শিশু একাডেমীতে সিসিমপুর মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃষ্টি শিশুদের ঘরে আটকে রাখতে পারেনি। তাদের পদচারণে মুখরিত শিশু একাডেমী প্রাঙ্গণ। কেউ এসেছেন মায়ের হাত ধরে, কেউ বাবার, কারও কারও সঙ্গে আছেন দুজনই। উপলক্ষ, ‘পৃথিবীটা দেখছি প্রতিদিন শিখছি’ স্লোগান নিয়ে শুরু হওয়া সিসিমপুর মেলায় যোগ দেওয়া। এখানে দুই দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল-ইসলাম। বিশেষ অতিথি ছিলেন একাডেমীর পরিচালক ফালগুনী হামিদ। মেলায় শিশুদের জন্য ছিল ‘সিসিমপুর’, জাদু ও বায়োস্কোপ প্রদর্শনীসহ নানারকম খেলার আয়োজন। আরও ছিল ছবি আঁকা ও প্রাঙ্গণে রাখা বিশাল বোর্ডে সাপলুডু খেলার ব্যবস্থা। এসব নিয়ে পরম আনন্দে মেতে উঠেছিল শহুরে শিশুরা। শিশুদের জন্য মেলার অন্যতম আকর্ষণ ছিল সিসিমপুরের দুই প্রিয় চরিত্র হালুম ও টুকটুকির উপস্থিতি। তাদের সঙ্গে শিশুরা শুভেচ্ছা বিনিময় করে, একসঙ্গে ছবি তোলে।