শিশু একাডেমীর ১৫ দিনের শোক কর্মসূচি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকীতে ১৫ দিনের জাতীয় শোক দিবস পালন করবে শিশু একাডেমী। শোকের মাস আগস্টের প্রথম দিনেই শুরু হয়েছে তাদের কার্যক্রম। আজ সোমবার বিকেলে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধবিষয়ক আলোকচিত্র ও পুস্তক প্রদর্শনীর মধ্য দিয়ে শুরু হয় শোক দিবসের এ কর্মসূচি।
আজ বিকেলে বাংলাদেশ শিশু একাডেমীর শেখ রাসেল মুক্তমঞ্চ ও একাডেমী মিলনায়তনের বারান্দায় প্রধান অতিথি হিসেবে প্রদর্শনী উদ্বোধন করেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ, বিশেষ অতিথি ছিলেন একই মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম। শিশু একাডেমীর চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন একাডেমীর পরিচালক মোশাররফ হোসেন।
জাতীয় শোক দিবসের ১৫ দিনের কর্মসূচি
৪ আগস্ট একাডেমীর প্রশাসনিক ভবনের নিচতলায় সংগীত প্রতিযোগিতা। ৫ আগস্ট বঙ্গবন্ধুকে নিয়ে গল্প বলার আসর সভাকক্ষ ও প্রশাসনিক ভবনের নিচতলায়। ৬ আগস্ট শিশুগ্রন্থ ভবনের চতুর্থতলায় আবৃত্তি প্রতিযোগিতা, ১১ আগস্ট শিশুগ্রন্থ ভবনের দ্বিতীয় তলায় রচনা প্রতিযোগিতা। ১২ আগস্ট সকাল ১০টায় শিশুদের নিয়ে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন ও বেলা সাড়ে তিনটায় একাডেমী প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। ১৩ আগস্ট সভাকক্ষ প্রশাসনিক ভবনের নিচতলায় উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা। ১৪ আগস্ট একাডেমীর মিলনায়তনে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধবিষয়ক পুস্তক প্রদর্শনী। ১৫ আগস্ট শোক দিবসে সকাল সাড়ে সাতটায় একাডেমীর পরিচালকের নেতৃত্বে ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন করবেন একাডেমীর কর্মকর্তা, কর্মচারী, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী শিশুরা। ওই দিন বিকেল চারটায় একাডেমী মিলনায়তনে মিলাদ ও দোয়া মাহফিল ও ১৮ আগস্ট বিকেল পাঁচটায় আলোচনা ও পুরস্কার বিতরণসহ বিশেষ অনুষ্ঠান।
আজ জাতীয় শোক দিবসের ১৫ দিনের কর্মসূচি উদ্বোধনের সময় মেহের আফরোজ বঙ্গবন্ধু সম্পর্কে শিশুদের জানার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে তিনি ঘুরে ঘুরে আলোকচিত্রগুলো দেখেন।