
পথিক বড্ড তৃষ্ণায় কাতর হয়ে জিজ্ঞাসা করলেন, ‘মশাই, একটু জল পাই কোথায়, বলতে পারেন?’ উত্তরদাতা চটজলদি উত্তর দিলেন, ‘জলপাই এখন কোথায় পাবেন? এ তো জলপাইয়ের সময় নয়। কাঁচা আম নিতে চান দিতে পারি...।’ বোঝার ভুলে ঠাঠা রোদে একবুক তৃষ্ণা নিয়ে পথিককে রাস্তায় ঘুরতে হয় পানির জন্য। সুকুমার রায়ের এই অবাক জলপান নাটকে পথিককে জল পান করতে শেষ অবধি নানা বিড়ম্বনায় পড়তে হয়েছিল সেদিন। গতকাল নাটকটি দেখে হেসে কুটি কুটি শিশু একাডেমীর মিলনায়তনের শিশুরা।
খুদে শিল্পীদের অংশগ্রহণে অবাক জলপান নাটকটি নতুন করে মঞ্চে নিয়ে এল বাংলাদেশ শিশু একাডেমীর তত্ত্বাবধানে গঠিত শিশু একাডেমী থিয়েটার। শিশুদের মাঝে নাট্যচর্চা ছড়িয়ে দেওয়ার অভিপ্রায় থেকেই গড়ে উঠেছে দলটি। দলের প্রথম প্রযোজনাটি নির্মিত হয়েছে সুকুমার রায়ের অবাক জলপান নাটক অবলম্বনে। নাটকটির নির্দেশনা দিয়েছেন মাসুদ রানা। সোমবার সন্ধ্যায় শিশু একাডেমী মিলনায়তনে প্রযোজনাটির উদ্বোধনী মঞ্চায়ন হয়।
অবাক জলপান নাটকের উদ্বোধনী মঞ্চায়নের আনুষ্ঠানিকতায় প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ। বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম। শিশু একাডেমীর চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন একাডেমীর পরিচালক আনজীর লিটন। শুভেচ্ছা বক্তব্য দেন রামেন্দু মজুমদার, মাসুম রেজা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অধ্যাপক ইসরাফিল শাহীন।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ শিশু একাডেমী প্রকাশিত সুকুমার রায় নির্বাচিত শিশুসাহিত্য দ্বিতীয় খণ্ড বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
প্রযোজনাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাদমান সারার জায়ান, ইয়ারির ইবনে আমিন, জান্নাতুল ফেরদৌস মীম, ওয়ামিয়া বিনতে ফারুক জিদনী, সৈয়দা নাবিলা হক, আবরার তাসিন প্রমুখ। অনুষ্ঠানে তবলায় লহরি পরিবেশন করে শিশু একাডেমীর প্রশিক্ষণার্থী শিশুরা।
সারা দেশে শাখা অফিসগুলোর মাধ্যমে শিশু নাট্যকর্মীদের আমন্ত্রণ জানানো হয়। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১১ ফেব্রুয়ারি প্রথম পর্যায়ে ১১০ জন শিশু নির্বাচন করা হয়। ইসরাফিল শাহীনের পরিচালনায় ছয় সদস্যবিশিষ্ট একটি নির্বাচন কমিটি গঠন করা হয়। এই কমিটির সব সদস্যই নাট্যকলা বিভাগের শিক্ষক।