এক মোটরবাইকে ছুটছেন তিন তরুণ। তাঁদের বুকের মধ্যে লটকে আছে পিস্তল। মানুষে কাটা হাত চিবিয়ে খাচ্ছে শ্বাপদ। ছড়িয়ে আছে ক্ষতবিক্ষত দেহ। তার ওপর হেঁটে বেড়াচ্ছে টিকটিকি, তেলাপোকা। গ্রেনেডগুলো হয়ে গেছে মানুষের মুখের মতো, গণমাধ্যমে যার নাম ‘মানব-বোমা’। মাথার ওপর ঝুলে আছে সিসি ক্যামেরা। মানুষের চেহারা হয়ে গেছে পশুর মতো। এরই মধ্যে একজন দাঁড়িয়ে প্রস্রাব করছে নির্বিকার চিত্তে। চারপাশে যা হচ্ছে ইদানীং। ‘দাগ-তামাশা’ নামের প্রদর্শনীতে এসব দৃশ্যই তুলে এনেছেন দেশের স্বনামখ্যাত শিল্পী শিশির ভট্টাচার্য্য।গতকাল বৃহস্পতিবার থেকে ধানমন্ডির ঢাকা আর্ট সেন্টারে শুরু হয়েছে শিশির ভট্টাচার্য্যের একক শিল্পকর্ম প্রদর্শনী। বিকেলে বিশিষ্ট শিল্পী মুর্তজা বশীর প্রধান অতিথি হিসেবে ১০ দিনের এই প্রদর্শনীর উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন স্বনামখ্যাত শিল্প সমালোচক স্থপতি সামসুল ওয়ারেস। সভাপতিত্ব করেন বিশিষ্ট শিল্পী রফিকুন নবী। শিল্পী শিশির ভট্টাচার্য্য তাঁর প্রদর্শনীর কাজগুলো সম্পর্কে নিজের অভিমত ব্যক্ত করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিল্পী নিসার হোসেন। প্রদর্শনী চলবে ২৪ মার্চ প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত।এর আগে শিশির ভট্টাচার্য্যের একক প্রদর্শনী হয়েছিল ২০০৮ সালে। এবারের প্রদর্শনীতে ছোট-বড় মিলিয়ে কাজ আছে ২৪টি। এর মধ্যে তিনটি বড় ক্যানভাসে সাদার ওপর মোটা কালো রঙের রেখায় আঁকা। বাদবাকিগুলো আঁকা সবুজ, হালকা নীল, ধূসর, ফিকে হলুদ কাগজে কালো রঙের রেখায়। সব কটি কাজই রেখায়। শিল্পী বলছিলেন ‘রেখা মানেই “দাগ”। আবার “দাগ” শব্দটি অন্য অর্থেও ব্যবহূত হয়। কোনো ঘটনা বা দৃশ্য আমাদের মনে দাগ কেটে যায়। ব্যঞ্জনা সৃষ্টি করে। অভিঘাত সৃষ্টি করে। এ অর্থেও আমি দাগ শব্দটি ব্যবহার করতে চেয়েছি। প্রতিদিন চলমান যেসব ঘটনার মুখোমুখি হই, যেসব বিষয় সামনে আসে, সেগুলো আমার মধ্যে যে প্রতিক্রিয়া সৃষ্টি করে, তা রেখার মাধ্যমে আমার শিল্পভাষায় তুলে ধরার চেষ্টা করেছি।’প্রধান অতিথি মুর্তজা বশীর বলেছেন, শিশিরের ছবি রূপকধর্মী। সমাজ-বাস্তবতাকে ব্যক্তিগত জীবনের অনুভূতিতে জারিত করে তিনি তা প্রকাশ করেছেন রূপকের মধ্য দিয়ে। এই ছবি দৃষ্টিসুখকর নয়। কিন্তু তা দর্শকে ভাবায়। হূদয়কে আচ্ছন্ন করে রাখে।