শিশু আবৃত্তি উৎসব শুরু
অনুষ্ঠান শুরু হতে তখনো বেশ খানিকটা সময় বাকি। শত শত শিশুর কলকাকলিতে মুখরিত শিল্পকলা একাডেমী। জাতীয় চিত্রশালা ভবনের সামনে জামগাছের তলায় সবাই উপস্থিত। সঙ্গে অভিভাবকেরাও আছেন। সবাই মিলে জাতীয় সংগীত গেয়ে শুরু হলো অনুষ্ঠান। গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তিন দিনের ‘ওয়াহিদুল হক জাতীয় শিশু আবৃত্তি উৎসব’। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের উদ্যোগে এ উৎসবের সহযোগিতায় রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী।বিকেলে উৎসবের উদ্বোধন করেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী। জাতীয় সংগীত পরিবেশনার পর আকাশে উড়িয়ে দেওয়া হলো বর্ণিল বেলুন। উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাংসদ আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি ছিলেন একাডেমীর সচিব মুসফিক আহমেদ ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো.আহ্কাম উল্লা।উৎসবে দেশের ৪২টি আবৃত্তি সংগঠনের সহস্রাধিক শিশু অংশগ্রহণ করছে। গতকাল প্রথম দিনে রাজধানী ঢাকা ও এর আশপাশের ১৩টি আবৃত্তি সংগঠন বিভিন্ন কবিতার সমন্বয়ে তাদের প্রযোজনা পরিবেশন করে। আন্তবিশ্ববিদ্যালয় নাট্যোৎসববাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) মিলনায়তনে আয়োজিত তিন দিনব্যাপী আরএফএল-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় নাট্যোৎসবের গতকাল ছিল দ্বিতীয় দিন। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তীরন্দাজ নাট্যদল পরিবেশন করে খনি। বিকেলে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ড্রামা সোসাইটি পরিবেশন করে বেঁচে থাকার গান ও মরিচটায় ঝাল বেশি। বুয়েটের শিক্ষার্থীদের নাট্য সংগঠন বুয়েট ড্রামা সোসাইটি এ উৎসবের আয়োজন করেছে। বুয়েটের শিক্ষার্থীরা ছাড়াও ঢাকা, জাহাঙ্গীরনগর, আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের শিক্ষার্থীদের বিভিন্ন নাট্য সংগঠন উৎসবে অংশ নিচ্ছে।মানবাধিকার নাট্যোৎসব ‘শিল্পে সংগ্রামে মুক্তির সংলাপ’ স্লোগান নিয়ে শুরু হয়েছে জাতীয় মানবাধিকার নাট্যোৎসব। আয়োজক মানবাধিকার নাট্য পরিষদ। গতকাল বৃহস্পতিবার বিকেলে ধানমন্ডির রবীন্দ্রসরোবরে তিন দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন নাট্যজন পীযূষ বন্দ্যোপাধ্যায়। সভাপতিত্ব করেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী। স্বাগত বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক মোতাহার আখন্দ।উদ্বোধনী পর্ব শেষে সিরাজগঞ্জ মানবাধিকার নাট্য পরিষদের নাটক জোঁক প্রদর্শনের মধ্য দিয়ে শুরু হয় নাটকের পালা। এরপর প্রদর্শিত হয় আরও ছয়টি নাটক। উৎসবের নাটকগুলোতে গণতন্ত্র, মুক্তিযুদ্ধ, নারী-পুরুষ সাম্য, যুদ্ধাপরাধের বিচার, সর্বোপরি মানবাধিকারের পক্ষে বক্তব্য তুলে ধরা হয়।আজ দ্বিতীয় উৎসবে প্রদর্শিত হবে সাতটি নাটক। আগামীকাল শেষ দিনে নাটক ছাড়াও রয়েছে গুণীজন সম্মাননা ও আলোচনা অনুষ্ঠান।কুমিল্লা থেকে শুরু হচ্ছে গণসংগীত উৎসববাঙালির অধিকার আদায়ের বিভিন্ন আন্দোলনে যেসব শিল্পী ও সংগঠনের অবদান রয়েছে, তাদের সম্মান জানাতে এবং গণসংগীতের ধারাকে পুনরুজ্জীবিত করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সহযোগিতায় গণসংগীত সমন্বয় পরিষদ গণসংগীত উৎসব আয়োজনের পরিকল্পনা করেছে। পরিষদ সারা দেশকে চারটি অঞ্চলে ভাগ করে প্রতিটি অঞ্চলে তিন দিনব্যাপী আঞ্চলিক গণসংগীত উৎসবের আয়োজন করবে। এর ধারাবাহিকতায় আজ শুক্রবার দেশের পূর্বাঞ্চল চট্টগ্রাম ও সিলেটের উৎসব শুরু হবে কুমিল্লা টাউন হল চত্বরে। উৎসব উদ্বোধন করবেন বিশিষ্ট শিল্পী অজিত রায়। গতকাল বৃহস্পতিবার দুপুরে সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে গণসংগীত সমন্বয় পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, উত্তরাঞ্চলের উৎসব শুরু হবে ৫ মে দিনাজপুরে। খুলনায় ১৯ মে শুরু হবে দক্ষিণাঞ্চলের উৎসব। মধ্যাঞ্চলের উৎসব শুরু হবে ৩ জুন ময়মনসিংহে। ঢাকায় জাতীয় গণসংগীত উৎসব শুরু হবে ২৭ জুন, কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণসংগীত সমন্বয় পরিষদের সভাপতি ফকির আলমগীরসহ সংগঠনের অন্য নেতারা।ভাওয়াইয়া অঙ্গনের বর্ষপূর্তিভাওয়াইয়া গানের প্রতিষ্ঠান ভাওয়াইয়া অঙ্গন আজ ৮ এপ্রিল পদক প্রদান ও সংগীতানুষ্ঠানের আয়োজন করেছে। শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে এ অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।