শিশু চলচ্চিত্র উৎসবে খুদে দর্শকদের ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেন্দ্রীয় গণগ্রন্থাগার মিলনায়তনে শিশুদের দল গতকাল দুপুরে এসেছিল আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উত্সবে ছবি দেখতে  ছবি: প্রথম আলো
কেন্দ্রীয় গণগ্রন্থাগার মিলনায়তনে শিশুদের দল গতকাল দুপুরে এসেছিল আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উত্সবে ছবি দেখতে ছবি: প্রথম আলো

মন ভরিয়ে দেওয়ার মতো দৃশ্য। একদল শিশু পরস্পর কাঁধে হাত দিয়ে সারি বেঁধে দাঁড়িয়ে আছে। রাজধানীর নানা শিক্ষাপ্রতিষ্ঠানের পোশাক তাদের গায়ে। কয়েকজন স্বেচ্ছাসেবক বেশ দক্ষতার সঙ্গে নিয়ন্ত্রণ করছেন সবকিছু। কোথাও কোনো বিশৃঙ্খলা নেই। দৃশ্যটি ছিল গতকাল সোমবার দুপুরে কেন্দ্রীয় গণগ্রন্থাগার চত্বরে। আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে ছবি দেখতে এসেছিল তারা। ছবি দেখার পাশাপাশি তারা খেলাধুলায় মেতে ওঠে শিশুসুলভ উচ্ছলতায়।
চিলড্রেনস ফিল্ম সোসাইটি আয়োজিত এই উৎসবের তৃতীয় দিন ছিল গতকাল। এদিন কেন্দ্রীয় গণগ্রন্থাগার, আলিয়ঁস ফ্রঁসেজের ধানমন্ডি ও উত্তরা শাখা এবং সোবহানবাগে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ১০টি দেশের ৪২টি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে।
গণগ্রন্থাগারে বেলা ১১টার প্রদর্শনীতে ছিল বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জোছনাময়ী তুমি, অ্যান্ড অব লাইন, রেভল্যুশন, দ্য কোইনসিডেন্স, লস্ট ইন দ্য পাস্ট, মিসরীয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হু এম আই ইত্যাদি। ঢাকার চারটি স্কুলের শিক্ষার্থীরা গতকাল এ ভেন্যুতে বিভিন্ন দেশের চলচ্চিত্র উপভোগ করেছে।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রদর্শিত হয়েছে ইন্দোনেশিয়ান চলচ্চিত্র গরুড় দ্য দাদাকু, নেদারল্যান্ডসের এনোর অ্যান্ড দ্য মুন, চিনের দ্য ড্রিমস অব জিনশা, ফিনল্যান্ডের শ্যালপা, বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বি হিউম্যান, বি ব্লাইন্ড, টেক মি হোম, অ্যান আইডিয়া ইত্যাদি। আলিয়ঁস ফ্রঁসেজের ধানমন্ডি ও উত্তরার দুটি শাখায় প্রদর্শিত হয়েছে চিনের মাই ওয়াইফ ইজ এ ক্যাট, ফ্রান্সের লেস কন্তেস ইত্যাদি।