শিশু একাডেমীতে বইমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশু একাডেমী প্রাঙ্গণে আজ দুপুরে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে ছিল শিশুদের সমবেত পরিবেশনা। ছবি: প্রথম আলো
শিশু একাডেমী প্রাঙ্গণে আজ দুপুরে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে ছিল শিশুদের সমবেত পরিবেশনা। ছবি: প্রথম আলো

স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশু একাডেমীতে শুরু হয়েছে বইমেলা।

আজ শুক্রবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নয় দিনের মেলার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। শিশু একাডেমী আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ওসমান গনি, অগ্রণী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান জায়েদ বখ্ত। আয়োজক প্রতিষ্ঠানের পরিচালক মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিশু একাডেমী বইমেলা কমিটির সদস্যসচিব রেজিনা আক্তার।
আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য শিশুদের মেধা বিকাশের কাজের গুরুত্ব দিতে হবে। কারণ, বঙ্গবন্ধু বিশ্বাস করতেন, শিশুরাই আগামীর নেতৃত্ব দেবে, বাংলাদেশকে সুখী সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলবে।’
ইমদাদুল হক মিলন বলেন, ‘প্রতিটি শিশুর হাতে বই তুলে দিতে হবে। এতে তাদের বইয়ের প্রতি আগ্রহ বাড়বে। বইয়ের প্রতি আগ্রহই একটি শিশুকে আগামীর যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলবে।’
অগ্রণী ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সহযোগিতায় বাংলাদেশ শিশু একাডেমী বইমেলায় ৫০টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত এবং ছুটির দিনগুলোতে বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য বইমেলা উন্মুক্ত থাকবে। মেলা চলবে ২৬ মার্চ পর্যন্ত।
এ ছাড়া প্রতিদিন বিকেলে থাকবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিশু-কিশোরদের সাংস্কৃতিক অনুষ্ঠান মুক্তিযুদ্ধের গল্প, কবিতা আবৃত্তি, নৃত্যনাট্য, নৃত্য-সংগীত, পাপেট শো, ত্রি-মাত্রিক শো ও মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী।