শিল্পের সুষমা ফুটিয়ে তুলতে 'চর্চার বিকল্প নেই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আঞ্চলিক ভাষা বলাতে কোনো দোষ নেই। তবে প্রমিত ভাষা জানা জরুরি। কারণ, সুন্দর করে কথা বলতে পারারও একটা গুরুত্ব আছে। শিল্পের সুষমা ফুটিয়ে তুলতে হলে চর্চার বিকল্প নেই। শুধু চর্চা করলেই হবে না, বুকে ধারণ করতে হবে।’
জাতীয় সংগীত ও নৃত্যকলা ভবন মিলনায়তনে আজ বিকেলে তিন দিনব্যাপী আবৃত্তি উৎসব ও কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রমিত উচ্চারণের প্রয়োজনীয়তা উল্লেখ করে এমন মন্তব্য করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। উদ্বোধনী বক্তৃতার শুরুতে নিজের শৈশবের স্মৃতিচারণ সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘আমাদের ছেলেবেলায় এমন আবৃত্তি কর্মশালা হতো না। তাই ভাগ্যেও জোটেনি। কর্মশালা ছিল, বাবা বলতেন, ‘জোরে পড়’। জোরে পড়লে তিনি মাঝে মাঝে ভুল ধরিয়ে দিতেন। আর স্কুলের পণ্ডিতমশাই ভুল ধরতেন উচ্চারণের।’
‘আমাদের কণ্ঠে বাজে সহজিয়া সুর, ধর্ম বর্ণ মিশে যায় যেখানে মানুষ’ স্লোগানে আজ বৃহস্পতিবার বিকেলে শুরু হলো তিন দিনব্যাপী আবৃত্তি উৎসব ও কর্মশালা। মূল আয়োজন ছিল শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্যকলা ও আবৃত্তি কেন্দ্রে। কিন্তু তার আগে উদ্বোধনী আয়োজন ছিল একাডেমির খোলা প্রাঙ্গণে। সেখানে আবৃত্তিশিল্পী, নাট্যকর্মী ও সংস্কৃতিকর্মীরা দাঁড়িয়ে গাইলেন জাতীয় সংগীত। জাতীয় পতাকা আর উৎসব পতাকা ওড়ালেন অনুষ্ঠানের অতিথিরা। এর পর বেলের বেলুন উড়িয়ে উদ্বোধন হয় উৎসবের।
উৎসবের উদ্বোধক ছিলেন নাট্যজন রামেন্দু মজুমদার। প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মো. আহ্বান আল্লাহ, শিল্পকলা একাডেমির মহাপরিচালক নিয়ামত আলী। সভাপতিত্বে করেন আবৃত্তিশিল্পী কাজ আরিফ।
শীতের বিকেলে মিলনায়তনে বাইরে জাতীয় সংগীত পরিবেশন ও পতাকার উড়ানোর পরেই সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শিল্পীরা পরিবেশন করে ‘সোনায় মোড়ানো বাংলা মোদের শ্মশান করেছে কে/এহিয়া তোমায় আসামির মতো জবাব দিতে হবে’ গানটি। এর পরই সংগীত, নৃত্যকলা ও আবৃত্তি কেন্দ্রে শুরু হয় আলোচনাপর্ব।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উৎসব উদ্‌যাপন পরিষদের আহ্বায়ক বেলায়েত হোসেন। এর পর মঞ্চে অতিথিদের ফুলের তোড়া ও শুভেচ্ছা স্মারক উপহার দেন অনুষ্ঠানের আয়োজকেরা।
অন্য আরেকটি অনুষ্ঠানের অংশ নেয়ার তাড়া থাকার কারণে স্বাগত বক্তব্যের পরেই উদ্বোধক রামেন্দু মজুমদার আসেন বক্তৃতা দিতে। বলেন, ‘আমাদের শিল্প চর্চার উদ্দেশ্য মুক্তিযুদ্ধের চেতনাকে শাণিত করা অঞ্চলভিত্তিক এই উৎসব ও কর্মশালা খুবই গুরুত্বপূর্ণ। এটি সুদূর প্রসারী ভূমিকা রাখবে। আবৃত্তিচর্চার মাধ্যমে কেবল নিজেদের নয়, গোটা দেশের সাংস্কৃতিক মান উন্নত হচ্ছে। তিনি কিছুদিন আগে সাবেক প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে এবং তার দলের একজন, বুদ্ধিজীবীদের নিয়ে দেওয়া বক্তব্যের নিন্দা জানান।
শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী বলেন, ‘স্বৈরাচারবিরোধী আন্দোলনে আবৃত্তিশিল্পীরা প্রমাণ করেছিলেন এ শিল্পের শক্তিমত্তাকে। সংস্কৃতিকর্মীরা সমাজের বৃদ্ধিজীবী হিসেবে ভূমিকা পালন করার সক্ষমতা রাখে বলে তিনি মন্তব্য করেন। বলেন, শিল্পীরা সব সময় আন্দোলন-সংগ্রামে ছিলেন, থাকবেনও।’
বিশেষ অতিথির বক্তৃতায় আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ জানান, দুই মাস আগে থেকেই দেশব্যাপী শুরু হয়েছিল অঞ্চলভিত্তিক আবৃত্তি উৎসব ও কর্মশালার বৃহৎ আয়োজন। মোট ৯টি অঞ্চলে ভাগ করা হয় এ উৎসবকে। ইতিমধ্যে সাতটি অঞ্চলের উৎসব শেষ হয়েছে। উৎসবে মোট এক হাজার ২০০ জন আবৃত্তিশিল্পী অংশগ্রহণ করার কথা। এর মধ্যে ৯০০ জন আবৃত্তিকার অংশগ্রহণ করেছেন। বাকিজনেরা তিনব্যাপী এ আয়োজনে অংশ নেবেন।
আলোচনাপর্বের পর শুরু হয় আবৃত্তি পরিবেশনা। দলীয় পরিবেশনায় অংশ নেন কণ্ঠশীলন, স্বরশ্রুতি, মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্র, বিশ্ব কলা কেন্দ্র, ঢাকা স্বরকল্পন, মিথস্ক্রিয়া আবৃত্তি পরিসর, চারুকণ্ঠ আবৃত্তি সংসদ, সংবৃতা আবৃত্তি চর্চা ও বিকাশ কেন্দ্রের শিল্পীরা। একক আবৃত্তি করেন কাজী মদিনা।
আজ বছরের প্রথম দিন উৎসবের দ্বিতীয় দিনে বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমি, স্বরচিত্র আবৃত্তি চর্চা ও বিকাশ কেন্দ্র, মুক্তধারা, শিল্প তীর্থ, শ্রুতিসহ বিভিন্ন সংগঠনের শিল্পীরা। একক আবৃত্তি পরিবেশন করবেন সৈয়দ হাসান ইমাম ও আশরাফুল আলম। কাল ২ জানুয়ারি উৎসবের সমাপনী দিন।