শিশু আবৃত্তি উৎসব উপলক্ষে শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবিতার খই ফুটছিল যেন সবার মুখে মুখে। কেউ কারও চেয়ে কম নয়। তুখোড় বাকশিল্পী প্রত্যেকেই। স্পষ্ট উচ্চারণে আবৃত্তি করে গেল শিশু আবৃত্তিকারেরা। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের আয়োজনে ওয়াহিদুল হক জাতীয় শিশু আবৃত্তি উৎসবের গতকাল শুক্রবার ছিল দ্বিতীয় দিন। সকাল থেকেই খুদে বাকশিল্পীদের কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা প্রাঙ্গণ। তাদের হাতে হাতে ছিল বাঘ, পেঁচা, ফড়িং, শাপলা, বলাকা, রাজহাঁসের প্রতীকীসংবলিত নানা প্রকারের ফেস্টুন। এসব নিয়ে তারা অংশ নিয়েছিল আনন্দ শোভাযাত্রায়। রংবেরঙের বেলুন উড়িয়ে এই শোভাযাত্রার উদ্বোধন করেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য পবিত্র সরকার। জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের পর হয় শোভাযাত্রা। শোভাযাত্রাটি শিল্পকলা একাডেমী থেকে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন প্রদক্ষিণ করে একাডেমী প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেওয়া হাটখোলার শেরেবাংলা বালিকা বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী মালিহা আক্তার খুশিতে ডগমগ। সে বলছিল, ‘শোভাযাত্রায় অংশ নিয়ে খুব মজা লেগেছে। আমি বাঘ মামার ফেস্টুন নিয়ে ঘুরেছি। আজকে আমার খুবই আনন্দ।’ বিকেলে ছিল ঢাকার বাইরের ২১টি শিশু আবৃত্তি সংগঠনের খুদে বাকশিল্পীদের আবৃত্তি পরিবেশনা। চলে রাত নয়টা পর্যন্ত।