শিশু একাডেমীতে 'নবান্ন উৎসব'

অগ্রহায়ণের প্রথম দিনে গ্রামে নতুন কাটা আমন ধানের চাল দিয়ে আয়োজন করা হয় ‘নবান্ন উৎসব’। গ্রাম বাংলার সেই ঐতিহ্য থেকে নাগরিক ঢাকার শিশুরা বঞ্চিত। তাই বাংলাদেশ শিশু একাডেমী আজ একাডেমী প্রাঙ্গণে আয়োজন করেছিল উৎসবটি।
বিকাল ৩টায় একাডেমীর শহীদ মতিউর মুক্তমঞ্চে উৎসবটি উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। স্বাগত বক্তব্য দেন শিশু একাডেমীর পরিচালক মোশাররফ হোসেন। সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম।
‘পায়ে পায়ে সোনার নূপুর, ঢেঁকির নাচন সকাল দুপুর’ গানের সঙ্গে দলীয় নৃত্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। নানা ধরনের পিঠা খেয়ে অতিথিরা নবান্ন উৎসবের উদ্বোধন করেন।
এরপর লোকনৃত্য, লোকসংগীত ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ী শিশুদের পুরস্কার দেওয়া হয়। বাংলাদেশ শিশু একাডেমী ও আজিমপুর শিশু বিকাশ কেন্দ্রের শিশুশিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। এ ছাড়া ছিল বুলবুল ললিতকলা একাডেমী, ঘাসফুল ও শেখ রাসেল শিশু সংসদের সাংস্কৃতিক পরিবেশনা। সবশেষে সংগীত পরিবেশন করে ক্ষুদে গানরাজের মারজিত মহারাজা।