক্তিত্ববোধ বাড়ানোর জন্য শিল্পকলাকে শিক্ষার একটি অংশ হিসেবে বিবেচনা করা দরকার। আপনারা চার বোন এক মঞ্চে একসঙ্গে নাচ করেছেন, এটা পৃথিবীর ইতিহাসে বিরল একটি ঘটনা বলে আমার কাছে মনে হয়েছে...দর্শনা জাবেরি: আমার সবচেয়ে বড় বোন নায়না মারা গেছেন। অন্যান্য বোনের মধ্যে অঞ্জনা সাকর্ন মুম্বাইতে আছেন, সুয়ার্না আছেন দিল্লিতে আর আমি দর্শনা আছি নাচ নিয়ে। বিয়ে করিনি। নাচ আমার জীবন-মরণ। তবে আমাদের বাবা-মা খুব সাহায্য করেছেন। আমার কাকারা এটা ভালো চোখে দেখতেন না। তার পরও আমরা কাজ করে চলেছি। আমার বাবা অনেক রুপি ব্যয় করেছেন আমাদের এই সংস্কৃতিচর্চার পেছনে। শিল্পের বড় বড় সুযোগ বাবা আমাদের দিয়েছেন। আমাদের বাড়িতে আসতেন বিখ্যাত সব শিল্পী। তাঁদের কাছ থেকে অনেক শিখেছি। আমার গুরুজি আমাদের ওখানে যেতেন এবং থাকতেন। আমরা গুজরাটি ছিলাম, যে কারণে আমাদের মধ্যে এগুলোর চর্চা এত ছিল না। গুরুজির অনেক ছাত্রছাত্রী ছিল কিন্তু পেশা হিসেবে নেওয়া বা একে ক্যারিয়ার হিসেবে দেখেছে খুব কম জনই। আমরা চার বোন তা শুরু করেছিলাম।আপনি ৪০টির বেশি দেশে ঘুরেছেন। সেখানে মণিপুরি নাচকে কীভাবে মূল্যায়ন করা হচ্ছে?দর্শনা জাবেরি: বিশ্বের বিভিন্ন দেশে আমি পারফর্ম করেছি। সেখানে আমি তাদের কাছ থেকে পেয়েছি ভালোবাসা। তারা আমাদের সংস্কৃতিকে গ্রহণ করেছে। আফ্রিকার বিভিন্ন দেশে বা ইন্দোনেশিয়ায় আমি পারফর্ম করতে গিয়ে দেখেছি, বাদ্যযন্ত্রের ব্যবহারের ক্ষেত্রে অসাধারণ কৃতিত্ব রয়েছে তাদের।মণিপুরি নাচ আজ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। তার জন্য কৃতিত্বের দাবিদার আপনারা...দর্শনা জাবেরি: আমি ধন্যবাদ দিচ্ছি তোমাকে এ জন্য যে, তুমিও আমাদের কাজটি জেনেছ আর বুঝেছ এবং তা মানুষকে শেখাচ্ছ।