শিশু চলচ্চিত্র উৎসবে ৪০ দেশের ২৩৩টি চলচ্চিত্র
‘ফ্রেমে ফ্রেমে আগামীর স্বপ্ন’ স্লোগান নিয়ে ২২ জানুয়ারি শুরু হচ্ছে চতুর্থ আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। বাংলাদেশ চিল্ড্রেন ফিল্ম সোসাইটি আয়োজিত সপ্তাহব্যাপী এ উৎসবে ৪০টি দেশের ২৩৩টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এবারের উৎসবে ১৪টি ভেন্যুতে চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে। এর মধ্যে ঢাকায় নয়টি, চট্টগ্রামে তিনটি এবং রাজশাহীতে দুটি। যাদের বয়স আঠারোর মধ্যে, প্রবেশমূল্য ছাড়াই তারা ছবি দেখতে পারবে।বরাবরের মতো এবারও থাকছে শিশুদের নির্মিত চলচ্চিত্রের প্রতিযোগিতা বিভাগ। এতে ৯৮টি চলচ্চিত্র জমা পড়েছে। পুরস্কৃত করা হবে পাঁচটিকে। দেওয়া হবে ক্রেস্ট, সার্টিফিকেট ও পরবর্তী ছবি নির্মাণের জন্য ২৫ হাজার টাকা।গতকাল শনিবার দুপুরে মুক্তিযুদ্ধ জাদুঘরে বাংলাদেশ চিল্ড্রেন ফিল্ম সোসাইটি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উৎসবের পরিচালক চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শিল্পী মুস্তাফা মনোয়ার, মুহম্মদ জাফর ইকবাল, ইয়াসমিন হক, মুনিরা মোরশেদ প্রমুখ।