শিশু একাডেমি বইমেলা কাল থেকে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশু একাডেমীর বইমেলা শুরু হচ্ছে কাল বৃহস্পতিবার। সপ্তমবারের মতো শিশু একাডেমী আয়োজিত এ বইমেলায় শিশু একাডেমী, বাংলা একাডেমি, জাতীয় গ্রন্থ কেন্দ্রসহ শিশু-কিশোরদের প্রকাশনা আছে, এমন প্রকাশনা প্রতিষ্ঠানগুলো অংশ নেবে।
শিশু একাডেমি প্রাঙ্গণে কাল বৃহস্পতিবার বেলা ১১টায় ১১ দিনব্যাপী এ মেলার উদ্বোধন করবেন মহিলা ও শিশু প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন মহিলা ও শিশু মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এবং শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল। সভাপতিত্ব করবেন শিশু একাডেমীর চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেন।
বইমেলা উপলক্ষে একাডেমির সভাকক্ষে আজ বুধবার সকালে এক সংবাদ সম্মেলন হয়। এতে বক্তব্য দেন শিশু একাডেমীর চেয়ারম্যান সেলিনা হোসেন ও পরিচালক আনজীর লিটন।
সংবাদ সম্মেলনে সেলিনা হোসেন বলেন, ‘শিশু একাডেমীর অন্যতম লক্ষ্যই শিশুদের হাতে বই তুলে দেওয়া, শিশুদের পাঠাভ্যাস গড়ে তোলা। এই লক্ষ্য সফল বাস্তবায়নে বইমেলার গুরুত্ব অপরিসীম। জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় বইয়ের কোনো বিকল্প নেই। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কোমলমতি শিশু-কিশোরদের বই পাঠের প্রতি আগ্রহী করার লক্ষ্যে আমাদের এ মেলার আয়োজন।’
লিখিত বক্তব্যে আনজীর লিটন জানান, শিশুদের মানসিক ও সাংস্কৃতিক বিকাশসাধনের লক্ষ্যে দেশের ৬৪টি জেলা এবং ৬টি উপজেলায় কার্যক্রম চলছে। এরই ধারাবাহিকতায় শিশুদের বই পাঠে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে ২০১১ সালে প্রথমবারের মতো আয়োজিত হয় এ বইমেলা। দেশের বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান শিশু-কিশোরদের উপযোগী বই নিয়ে মেলায় অংশ নিচ্ছে। শিশুতোষ বইয়ের পাশাপাশি ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধবিষয়ক বইও থাকবে। বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান ২৫ শতাংশ কমিশনে বই বিক্রি করবে।
শিশু একাডেমির বইমেলায় কোনো রকমের পাইরেটেড বই বিক্রি করতে দেওয়া হবে না বলে জানান পরিচালক। প্রতিদিন বেলা তিনটা থেকে শুরু হয়ে মেলা চলবে রাত আটটা পর্যন্ত এবং ছুটির দিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। প্রতিদিন একাডেমির শহীদ মতিউর মুক্ত মঞ্চে থাকবে বিষয়ভিত্তিক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশ নেবেন দেশের বরেণ্য কবি-সাহিত্যিক, সাংবাদিকসহ শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ। শিশু একাডেমীসহ ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিশু সংগঠন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবে।
এবারের মেলায় প্রথমা প্রকাশন, অ্যাডর্ন, অন্যপ্রকাশ, আগামী প্রকাশনী, চন্দ্রবতী একাডেমি, পাঞ্জেরি পাবলিকেশনস, তাম্রলিপি, বাবুই, জয়তীসহ মোট ৫০টি স্বনামধন্য প্রতিষ্ঠান অংশ নেবে।