শিশু চলচ্চিত্র উৎসবে 'দ্য কিড'

গতকাল মঙ্গলবার শুরু হয়েছে ‘দশম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব’। উৎসবে আজ বুধবার দেখানো হবে আর্জেন্টিনার চলচ্চিত্র ‘দ্য কিড’। ঢাকার শাহবাগের গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে সন্ধ্যা ছয়টায় দেখানো হবে চলচ্চিত্রটি। আর্জেন্টিনার এ চলচ্চিত্রটি তৈরি করেছেন সার্জি মাজ্জা।
ছবিতে দেখা যাবে গঞ্জালো নামের ১০ বছরের এক শিশুর গল্প। যার মায়ের মৃত্যুতে তার ওপর ছোট বোনের দায়িত্ব পড়ে। গঞ্জালো আশপাশে একটি বাড়ির খোঁজ করে। তার খোঁজাখুঁজির সময় সে শুনতে পায় এক ভ্রমণকারীর কথা, একটি ভেঙে যাওয়া বিয়ে আর এক পুরোনো পানশালার মালিকের কথা। এই দৃশ্যপট এমন এক গল্পের, যা ঘুরে বেড়ায় প্রেম, আঘাত, পরিবার আর প্রত্যাশার সবদিকে।
এ ছাড়া বেলা দুইটায় শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে দেখানো হবে ভারতের ‘মার্বেলস’, ইরানের ‘কপার ওয়্যার’, বেলারুশের ‘স্প্রিং ইন অটাম’, চীনের ‘মিডনাইট’, আমেরিকার ‘ফলো মি’, আলজেরিয়ার ‘টুডে টুমরো’, ইরানের ‘আর সলিউশন’, বুলগেরিয়ার ‘দ্য সন’, ও চীনের ‘হোম সুইম’ ছবিগুলো।
‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’ স্লোগান নিয়ে এ উৎসব চলবে ঢাকাসহ রাজশাহী ও রংপুরে ৩০ জানুয়ারি পর্যন্ত। ঢাকায় শওকত ওসমান স্মৃতি মিলনায়তন ছাড়াও ছবি দেখা যাবে আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা, জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তন, গ্যোটে ইনস্টিটিউট, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। উৎসবটির সঙ্গে যুক্ত আছে শিশু-কিশোরদের প্রিয় সাময়িকী ‘কিশোর আলো’।