শিল্পের এক মনোহর জগৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে বেঙ্গল সংস্কৃতি উৎসবের আর্ট ক্যাম্পে গতকাল চিত্রশিল্পীদের আঁকা বিভিন্ন ছবি দেখছেন আয়োজকেরা। ছবিটি সন্ধ্যায় তোলা l প্রথম আলো
সিলেটে বেঙ্গল সংস্কৃতি উৎসবের আর্ট ক্যাম্পে গতকাল চিত্রশিল্পীদের আঁকা বিভিন্ন ছবি দেখছেন আয়োজকেরা। ছবিটি সন্ধ্যায় তোলা l প্রথম আলো

প্রথাগত গ্যালারি নয়, মাঠে প্রবেশদ্বারের বাঁ দিকে বড়সড় তাঁবু খাটানো হয়েছে। নাম দেওয়া হয়েছে রাধারমণ দত্ত চত্বর। এ চত্বরের পেছনে সুউচ্চ ভবন, আর ঠিক সামনেই গানের মঞ্চ। পরিবেশগত এ বৈপরীত্যের মধ্যেও শিল্পীরা আপনমনে ক্যানভাসে এঁকে চলেছেন। বিষয় হিসেবে সিলেটের মরমি কবি হাসন রাজা থেকে শুরু করে গ্রামীণ লোকবাদ্যযন্ত্রও উঠে এসেছে। এর বাইরে প্রকৃতি, প্রেম, সমাজ, দেশ, নিসর্গও কাজগুলোতে মূর্ত হয়েছে। এটি চলছে বেঙ্গল সংস্কৃতি উৎসবে সুবীর চৌধুরী আর্ট ক্যাম্পে।

নগরের মাছিমপুর এলাকার আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ সংস্কৃতি উৎসব চলবে আগামী শুক্রবার পর্যন্ত। পাশাপাশি আর্ট ক্যাম্পও একই সময় পর্যন্ত চলবে। গত সোমবার রাত আটটার দিকে দেখা গেছে, শিল্পীদের সম্পন্ন হয়ে যাওয়া ড্রয়িংগুলো পাশেই একটি উঁচু বেদিতে রাখা হয়েছে। এর ঠিক পাশেই শিল্পী বিপাশা হায়াত নিজের মতো করে ছবি আঁকায় মত্ত। এ যেন শিল্পীদের শিল্পের এক মনোহর জগৎ।

গতকাল বিকেলে আর্ট ক্যাম্পে গিয়ে দেখা যায়, মনোহর এ জগতের শিল্পভাষা বুঝতে জড়ো হয়েছেন বেশ কয়েকজন ঔৎসুক্য শিল্পানুরাগীও। তাঁরা এসব শিল্পের প্রকরণ, বৈশিষ্ট্য, বুনট ও ধরন নিয়ে আলোচনা করছিলেন।

আর্ট ক্যাম্পে অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে রফিকুন নবী, হাশেম খান, মুস্তাফা মনোয়ার, মনিরুল ইসলাম, শিশির ভট্টাচার্য্য, আবদুস শাকুর শাহ্, আবুল বারক আলভী, নিসার হোসেন, বিশ্বজিৎ গোস্বামী, ঢালী আল মামুন, জামাল আহমেদ, মাহবুবুর রহমান, বিপাশা হায়াত, দিলারা বেগম জলি, মাহমুদুল হক, মাকসুদা ইকবাল নিপা, রেজাউন নবী, মোহাম্মদ ইকবাল, নাজমুন নাহার কেয়া, নাজলী লায়লা মনসুর, রণজিৎ দাস, রোকেয়া সুলতানা, শহিদ কবীর, সহিদ কাজী, ফাহমিদা এনাম কাকলী, আবদুল্লাহ আল বশীর, তৈয়বা বেগম লিপি ও ইয়াসমিন জাহান নূপুর উল্লেখযোগ্য।

এদিকে উৎসবের সপ্তম দিনে গতকাল বিকেল চারটা থেকে সৈয়দ মুজতবা আলী মঞ্চে চলচ্চিত্র প্রদর্শনী শুরু হয়। পরিবেশিত হয় দিপু নাম্বার টু, আন্ডার কনস্ট্রাকশন ও গেরিলা চলচ্চিত্র। বিকেল সাড়ে পাঁচটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান শুরুর প্রস্তুতি চলছিল। ৬টা ২০ মিনিটে মো. মনিরুজ্জামানের বাঁশি বাদনের মধ্য দিয়ে এ পর্বের সূচনা হওয়ার কথা রয়েছে। এরপর ভজন ও কীর্তন গাইতে মঞ্চে ওঠার কথা রয়েছে শারমিন সাথী ইসলাম ও বিজন চন্দ্র মিস্ত্রির। তাঁদের পরিবেশনার পর মঞ্চে ওঠার কথা রবীন্দ্রসংগীতশিল্পী শামা রহমানের। সবশেষে কলকাতার প্রখ্যাত শিল্পী শ্রীকান্ত আচার্য্যের মঞ্চে ওঠার কথা রয়েছে।

আজকের পরিবেশনা

বিকেল চারটা থেকে সৈয়দ মুজতবা আলী মঞ্চে চলচ্চিত্র প্রদর্শনী শুরু হবে। আজ পরিবেশিত হবে আমার বন্ধু রাশেদ, রানওয়ে ও তিতাস একটি নদীর নাম চলচ্চিত্র। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে মণিপুরি নৃত্য একাডেমি ফর মণিপুরি কালচার অ্যান্ড আর্টসের শিল্পীদের পরিবেশনা থাকবে। এরপর রাগাশ্রয়ী বাংলা গান পরিবেশন করবেন প্রিয়াংকা গোপ।