সম্প্রতি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের আইরিন পারভীন লোপা মঞ্চনাটকের ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। এ বছরই সমাবর্তনের মাধ্যমে এই ডিগ্রির সনদ হাতে পেয়েছেন তিনি। বাংলাদেশ থেকে নারী হিসেবে মঞ্চনাটকের কাজের ওপর পিএইচডি ডিগ্রিধারী তিনিই প্রথম। আজ তাঁর সাক্ষাৎকার।রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পিএইচডিতে আপনার পড়াশোনার বিষয় কী ছিল?মঞ্চনাটক নিয়েই পুরো বিষয় ছিল। যার মধ্যে ছিল, সামাজিক উন্নয়নে থিয়েটারের প্রভাব। প্রেক্ষিত বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মঞ্চনাটক। পিএইচডির আগে আমি মঞ্চনাটকের ওপর স্নাতক ও স্নাতকোত্তর দুটি বিষয়ই শেষ করেছি।বাংলাদেশ থেকে একজন নারী হিসেবে প্রথম মঞ্চনাটকের ওপর পিএইচডি অর্জনকে আপনি কীভাবে দেখছেন?আমাদের দেশে মেয়েদের ক্ষেত্রে মঞ্চনাটক করা অনেক কঠিন। সেই প্রতিকূলতার মধ্য দিয়ে আমি স্নাতক ও স্নাতকোত্তর করে আবার পিএইচডি করতে পেরেছি। এটা আমার জন্য বড় পাওয়া। তবে আমার পরিবারের সমর্থন না থাকলে আমি এত বড় একটা কাজ করতে পারতাম না। কেননা মঞ্চনাটকের ওপর এই পিএইচডি ডিগ্রি নিতে গিয়ে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ দুই জায়গায়ই আমাকে মাঠে কাজ করতে হয়েছে। শেষ পর্যন্ত আমি সফলভাবে ডিগ্রি নিতে পেরে খুশি। আমার এই অর্জন নতুনদের মধ্যে ছড়িয়ে দিতে পারলে আমার প্রচেষ্টা সার্থক হবে।মঞ্চনাটকের ওপর আপনার এই অর্জন বাংলাদেশের প্রেক্ষাপটে কতটুকু কাজে আসতে পারে বলে মনে করেন?আমার এই অর্জন আমাদের প্রেক্ষাপটের মঞ্চনাটকের সব জায়গাই কাজে আসতে পারে, যদি আমি আমার শিক্ষাকে এখানে ভালোভাবে প্রয়োগ করার সুযোগ পাই। আমি আমার এই শিক্ষাকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে চাই, যাতে এখানে ভালো ভালো নাট্যকর্মী তৈরি হওয়ার সুযোগ পায়। তবে আমি মেয়েদের মঞ্চনাটকে আগ্রহী করে তুলতে কাজ করে যেতে চাই। মঞ্চনাটকে এ প্রজন্মের ছেলেমেয়েরা যাতে সমৃদ্ধ হতে পারে, এ জন্য আমার মঞ্চনাটকের ওপর শিক্ষাকে যথাযথভাবে প্রয়োগ করতে চাই।সম্প্রতি আপনি থিয়েটারের ওপর কর্মশালায় যোগ দিতে চীনে গিয়েছিলেন। সেখানকার অভিজ্ঞতা বলুন।বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়ের আমন্ত্রণে চীনে গিয়েছিলাম। ওখানে প্রায় ২৭ দিন ছিলাম। সেখানকার সেমিনারে বিষয়বস্তু ছিল ‘থিয়েটার সংস্কৃতি এবং অর্থনীতি’। প্রায় ১৬টি লেকচার সেমিনারে যোগ দিয়েছি। অর্থনীতির সঙ্গে শিল্পকে কীভাবে এগিয়ে নেওয়া যায়, সেসব বিষয় সেমিনারে উঠে আসে। একাধিক সেমিনারে শুধু নাটক নয়, তাদের দেশের নাচ থেকে শুরু করে সংস্কৃতির সব বিষয়ই আলোচনায় এসেছে। ১৮টি প্রদেশ ঘোরার সুযোগ হয়েছে। আমার থিয়েটার-জীবনে এ এক নতুন অভিজ্ঞতা অর্জন। আমি খুবই ভাগ্যবতী যে এ ধরনের একটি সুযোগ আমাকে বাংলাদেশ সরকার করে দিয়েছে।আপনি একসময় থিয়েটার দলের হয়ে নিয়মিত কাজ করতেন। এখন দলের বাইরে গিয়ে কাজ করছেন কেন?আমি দীর্ঘদিন থিয়েটার আরামবাগের হয়ে কাজ করেছি। ২০০২ সাল থেকে আর কোনো দলের হয়ে সরাসরি কাজ করিনি। এখন ঢাকার সব দলের সঙ্গেই কাজ করছি। আমাদের এখানে দেখা যায়, এক দলের সদস্যপদ নিয়ে কাজ করলে অন্য দলের সঙ্গে আর কাজ করা যায় না। আমার কাছে মনে হয়, এতে শিল্পের বিনিময়টা বাধাগ্রস্ত হয়। আমি ভারতে পড়ালেখার সময় দেখেছি, সেখানকার এক দলের কর্মী সহজেই অন্য দলে কাজ করতে পারেন। আমি ওখানে নিজেও একাধিক দলের হয়ে কাজ করেছি।এখন নতুন কোনো নাটকের কাজ করছেন কি?এর মধ্যে আমার তিনটি নাটক নিয়মিত মঞ্চায়ন হচ্ছে। পদাতিক নাট্যসংসদের বেদের মেয়ে, নাট্যচক্রের সাইকেলঅলা ও নাগরিক নাট্যাঙ্গন ইনস্টিটিউট অব ড্রামার ভূমধ্যসাগর। নতুন একটি বড় দলের সঙ্গে কথা চলছে। শেক্সপিয়র নিয়ে কাজ করব। আশা করছি, এ মাসের মাঝামাঝি থেকে কাজ শুরু করতে পারব। শেক্সপিয়রের কাজ তো অনেক বড় পরিসরে, তাই গবেষণারও একটা বিষয় আছে। এ কাজটি একটু অন্য রকমভাবে মঞ্চে আনতে চাই।