শিশু চলচ্চিত্র উৎসবে ৩৫টি দেশের দেড় শতাধিক চলচ্চিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে ৩৫টি দেশের দেড় শতাধিক শিশুতোষ চলচ্চিত্র। এবার এই উৎসব হবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, বরিশাল ও রংপুরে। আর চলচ্চিত্রের প্রদর্শনী হবে সারা দেশের ১২টি স্থানে। আগামী ১ মার্চ শুরু হচ্ছে এই উৎসব। চলবে ৭ মার্চ পর্যন্ত। ঢাকায় মূল উৎসবকেন্দ্র কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তন। উৎসব আয়োজন করেছে চিলড্রেন’স ফিল্ম সোসাইটি বাংলাদেশ।
উৎসব পরিচালক মোরশেদুল ইসলাম জানান, এবার উৎসবের অন্যতম আকর্ষণ ‘বাংলাদেশি শিশুদের নির্মিত চলচ্চিত্র নিয়ে প্রতিযোগিতা’ বিভাগটি। এই বিভাগে নির্বাচিত ৩৩টি ছবি প্রদর্শন করা হবে। পাঁচটি ছবি পাবে পুরস্কার। পুরস্কার হিসেবে থাকছে ক্রেস্ট, সনদ ও আর্থিক প্রণোদনা। পুরস্কারের জন্য গঠিত পাঁচ সদস্যের জুরিবোর্ডের সবাই শিশু। শিশুরাই বাছাই করবে শ্রেষ্ঠ ছবিগুলো। ৬ মার্চ কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সেমিনারকক্ষে হবে দুটি সেমিনার। প্রথমটি, ‘ছোটদের জন্য চলচ্চিত্র নির্মাণ: বন্ধ্যত্ব ঘুচছে না কেন?’ দ্বিতীয়টি, ‘শিশুদের ওপর দৃশ্য মাধ্যমের প্রভাব’। উৎসবের সব প্রদর্শনী অভিভাবকসহ শিশুদের জন্য উন্মুক্ত থাকবে।