শিশু আনন্দ মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচিত্র আয়োজন। শিশুদের মনন বিকাশের এই অনুষ্ঠানমালায় একসঙ্গে যুক্ত হয়েছে আলাদা তিন পর্ব। সব মিলিয়ে রয়েছে শিশু আনন্দ মেলা, শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শনী ও শিশু নাট্য উৎসব। বাড়তি আকর্ষণ হিসেবে আছে শিশুতোষ বইমেলা। বাংলাদেশ শিশু একাডেমী আয়োজিত পাঁচ দিনব্যাপী এ বর্ণিল অনুষ্ঠানের সূচনা হলো বৃহস্পতিবার। এতে শিশু একাডেমীর প্রশিক্ষণার্থী শিক্ষার্থীদের সঙ্গে অংশ নিচ্ছে সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও শিশুতোষ সাংস্কৃতিক সংগঠন।
গতকাল বিকেলে শিশু একাডেমীর শহীদ মতিউর মুক্তমঞ্চে এই আয়োজনের উদ্বোধন করেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ। বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক সচিব তারিক-উল-ইসলাম। সভাপতিত্ব করেন একাডেমীর চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেন।
অনুষ্ঠানের সূচনা পর্বে শিশু একাডেমীর শিশুরা দলীয় সংগীত ও নৃত্য পরিবেশন করে। এরপর আলোচনা শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশগ্রহণ করে কেন্দ্রীয় খেলাঘর আসর, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা ও কিচির মিচির এবং ফরিদপুরের ফুলকি। নাটক পরিবেশন করে পিদিম থিয়েটার। শেষে শিশু একাডেমী নির্মিত শিশুতোষ চলচ্চিত্র দেখানো হয়। চলচ্চিত্রগুলো একাডেমী থেকে প্রশিক্ষণ নেওয়া শিশুনির্মাতাদের তৈরি। শিশু নাট্য উৎসবে রাজধানীর পাঁচটি এবং এর বাইরে আরও ছয়টি শিশু নাট্যদল অংশ নিচ্ছে। তাদের পরিবেশনায় মঞ্চস্থ হবে ১০টি নাটক।
পাঁচ দিনব্যাপী শিশুতোষ বইমেলায় বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির প্রায় ১৫টি প্রকাশনাপ্রতিষ্ঠান, ঢাকার ১১টি শিক্ষাপ্রতিষ্ঠান, ২৮টি শিশুসংগঠনসহ মোট ৫৮টি সংগঠন ও প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
মেলায় প্রতিদিন বেলা সাড়ে তিনটা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য খোলা থাকবে। উৎসব চলবে ২ জুন পর্যন্ত৷