সমালোচকের বিশ্লেষণে সামসুল ওয়ারেস বলেছেন, শিশির বাংলাদেশের রাজনৈতিক কার্টুনিস্টদের মধ্যে শ্রেষ্ঠ। এই মাধ্যমেই তিনি অন্তত লেখাপড়া জানা দেশের তাবৎ মানুষের কাছে নিজেকে পরিচিত করে তুলেছেন। প্রশংসিত হয়েছেন। এই কাজগুলো কার্টুনের চেয়ে আলাদা। দীর্ঘদিনের পরিচর্যায় এই বিশেষ অঙ্কনরীতি তিনি আয়ত্ত করেছেন। এই স্বকীয়তা রয়েছে এবারের কাজেও। পটভূমিজুড়ে ছড়িয়ে থাকা নানা ধরনের অবয়বগুলো—যা অনেক সময় অবাস্তব মনে হয়, তাকে তিনি উপস্থাপন করেছেন বাস্তবের প্রেক্ষাপট সৃষ্টি করে। ছবিগুলো ইঙ্গিতময়। তাতে পরাবাস্তববাদ ও প্রকাশবাদের প্রচ্ছায়া রয়েছে।সভাপতি রফিকুন নবী বলেন, ‘দেশে যা কিছু হচ্ছে, যা আমরা ভাবছি তা শিশিরের ড্রয়িংয়ে আছে। নিজের ধরন থেকে তিনি সরে আসেননি। একধরনের দূরদর্শিতা রয়েছে এই কাজগুলোতে।’ তবে কার্টুন থেকে সরে এলে শিশির আর শিশির থাকবেন না বলেও তিনি মন্তব্য করেন।কৌতুক মেশানো বিদ্রূপের দৃষ্টিতে বাস্তবতাকে তুলে ধরেছেন শিল্পী। তাঁর সৃষ্ট অবয়বগুলো পটভূমির সঙ্গে মিশে থাকে না। মনে হয় যেন ভাসতে ভাসতে সব এক জায়গায় এসে যূথবদ্ধ হয়ে আছে। সেখানে যেমন সন্ত্রাস, নৈরাজ্য, যন্ত্রণা, বীভৎসতা আছে, তেমনি আছে নানা যন্ত্রের অনুষঙ্গ। যন্ত্রও তো এখন জীবনের অবিচ্ছেদ্য অংশ। সে কারণে তাঁর কবুতরের মুখ হয়ে যায় নাট-বল্টু খোলা স্লাইরেঞ্জের মতো। পায়ের বদলে চাকা। আবার এরই মাঝে বিপ্লবীর হাতে জ্বলে ওঠে মশাল। কারণ, প্রতিবাদও তো আছে সমাজে।কিন্তু এসবই তো শেষ কথা নয়। এর মধ্যেও আশা আছে, ভালোবাসা আছে। আনন্দের অভিব্যক্তি আছে জীবনে। ওই যে কবি আল মাহমুদ বলেছিলেন, ‘কবিতা মক্তবের মেয়ে চুল খোলা আয়েশা আক্তার’, তেমনি হাওয়ায় খোলা চুল উড়িয়ে দেওয়া তরুণীর লাবণ্যময় মুখও বাদ পড়েনি তাঁর যূথবদ্ধ জনজীবন থেকে। কিছু মজার কল্পনাও আছে। মাছের গজিয়েছে ডানা। জল থেকে সে উড়ছে আকাশে। এই সব মিলিয়েই তো জীবনের রসায়ন। বেঁচে থাকার শক্তি। ছোট্ট এক ছবিতে তিনি দেখিয়েছেন, সেই অনন্য শক্তিতেই ভর করেই দাঁড়িয়ে আছেন এক তরুণ। অবিনাশী আশার মতো তাঁর বুকের হাড়-পাঁজরগুলো পরিণত হয়েছে গুচ্ছ গুচ্ছ ফুলে ভরা এক বৃক্ষে। সব নেতিবাচকতা ছাপিয়ে ওঠা এই আশাবাদই শিশির ভট্টাচার্য্যের শিল্পের চূড়ান্ত কথা।শিশির ভট্টাচার্য্যের জন্ম ঠাকুরগাঁওয়ে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অঙ্কন ও চিত্রণ বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কাজ করছেন। তিনি এ প্রতিষ্ঠান থেকেই বিএফএ এবং ভারতের বরোদা বিশ্ববিদ্যালয় থেকে এমএফএ ডিগ্রি নিয়েছেন।